ই-মেইল
অফিসে ফয়সালের ডেস্কটা একেবারেই জানালার কাছে। খানিকটা ফুরসত মেলায় জানালার কাছে দাঁড়িয়ে নিবিষ্ট মনে সে রাস্তার ব্যস্ত গাড়িগুলোকে দেখছে, আর ভাবছে নিজের জীবনের কথা। গাড়িগুলোর মতোই তার জীবনটা ক্রমশ যান্ত্রিক হয়ে উঠছে। ‘অবসর’ শব্দটা তার জীবনের অভিধান থেকে কবে যে উঠে গেছে, তা নিজেও বলতে পারে না।পেশাগত জীবনে ফয়সাল আহমেদ একটি জাতীয় দৈনিকের ‘সাহিত্য’ বিভাগের সাব-এডিটর হিসেবে কাজ করছে। এ বিভাগের একটি উপবিভাগ আছে, যেখানে প্রতি সপ্তাহে পাঠকের লেখা ছোটগল্প ছাপা হয়। পাঠকের জন্য বরাদ্দ রাখা এ বিভাগটি সাধারণত ফয়সালই দেখে। পত্রিকা অফিসে কাজ করতে তার খারাপ লাগে না, বরং সে উপভোগই করে। কিন্তু সমস্যা একটাই, অফিসে ছুটিছাটা তেমন নেই বললেই চলে। এতে করে মাঝেমধ্যে সে ভীষণ হাঁপিয়ে ওঠে। তখন তাঁর কাছে জীবনটা মনে হয় লবণহীন তরকারি, যেমনটা এখন লাগছে।হঠাৎ বিভাগীয় সম্পাদক তারেক ভাইয়ের ডাকে তার সংবিৎ ফেরে। ‘ফয়সাল, এ সংখ্যার লেখা কুইক রেডি করে ফেল। পাতা মেকআপে নিতে হবে।’ রাস্তার গাড়িগুলো থেকে চোখ ঘুরিয়ে আবার যান্ত্রিক জীবনে ফিরে আসে ফয়সাল। এ সপ্তাহে পাঠকের ভালো কোনো লেখা এল কি না, দেখতে ই-মেইল চেক করতে বসে সে। মেইলের ইনবক্সের ওপরের দিকেই রাজীবের পাঠানো মেইলটি দেখতে পায় ফয়সাল। মেইলটির সময়-তারিখ দেখে বোঝা যায়, এটি কিছুক্ষণ আগেই পাঠানো হয়েছে।রাজীব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ বিভাগে প্রায়ই লেখা পাঠায়। দারুণ প্রতিভাবান ছেলে। লেখার হাত ভীষণ ভালো। তার লেখা উপেক্ষা করা খুবই কঠিন। লেখার সূত্র ধরেই ফয়সালের সঙ্গে রাজীবের পরিচয়। সময়-সুযোগ পেলেই ফয়সালের অফিসে চলে আসে রাজীব। ফয়সাল কী মনে করে রাজীবের মেইলটা ডাউনলোড করেই পড়তে থাকে। রাজীব গল্পের নাম দিয়েছে ‘ই-মেইল’। ফয়সাল গল্পটির যত গভীরে যায়, ততই তার চোখ কপালে ওঠে। কারণ, গল্পটার মূল চরিত্রের সঙ্গে তার বর্তমান জীবন হুবহু মিলে যেতে থাকে। গল্পের শুরুটা এ রকম—‘অফিসে ফয়সালের ডেস্কটা একেবারেই জানালার কাছে। খানিকটা ফুরসত মেলায় জানালার কাছে দাঁড়িয়ে নিবিষ্ট মনে রাস্তার ব্যস্ত গাড়িগুলোকে দেখছে, আর ভাবছে নিজের জীবনের কথা। গাড়িগুলোর মতোই তার জীবনটা যান্ত্রিক হয়ে উঠেছে...।’ঠিক এ মুহূর্তেই অফিসের বিদ্যুৎ চলে যায়। সঙ্গে সঙ্গে ফয়সালের কম্পিউটারটিও বন্ধ হয়ে যায়। জেনারেটরের বিদ্যুৎ সংযোগ আসতেও মিনিট দু-এক সময় লাগবে। ফয়সাল সময়টুকু কাজে লাগাতে রাজীবকে ফোন দেয়। রাজীবের সঙ্গে বেশ কিছুদিন কথা হয় না তার।মুঠোফোনে কল দেওয়ার কিছুক্ষণ পর রাজীবের ফোনটা ভারী গলার কেউ একজন ধরে।—হ্যালো রাজীব?কোনো কথা বা সাড়াশব্দ মিলল না ওপাশ থেকে। ফয়সাল একটু জোরালো কণ্ঠে আবার জিজ্ঞেস করল——রাজীব, তুমি কি শুনতে পাচ্ছো?—আমি রাজীবের বাবা বলছি।—চাচা, স্লামালাইকুম। রাজীব কি আশপাশে আছে?কথাটায় বোধ হয় ভীষণ ধাক্কা খেলেন তিনি। ধরা গলায় বললেন, ‘রাজীব তো নেই বাবা। সপ্তাহ খানেক আগে বাড়ির কাছেই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা...’ কথা শেষ করতে পারেন না তিনি। এর মধ্যে কলটি কেটে যায়।অদ্ভুত এক গোলকধাঁধায় পড়ে যায় ফয়সাল। ঠিক এ সময় অফিসের বিদ্যুৎ চলে আসে। ফয়সাল ব্যস্ত হয়ে মেইলটি আবার চেক করতে শুরু করে। মেইলটা আর ইনবক্সে নেই! অনেক খোঁজাখুঁজি করা হলো। কিন্তু মেইলটি কিছুতেই আর খুঁজে পাওয়া গেল না। সবাই এটিকে হেলুসিনেশন কিংবা কম্পিউটারের সমস্যা বলে চালিয়ে দিতে চাইলেও ফয়সালের কাছে ব্যাপারটি অমীমাংসিত রহস্যই হয়ে রইল। রানা আব্বাসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।