আয়েশে মোড়া
ঘরে আসবাবের রকমফের থাকুক—এমনটা যেকোনো মানুষ পছন্দ করেন। বসার ঘরের ফোমে আঁটা ভারী সোফা আর ডিভান তো আছেই, তবে এটাই কি যথেষ্ট? কিছুটা বৈচিত্র্য আনতে ভারী আসবাবের পাশেই বসাতে পারেন ছোট কোনো মোড়া কিংবা টুলজাতীয় আসন। আবার শোবার ঘরের বিছানা অথবা জানালার পাশে একটা মোড়া কিংবা টুলের মতো কোনো আসন থাকলে কিন্তু মন্দ হয় না। আকাশটা দেখা যাবে আরাম করে বসেই।ছোট সোনামণির টেবিল-চেয়ার তো আছেই, তার পরও তারা এগুলোয় বসতে চায় না। তাই তাদের জন্য ভাঁজ করা ছোট চেয়ার কিংবা মোড়া আলাদা করে রাখতে পারেন।বিকেল অথবা সন্ধ্যায় যখন ক্লান্তি ভর করে, তখন মনটা চায় একটু ভিন্ন জায়গায় নিরিবিলি বসে নিজেকে একটু চাঙা করে নিতে। তাই ঝুলবারান্দা, ছাদ কিংবা ছোট পরিসরের বাগানে বসেন। তখন আয়েশ করে বসার জন্য আসনটা হওয়া চাই আরামদায়ক। সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নিচু মোড়া, টুল অথবা ভাঁজ করা যায় এমন চেয়ার, যা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়, আবার দেখতেও নান্দনিক লাগে।আড়ংয়ের বিপণন কর্মকর্তা তাসনিম হোসেন বলেন, ঘরের অনেক আসবাবের মধ্যে কিছুটা ভিন্নতা আনতেই ছোট টুল, মোড়া কিংবা অপেক্ষাকৃত নিচু ভাঁজ করা চেয়ার রাখা যেতে পারে। অনেকে এটাকে আবার ঘরের ডেকোরেশন পিস হিসেবে ব্যবহার করতে পারেন। একটা কিংবা একাধিক মোড়া রাখলেও মন্দ দেখায় না। তবে একের অধিক হলে সামনে আলাদা একটা ছোট টেবিল ব্যবহার করা যেতে পারে। আড়ংয়ে মিলবে কাঠের টুল, আবার বেতের মোড়াও পাওয়া যাবে। এখানেই শেষ নয়, আছে ভাঁজ করা নিচু চেয়ারও। কেনা যাবে ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে।ফ্যাশন হাউস যাত্রায় মিলবে গাড়ির টায়ারের মোড়া। কিছুটা ভিন্ন আদলেই বানানো এই মোড়া দেখতেও নান্দনিক। আবার কাঠের সঙ্গে মোটা রশির বুননের টুলও পাওয়া যাবে যাত্রায়। কেনা যাবে ২৫০০ থেকে ২৯০০ টাকার মধ্যে। গুলশান-২-এর এথনিকায় পাওয়া যাবে হোগলাপাতার বুননের গোলাকার ও চারকোনা মোড়া। কেনা যাবে ৪০০ থেকে এক হাজার টাকার মধ্যে।তবে যাঁরা ফরমাশ দিয়ে মোড়া বানিয়ে নিতে চান, তাঁরা যেতে পারেন পান্থপথের বেতের দোকানে। এখানে সিলেট কেইন ক্র্যাফটের স্বত্বাধিকারী আতাবুর রহমান বলেন, বেতের ঐতিহ্য চির-অমলিন। সাধারণত সিলেট থেকে মোটা ও চিকন বেত এনে মোড়া বানানো হয়। অপেক্ষাকৃত মোটা বেত দিয়ে বানানো ডিম্বাকৃতির কদু মোড়ার দাম পড়বে ৭০০ টাকা। এ ছাড়া মায়ানমার থেকে আনা মোটা বেত দিয়ে বানানো হয় নিচু রিং মোড়া। দাম পড়বে ১১০০ টাকা। সিলেটের চিকন বেত দিয়ে কারুকাজ করা উঁচু মোড়া বানানো হয়। এর দাম পড়বে ২১০০ টাকা। আবার চিকন বেত দিয়ে ঢোলক আকৃতির মোড়াও বানানো হয়। এর নাম ঢুল মোড়া। বানাতে খরচ পড়বে দুই হাজার টাকা। তবে চার পিসের সেট হিসেবে কিনলে খরচ কিছুটা কম পড়ে বলে জানান তিনি।