আয়োজনে ঐতিহ্য উন্মাদনায় ভাটা
চট্টগ্রামে বিশ্বকাপকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সৌন্দর্যবর্ধনের কাজও প্রায় শেষ পর্যায়ে। আর এসব কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে। নগরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান। চট্টগ্রামবাসী ভীষণ অতিথিপরায়ণ। দেশি-বিদেশি ক্রিকেটারদেরও তাই সাদরে বরণ করে নেওয়া হচ্ছে সেভাবে। আয়োজন করা হয়েছে লালগালিচা সংবর্ধনার। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লজ্জাজনক পরাজয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল এখন চট্টগ্রামে। আগামীকাল সোমবার ইংল্যান্ড দলের চট্টগ্রাম আসার কথা রয়েছে। ১১ মার্চ তাদের সঙ্গে খেলা। এরপর ১৪ মার্চ স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডের বিপক্ষে। নেদারল্যান্ড চট্টগ্রামে পৌঁছাবে ১১ মার্চ । বিমানবন্দরে ক্রিকেটারদের লালগালিচা সংবর্ধনা দেবে সিটি করপোরেশন। তাঁদের স্বাগত জানাবেন সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম। এ সময় ক্রিকেটারদের চট্টগ্রাম নগরের স্মারকচাবি উপহার দেবেন তিনি। দলগুলোকে নগরের পথে পথে বাজনা বাজিয়ে, ফুল দিয়ে অভ্যর্থনা জানানোরও পরিকল্পনা করছে সিটি করপোরেশন। আজ বাংলাদেশ দলকেও এমন অভ্যর্থনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, ‘বিমানবন্দরে খেলোয়াড়দের হাতে চাবি তুলে দেবেন মেয়র। এ ছাড়া সিটি করপোরেশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ের গার্লস গাইড ও স্কাউট দলের মাধ্যমে নগরের পাঁচটি স্থানে খেলোয়াড়দের অভ্যর্থনা জানানো হবে।’এদিকে বিমানবন্দরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান বসানো হয়েছে। তাতে করা হয়েছে নানা রকম নকশা। এ ছাড়া নগরের জামালখান মোড়ের গোলচত্বরেও বসানো হয়েছে কারুকাজ করা তিনটি সাম্পান। আলোকসজ্জার জন্য সিঙ্গাপুর থেকে আকর্ষণীয় ঝাড়বাতিও আনা হচ্ছে। এ ছাড়া বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা উড়বে অলিগলিতে। এদিকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আঙিনা সেজে উঠছে ফুলে ফুলে। সেখানে ফুলের বাগান করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের। তাঁরা স্টেডিয়াম সীমানার ভেতরে গাঁদা, সূর্যমুখীসহ নানা ফুলগাছ রোপণ করছেন। ফুলসহ তুলে নিয়ে এসব গাছ সেখানে লাগানো হয়। ফুলগাছ লাগানো হয়েছে স্টেডিয়াম-সংলগ্ন সাগরিকা সড়কেও। রাস্তাটির মাঝখানে এবং দুই পাশের আইল্যান্ডে ফুলের গাছগুলো লাগানো হচ্ছে। উন্মাদনায় ভাটা: আয়ারল্যান্ডের সঙ্গে রুদ্ধশ্বাস জয়ের পর চট্টগ্রামে সমর্থকদের পালে নতুন হাওয়া লেগেছিল। উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে পরাজয়ের পর ঝিমিয়ে পড়া সমর্থকেরা আবার জেগে উঠেছিল। এই জয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা জাগিয়েছিলেন টাইগারেরা। তাই সেদিন রাতের নীরবতা ভেঙে জেগে উঠেছিল পুরো নগর। রাস্তার মোড়ে মোড়ে বসানো বড় পর্দার (জায়ান্ট স্ক্রিন) সামনে ছিল উপচে পড়া ভিড়। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লজ্জাজনক পরাজয়ে সেটা ম্লান হয়ে গেছে অনেকটা। অনেক আশায় বুকবাঁধা স্বাগতিক দর্শকেরা চরম হতাশ। রেকর্ড ৫৮ রানে অলআউটের পর সমর্থকদের সেই উন্মাদনা এখন আর নেই। হতাশ সমর্থকেরা এমন পরাজয় মেনে নিতে পারছেন না। তবে এর মাঝেও যেন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন চট্টগ্রামের দর্শকেরা। সামনের দুটি ম্যাচ যে তাঁদের নিজ শহরেই। এখানে যদি ভালো করে বাংলাদেশ, তবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েও যাবে সাকিবের দল।এমন স্বপ্ন সফল করতে হলে চট্টগ্রামে জিততেই হবে টাইগারদের। আর জয় পেতে হলে তৈরি হতে হবে দর্শকদেরও। কারণ তাঁদের সমর্থন বাংলাদেশ দলের একটা বড় শক্তি।