
আবৃত্তিশিল্পী আয়েশা হকের কণ্ঠশৈলী ও শুদ্ধ উচ্চারণ এবং সুনির্বাচিত কবিতা এই তিনের রসায়নেই অনন্য এক আবৃত্তিসন্ধ্যা উপহার পেল দর্শক। ১১ এপ্রিল সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে’ শিরোনামে অনুষ্ঠিত একক আবৃত্তি অনুষ্ঠানে বরাবরের মতো দর্শকদের মুগ্ধ করলেন আয়েশা। এই আবৃত্তিসন্ধ্যার আয়োজন করে সোশ্যাল এডুকেশন রিসার্চ অ্যান্ড কালচারাল সেন্টার।
আসরে ১৬টি কবিতা আবৃত্তি করে শোনান আয়েশা। আবৃত্তির তালিকায় ছিল সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, সুবোধ সরকারের অনুবাদ কবিতা, জয় গোস্বামীর ‘মেঘ বালিকার জন্য রূপকথা’, সব্যসাচী দেবের ‘কৃষ্ণা’, মল্লিকা সেন গুপ্তার ‘কন্যাশ্লোক’, জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’, শঙ্খ ঘোষের ‘যমুনাবতী’, হুমায়ুন আজাদের ‘শুভেচ্ছা’, জ্যোতির্ময় নন্দীর ‘গান গাও ও সারেঙ্গীওয়ালা’, রাশেদ রউফের ‘আমার স্পর্ধা, আমার অহংকার’ এবং কাজী নজরুল ইসলামের ‘যদি আর বাঁশি না বাজে’।
আবৃত্তিসন্ধ্যা উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, ‘আবৃত্তির মধ্য দিয়ে আমরা বারবার কবিতার কাছে ফিরে আসি। কোনো কোনো শিল্পী আবৃত্তিকে শিল্পের মর্যাদায় উন্নীত করেছেন।’ তিনি নতুন প্রজন্মকে আবৃত্তি সাধনায় যোগ দেওয়ারও আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ আনোয়ারা আলম। বক্তব্য দেন অধ্যাপক মাহবুবুল হক, কলামিস্ট সাখাওয়াত হোসেন, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, এবং অধ্যক্ষ তহুরীন সবুর।