আয়োজনটা শিশুর জন্য

মাত্র কিছুদিন হয়েছে ফিরোজ আর শায়লার প্রথম সন্তান শায়ানের জন্ম হলো। শায়ানের জন্য মা–বাবার নানা পরিকল্পনার শেষ নেই। এটা লাগবে, ওটা লাগবে করে করে হুলুস্থুল অবস্থা! শেষমেশ দুজনের মাথায়ই বুদ্ধি এল, আরে, বাড়ির পাশেই তো সুপারশপ। সেখানে কী না পাওয়া যায়! এবার তাঁরা নিশ্চিন্ত। বাবুর জন্য যা লাগছে, তা-ই পেয়ে যাচ্ছেন ওই সুপারশপে; শিশুদের খাবার থেকে শুরু করে বিশেষ প্রসাধনীও।
একেক দোকান থেকে একেক জিনিস কিনতে সময় আর শক্তি দুইয়েরই অপচয় হয়। আর তাই ভোক্তাদের কষ্ট কমিয়ে দিতে কিছু উদ্যোক্তা আমাদের দেশে এই সুপারশপগুলো চালু করেন। এখন অনেক মা–বাবাই শিশুদের জন্য সবচেয়ে ভালো মানের পণ্যগুলোর জন্য সুপারশপকেই বেছে নেন। এ প্রসঙ্গে আগোরার ধানমন্ডি আউটলেটের ব্যবস্থাপক এ টি এম মতিউল কাইয়ুম বলেন, শিশুদের জন্য যেকোনো পণ্য ব্যবহার করা যেহেতু সব মা–বাবার জন্যই একটি স্পর্শকাতর বিষয়, তাই তাঁরা চান তাঁদের সন্তানদের সবচেয়ে ভালো জিনিসটাই দিতে। এ জন্যই তাঁরা আগোরার মতো সুপারশপগুলোর ওপর ভরসা করেন।
কী পাওয়া যায়
বিভিন্ন বয়সী শিশুদের জন্য খাবার ও প্রসাধনী ছাড়াও বিভিন্ন রকম ও ব্র্যান্ডের পণ্য রয়েছে এই সুপারশপগুলোয়৷ দুধ ছাড়াও আছে গম, আপেল, চেরি, দুধ, চাল, মধু কিংবা সবজির সেরেলাক; আরও আছে কাস্টার্ড, কর্নফ্লেক্স। একটু বড় শিশুদের জন্য আছে হরলিকস, ওভালটিনের মতো বিভিন্ন ব্র্যান্ডের ফুড ড্রিংক। লোশন, সাবান, শ্যাম্পু, তেল ছাড়াও আছে গোসলের জন্য বেবি মিল্ক বা ক্লিনজার, শিশুদের ত্বকের র্যা শ দূর করতে ন্যাপি কেয়ার ক্রিম, ভেজা টিস্যু বা ওয়াইপার আর আছে হ্যান্ড ওয়াশ। রয়েছে দুধের বোতল পরিষ্কারের জন্য বিশেষ ব্রাশ ও তরল সাবান, শিশুদের কাপড় পরিষ্কারের জন্য বিশেষ ডিটারজেন্ট, বিভিন্ন ব্র্যান্ডের ডায়াপার, ফিডার, টিফিন বক্স, পানির বোতল, ফুড সেট ইত্যাদি। অতিপ্রয়োজনীয় এসব পণ্য ছাড়াও পাওয়া যাবে চকলেট, চিপস, আইসক্রিম কিংবা খেলনা।
দরদাম
কাস্টার্ড ১৬০ থেকে ১৮০ টাকা, দুধ ও সেরেলাক ৪৩৫ থেকে ১২০০ টাকা, ফুড ড্রিংক ২১০ থেকে ৯২০ টাকা, ডায়াপার ১৫০ থেকে ২৮৫০ টাকা, ফিডার ২০০ থেকে ৪২৭ টাকা, ডিটারজেন্ট ৪৩০ টাকা, বোতল ও নিপল ক্লিনজার ৩০৫ থেকে ৩১৫ টাকা, টুথব্রাশ ১৫০ টাকা, নিপল ৩০ থেকে ২৪০ টাকা, বোতল ধোয়ার ব্রাশ ২২০ টাকা, পাউডার কেস ৩৪৫ টাকা, মশারি ৬১৫ টাকা, ফুড সেট ৫৫৫ টাকা, টিফিন বক্স ২০০ থেকে ৬০০ টাকা, পানির বোতল ১৮০ থেকে ৩৭৫ টাকা, দুই দিকে হাতলসহ কাপ ১৩৪ থেকে ২৩০ টাকা, বেবি বাথ বা ক্লিনজার ১৫৫ থেকে ৫৩২ টাকা, শ্যাম্পু ১৮০ থেকে ৫৬৮ টাকা, অ্যান্টি মস্কিউটো লোশন ৫৬৯ টাকা, হেয়ার অয়েল ২১০ থেকে ৩৫০ টাকা, বেবি অয়েল ৩৪৫ থেকে ৪৪৫ টাকা, সাবান ৫৫ থেকে ৭৮ টাকা, ক্রিম ১৩৫ থেকে ৪৭৫ টাকা, হ্যান্ড ওয়াশ ২৫০ টাকা, ন্যাপি কেয়ার ক্রিম ৫৮০ টাকা, টুথপেস্ট ৭৫ থেকে ৩০৯ টাকা, ওয়াইপার ১৮০ থেকে ৪৭৫ টাকা। কেউ নবজাতকের জন্য গিফট বক্স কিনতে চাইলে দাম পড়বে ৬১০ থেকে ১০৫০ টাকা। একসঙ্গে সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম সব পাওয়া যাবে এই বাক্সে।