আয়ু ১০ বছর বাড়াতে তিনটি করণীয়
আয়ু ১০ বছর বাড়াতে চান? তাহলে খুব বেশি নয়, মাত্র তিনটি সাধারণ নিয়ম মেনে চলতে হবে আপনাকে। আর সেই স্বাস্থ্যকর জীবনযাপনের ফলে আপনার অনুভূতি হবে এমন, যেন বয়সই কমে গেছে ১০ বছর। সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসব কথা জানিয়েছেন।
গবেষক দলের প্রধান ইভা মার্টিন-ডিয়েনার বলেন, তাঁরা স্বাস্থ্যকর জীবনধারার জন্য বিভিন্ন ধরনের অভ্যাসের একটি সহজবোধ্য তালিকা তৈরি করেছেন। ভবিষ্যতে নিশ্চয়ই চিকিৎসকেরা এটি অনুসরণের জন্য রোগীদের পরামর্শ দেবেন।
মার্টিন-ডিয়েনার ও তাঁর সহযোগীরা ১৬ হাজার ৭২১ জন বয়স্ক ব্যক্তির ওপর গবেষণা চালান এবং ধূমপান, শারীরিক ব্যায়াম ও ফলমূল খাওয়ার অভ্যাস পরিবর্তনের ভিত্তিতে তাঁদের আরও ১০ বছর বেঁচে থাকার সম্ভাব্যতা যাচাই করেন। ধূমপান ও অ্যালকোহলে আসক্ত, পরিশ্রমবিমুখ ও ফলমূলের প্রতি অনাগ্রহী একজন ৭৫ বছর বয়সী ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তাঁর আরও একদশক বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৩৫ শতাংশ। কিন্তু একই বয়সী অপর এক ব্যক্তির ক্ষেত্রে, যিনি সব ধরনের নেশাদ্রব্য বর্জন করেন এবং পরিশ্রমী ও ফলমূল খেতে পছন্দ করেন, সেই সম্ভাবনা ৬৭ শতাংশ।
সংশ্লিষ্ট গবেষক ব্রায়ান মার্টিন বলেন, ধূমপান ও অ্যালকোহলে আসক্তি এবং অস্বাস্থ্যকর ও পরিশ্রমবিমুখ জীবনযাপনে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী মানুষের ওপর খুব ক্ষতিকর প্রভাব না পড়লেও ৬৫ ও তার চেয়ে বেশি বয়সী মানুষ এ ধরনের জীবনযাপনে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। সূত্র: সানডে এক্সপ্রেস।