আয়েশি আহার
‘একটু আয়েশ করে খেতে এলাম...!’ বলছিলেন শিরিনা তাহমিন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সদ্য চাকরি পাওয়ায় শিরিনা তাঁর বন্ধুবান্ধব নিয়ে এসেছেন। সঙ্গে আছেন পরিবারের সদস্যরাও। পাশ থেকে শিরিনার ভাবি বলেন, ‘বাইরে খেতে হলে পরিবেশটাই হচ্ছে আসল। পরিবেশ ভালো হলে আয়েশ করে খাওয়াটা চলে। আজকাল এ দুটোর সমন্বয় খুব একটা পাওয়া যায় না।’ এই রেস্তোরাঁর নাম চিকেন হাট। সিলেট নগরে রয়েছে এর চারটি শাখা। ব্যস্ততার মধ্যে যাঁরা পরিবারের সবাইকে নিয়ে বাইরে কোথাও খেতে চান, তাঁদের ভিড়টা জমে চিকেন হাটে। দুপুর, বিকেল আর সন্ধ্যারাত—এ তিন বেলায় শিক্ষার্থী আর পেশাজীবী মানুষের ভিড় দেখা যায়। রাতে বেশির ভাগ আসেন বড় পরিবার নিয়ে। সবার মনে খাবারদাবারে পরিতৃপ্তির মতো শোনায় ‘আয়েশ’ প্রসঙ্গ। সে আয়েশে যুক্ত হতে চলেছে তথ্যপ্রযুক্তির সেবাও।নয়া সড়ক সিলেট নগরের ব্যস্ত সড়কগুলোর একটি। নগরের কেন্দ্রস্থল চৌহাট্টা-জিন্দাবাজার-আম্বরখানা মোড়ের সঙ্গে সম্পর্কিত নয়া সড়ক। এই সড়কে পোশাক-আশাকের অনেক দোকান থাকায় মানুষের যাতায়াতের ধরনও অনেকটা পারিবারিক। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ওই সড়কজুড়ে থাকে পারিবারিক আমেজ। কিছু কেনাকাটার শুরু কিংবা শেষ করে খাবারের টানে চিকেন হাটের দিকে পা বাড়াতে হয়।সড়ক থেকেই কাচঘেরা ভেতরের পরিবেশ দেখা যায়। দেখতে বেশ ফাঁকা ফাঁকা লাগে। এই খোলামেলা ভাবটাই আকৃষ্ট করে। হাঁকডাকের আগেই খাবারের মেন্যু মেলে ধরা আর পছন্দের খাবার পরিবেশন করার সময়—এ দুটোতেই তাদের স্বতন্ত্র বৈশিষ্ট ফুটে ওঠে। বিকেলে একদল বন্ধুকে নিয়ে খেতে খেতে রয়েল পাল বলেন, ‘টেবিলে বসার পরও যখন কেউ এসে জিজ্ঞেস করে না কী লাগবে, অথবা অর্ডার দেওয়ার পর ১০ মিনিট বলে যখন ত্রিশ মিনিট পার হয়ে যায়, তখন খাবারের রুচি শেষ হওয়ার উপক্রম হয়। আমি একবার না, দলবল নিয়ে অনেকবার এখানে এসেছি। এখানে এমন কখনো হয় না।’ এ তো গেল আয়েশ আর পরিবেশের বর্ণনা। এ দুটোর জন্য কোনো দাম দিতে হয় না। খাবারদাবারে তো দাম দিতে হয়। এবার দামের দিকে একটু নজর দেওয়া যাক। চিকেন হাটে নিয়মিত যান এ রকম কয়েকজন ক্রেতা জানালেন, দামের দিকেও চিকেন হাটে রয়েছে তুলনামূলক সাশ্রয়। মানও ভালো। সচরাচর দেখা যায়, ফাস্ট ফুড বা রেস্তোরাঁগুলোর অন্দরে প্রবেশ ক্রেতা-দর্শনার্থীর জন্য যাতায়াত সংরক্ষিত থাকে। চিকেন হাটের রন্ধনশালা যেন সবার জন্য উন্মুক্ত। সিলেটে চিকেন হাটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভির আহমেদ বলেন, ‘আমরা কী খাচ্ছি, কী খাওয়াচ্ছি—এ বিষয়টি জানাতে আমাদের কোনো বিধিনিষেধ নেই। নয়া সড়কে চিকেন হাটের যাত্রা শুরু ২০০৭ সালে। ওই সময় থেকে এখন পর্যন্ত যত ভেজালবিরোধী অভিযান হয়েছে, কোনোটাতেই চিকেন হাটের খাবারের মানে কোনো ত্রুটি ধরা পড়েনি। বরং খাবারের মান ও তৈরির পদ্ধতি প্রশংসা কুড়িয়েছে।’ চিকেন হাটের পরিবেশক দপ্তর থেকে জানা গেল, সর্বনিম্ন ৪০ টাকা থেকে সর্বোচ্চ ৪০০ টাকার মধ্যে রয়েছে খাবারের বিভিন্ন আইটেম। চিকেন, কাবাব ও ড্রিংক—এ তিন রকমের খাবারের মধ্যে চিকেন হাটে নিজস্ব ৫৭ পদের খাবার রয়েছে। এর মধ্যে ‘ইন্ডিয়ান তন্দুরি চিকেন উইথ নান’ এবং ‘চিকেন ললিপপ’ সিলেটে সবচেয়ে বেশি জনপ্রিয়। নয়া সড়কের চিকেন হাটে মোট ৫২ জন কর্মীর মধ্যে পালা করে ছয়জন নিয়মিত পরিবেশনের মধ্যে থাকেন। বাকিরা থাকেন সার্বিক বিষয়ে দেখভাল করার কাজে। অন্দর থেকে প্রবেশমুখ পর্যন্ত থাকে এ নজরদারি। এ সতর্কতা থেকে ভালো ভালো খাবারের সঙ্গে যুক্ত হয়েছে ‘আয়েশ’।খাবারদাবারে এই আয়েশ আরও পরিপূর্ণ করতে চিকেন হাটে চালু করা হচ্ছে ‘ওয়াইফাই’। ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী ১ জুলাই থেকে খাবার-দাবারের সঙ্গে তথ্যপ্রযুক্তির এই সেবা চালু হওয়ার কথা। সিলেট নগরে এটিই হবে প্রথম এ ধরনের সেবাযুক্ত রেস্তোরাঁ।