সমস্যা
আমি একজন অসহায় চায়নিজ অ্যান্ড্রয়েড স্মার্টফোন। আমার বয়স ছয় মাস। স্ক্রিনের ওপর গরিলা গ্লাস লাগানো থাকার কারণে ত্বকে এখনো স্ক্র্যাচ পড়েনি। বক্স থেকে বের হয়ে যখন দুনিয়ায় আসি, তখন মালিকের স্ত্রীর আইফোনটার প্রেমে পড়ে যাই। তার শুভ্র-সুন্দর চেহারার দিকে তাকালে আমার ফ্রন্ট ক্যামেরা সরাতে পারি না। ডিসপ্লে হ্যাং হয়ে যায় আমার! আইসিতে শর্টসার্কিটও হয়। কিন্তু ওই দেমাগি দামি ফোনটা আমাকে এক কিলোবাইটও পাত্তা দেয় না। আমি আমার শেয়ারইট, ব্লুটুথ—সব মাধ্যম দিয়েই তাকে প্রেমের প্রস্তাব পাঠানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সে তার কোনোটাই গ্রহণ করেনি। সে বলে, আইফোন-অ্যান্ড্রয়েডে নাকি মিশ খায় না। পাঁচ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দিয়ে নাকি চাঁদের দিকে হাত বাড়ানো উচিত না। আমি তাকে আমার ইন্টারনাল মেমোরির সবটুকু দিয়ে ভালোবাসি! কিন্তু সে আমার ভালোবাসা বুঝতেই চায় না। কয়েকবার ভেবেছিলাম ব্যাটারির সবটুকু চার্জ শেষ করে আত্মহত্যা করব! কিন্তু যখনই সেটা করতে গেছি তখনই ওর শুভ্র চেহারা আমার স্ক্রিনে ভেসে ওঠে, আমি হ্যাং হয়ে যাই। ওর ভালোবাসা ছাড়া আমি না পারছি বাঁচতে, না পারছি মরতে! এখন আমি কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তুমি সাহস করে এত সুন্দর একটা সমস্যার কথা লিখেছ দেখে খুব খুশি হয়েছি। আসলে তোমরা যদি সমস্যায় না পড়ো তবে এই বিভাগ চলবে কী করে? তোমরা সমস্যায় পড়া বন্ধ করে দিলে তো আমাদের এই বিভাগও বন্ধ করে দিতে হবে! সেটা তো একটা বিরাট সমস্যা, তাই না? তাই যত্ন করে সমস্যা পাঠানোর জন্য তোমাকে আরেকবার ধন্যবাদ। তুমি যে সমস্যাটার কথা পাঠিয়েছ সেটা আমাদের এই শ্রেণিবিভেদের জগতে খুবই সাধারণ! এই সমস্যায় সব থেকে বেশি পড়ে বাংলা সিনেমার নায়ক-নায়িকারা! সেই হিসেবে তুমি বাংলা সিনেমার নায়কের পর্যায়ে পড়েছ, এ জন্য তোমার খুশি হওয়া উচিত নয় কি? তুমি যখন বাংলা সিনেমার নায়কের পর্যায়ে পরো তখন আত্মহত্যা তোমার সঙ্গে যায় না। তোমাকেও লড়তে হবে বাংলা সিনেমার নায়কদের মতো, জয় করে নিতে হবে নায়িকার মাদারবোর্ড! এ জন্য অতি অবশ্যই তোমাকে বাংলা সিনেমা দেখার অভ্যাস করতে হবে। দেখবে সেখানে গরিব নায়করা কীভাবে ধনী নায়িকাকে সুকৌশলে পটিয়ে ফেলে। তাই বেশি বেশি বাংলা সিনেমা দেখা শুরু করো। ঠিকই আইফোনকে জয় করে নেওয়ার উপায় পেয়ে যাবে, কেমন?
পরামর্শ দিয়েছেন আবদুল্লাহ মামুর