ই-এশিয়ার পর এবার ডিজিটাল ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা দুনিয়ার প্রযুক্তির নানা সুবিধার বিষয় নিয়ে আলোচনা, আমাদের দেশের প্রযুক্তি খাতের বিষয়গুলো তুলে ধরা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে প্রযুক্তি জগতে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া যায়। সারা বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সাধারণ মানুষের জীবনমানের ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এসব তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মকাণ্ডের বর্তমান অবস্থাটা জানা জরুরি। আর স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড ও অগ্রগতিবিষয়ক নানা আয়োজনের মধ্য দিয়ে আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় হতে যাচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এ সম্মেলনের উদ্বোধন করবেন।‘সমৃদ্ধির জন্য জ্ঞান’—প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এ আয়োজনে থাকছে পৃথিবীর বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশের আইসিটি খাতের নানা বিষয়।পাশাপাশি দেখা যাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তিগত বিভিন্ন সেবা ও কর্মকাণ্ড।থাকছে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ের ওপর সেমিনার, কর্মশালা, ক্যাম্প, উদ্যোক্তাদের নিয়ে আয়োজন।ই-সেবার তুলে ধরার সঙ্গে নানা অভিজ্ঞতা বিনিময়ের আয়োজনও থাকবে ডিজিটালওয়ার্ল্ডে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ সম্মেলনের আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এর সহ-আয়োজক।ই-এশিয়া থেকে ডিজিটাল ওয়ার্ল্ডতথ্যপ্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ই-এশিয়া শীর্ষক এশিয়ার অন্যতম বৃহৎ আইসিটি আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি ছাড়াও ছিল তরুণদের অংশগ্রহণ। তরুণদের সঙ্গে কথা বলতে এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে এসেছিলেন বিভিন্ন দেশের বরেণ্য তথ্যপ্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা। তবে ই-এশিয়া একটি ভারতীয় প্রতিষ্ঠানের নিয়মিত আয়োজন এবং সেবার বাংলাদেশ ছিল ই-এশিয়ার আয়োজক দেশ। এবার বাংলাদেশ সরকার নিজেরাই এই আয়োজন করছে। আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান এ প্রসঙ্গে বলেন, ‘এটি হলো শেখা ও শেখানো, জানা ও জানানো, দেখা ও দেখানোর আয়োজন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর ক্ষেত্রে বিগত বছরগুলোয় আমাদের সফলতা এখানে যেমন তুলে ধরতে পারব, তেমনি অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে নিজেদের ঋদ্ধ করে তুলব। তরুণদের অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ হবে আন্তর্জাতিক উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে।’গত বছরের ই-এশিয়া থেকে এবার ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২। ই-এশিয়াতে অনুষ্ঠিত বেশ কিছু আয়োজনের ধারাবাহিকতা এবার ডিজিটাল ওয়ার্ল্ডেও থাকবে। সম্ভাবনাময় ফ্রিল্যান্স আউটসোর্সিং, তথ্যপ্রযুক্তির বিশ্ব বাজার, ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার নানা বিষয় ইত্যাদি। থাকবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবা সম্প্রসারণ, মানসম্মত শিক্ষার বিস্তার নিয়ে সেমিনার ও আলোচনা। এ ছাড়া এবারের আয়োজনে বাড়তি থাকছে বেশ কিছু নতুন আয়োজন। এসবের মধ্যে রয়েছে ডিজিটাল কন্টেন্ট ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের প্রদর্শনী, ডিজিটাল প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের জন্য সম্মেলন, ক্লাউড ক্যাম্পসহ নানা আয়োজন। আর এসব আয়োজনে অংশ নেবেন দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা।ক্লাউড ক্যাম্পএবারের ডিজিটাল ওয়ার্ল্ডে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাউড ক্যাম্প (www.cloudcamp.org)। তরুণ ও তথপ্রযুক্তি পেশাজীবীদের ক্লাউড কম্পিউটিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন দেশ ও শহরে নিয়মিত এ ক্যাম্পের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউড ক্যাম্পের সহযোগিতায় ক্যাম্পে ক্লাউড কম্পিউটিংয়ের নানা রকম তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এ ক্যাম্পে অংশ নিতে আসবেন অনলাইন প্রতিষ্ঠান গ্যাজলের প্রতিষ্ঠাতা আদিত্য ওয়াতাল, ডেলের ওপেন স্টেক প্রকল্পের স্থপতি জুড মার্টিল, ক্লাউড নিরাপত্তা বিশেষজ্ঞ লেনি জেল্টস, ভার্চুস্ট্রিমের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রুভেন কোহেনসহ অনেকে। ৬ ডিসেম্বর একটি সেমিনারে তুলে ধরা হবে ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন দিক এবং ৭ ডিসেম্বর ক্লাউড ক্যাম্পে ওপেন স্টেক, বিগ ডেটা, ক্লাউড নিরাপত্তা, মোবাইল অ্যাপলিকেশন ইত্যাদি সম্পর্কে আলোচনা হবে। ক্যাম্পে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের রেজিস্ট্রেশন চলছে।উদ্যোক্তা সম্মেলনশুধুই তথ্যপ্রযুক্তির সুবিধাগুলো ব্যবহারই শেষ কথা নয়, এর মাধ্যমে উদ্যোক্তা তৈরির কাজটাও জরুরি। আর তাই আইসিটিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে ডিজিটাল ওয়ার্ল্ডে থাকছে উদ্যোক্তা সম্মেলন। ‘ডিজিটাল উদ্যোক্তা সম্মেলন’ শীর্ষক এ আয়োজনে থাকবে সফল উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ স্থাপন, ব্যবসা পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ, আইসিটিভিত্তিক নতুন পণ্য বা সেবা চালুর ঘোষণাসহ নানা আয়োজন। সম্মেলনের একটি পর্বে নতুন উদ্যোক্তাদের বিকাশের প্রধান তিনটি ধাপ উদ্ভাবন, পরিচর্যা ও বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এ সম্মেলনে পাঁচ শতাধিক উদ্যোক্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। উদ্যোক্তা সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বিজনেস ইনকিউবেশন অ্যাসোসিয়েশনের পরিচালক টম স্ট্রোডথবেক, স্পার্কলাইন অ্যানালাইটিক্সের প্রতিষ্ঠাতা ভিনোজ ভিজেয় কুমারসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা।ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্মেলন২০১১ সালের ই-এশিয়াতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং-বিষয়ক সম্মেলন। এতে দেশের তরুণ ফ্রিল্যান্সাররা অংশ নেন। এরই ধারাবাহিকতায় এবার ডিজিটাল ওয়ার্ল্ডে রয়েছে ফ্রিল্যান্সিং সম্মেলন। এতে দেশীয় বিশেষজ্ঞ ও ফ্রিল্যান্সারদের সঙ্গে বিদেশি তথ্য প্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সিং-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ৭ ডিসেম্বরের দিনব্যাপী এ আয়োজনের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে দেশীয় ফ্রিল্যান্সারদের পথনির্দেশনা, উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান। এতে আগামী দিনের ফ্রিল্যান্স আউটসোর্সিং, জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সঙ্গে পরিচয় এবং ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা হওয়ার নানা বিষয় প্রাধান্য পাবে। দেশের ফ্রিল্যান্সারদের উৎসাহ ও সহযোগিতা প্রদানের জন্য সেখানে উপস্থিত থাকবেন জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডট কমের ভাইস প্রেসিডেন্ট (প্রকৌশল) ডেভিড হ্যারিসন, ইল্যান্স ডট কমের ভাইস প্রেসিডেন্ট জেটিল ওলসেন ও পরিচালক (বিপণন) অ্যালেক্স ইয়োনম, ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটপ্লেস অপারেশন) ম্যাট কুপারসহ অনেকে। থাকবেন বেসিস নির্বাচিত বর্ষসেরা ফ্রিল্যান্সাররা।আরও যা সেমিনার ও কর্মশালা ছাড়াও বিশ্ববিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য রয়েছে দুটি বিশেষ আয়োজন। শিশুদের অংশগ্রহণে থাকবে ‘চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ড’ নামের একটি বিশেষ অনুষ্ঠান। তথ্যপ্রযুক্তির ব্যবহারে নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা রোধে তথ্যপ্রযুক্তির ব্যবহারবিষয়ক আন্তর্জাতিক প্রচারণা ‘টেক ব্যাক দ্য টেক’-এরও যাত্রা শুরু হবে এখান থেকে। বাংলাদেশ গুগলের একটি বিশেষ সেবার কার্যক্রমের উদ্বোধন হবে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২-এ।সেমিনার ও কর্মশালার পাশাপাশি তিন দিনের এ আয়োজনে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা ও পণ্যসামগ্রী প্রদর্শন করবে। মেলার নানা বিষয়ে জানা যাবে www.digitalworld.org.bd ঠিকানায়। দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বিসিএস, বেসিস, আইএসপিএবি, বাকো ও এমটব এ আয়োজনে সহযোগিতা করছে। এ ছাড়া বিআইজেএফ, অ্যাসোসিয়েশন অব প্রোগ্রেসিভ কমিউনিকেশন, ক্লাউড ক্যাম্পসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশীদার হিসেবে কাজ করছে।