ই-মেইল অথবা...
বন্ধু সাজ্জাদকে নিয়ে বের হয়েছি সিনেমা দেখতে। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে দুটি টিকিট চাইলাম। মেশিন থেকে চিরচির শব্দে টিকিট বের হওয়ার আগে লোকটা জিজ্ঞেস করলেন, ভাই ই-মেইল আছে?
স্বাভাবিক! ডিজিটাল যুগ। নতুন কোনো সিনেমা এলে কিংবা বিভিন্ন তথ্য জানাতে এটা তো খুবই ভালো উদ্যোগ। শুভ পরিবর্তনের ছোঁয়া চারপাশে। আবেগপ্রবণ চোখে তাঁকে বললাম, জি ভাইয়া আছে। টাকা পরিশোধ করে টিকিট নিলাম, কিন্তু ই-মেইল ঠিকানা আর চাইলেন না তিনি। অবাক হলাম, কিন্তু ভেবে নিলাম, নিয়মটা যেহেতু নতুন শুরু হয়েছে, তাই পুরোপুরি হয়তো আয়ত্তে আসেনি। আবেগপ্রবণ চোখে এখন ক্ষমাসুন্দর দৃষ্টি। সব আনুষ্ঠানিকতা শেষে যখন সিটে বসব, তখন দেখি পুরো সিনেমা হল প্রায় ফাঁকা কিন্তু আমাদের সিট দুটো একদম কোনায়। তখনই হঠাৎ মনে হলো লোকটা আসলে আমাকে কী বলতে চেয়েছিলেন? ভাই সঙ্গে ‘ফিমেল’ কেউ আছে?
ফাহাদ বিন মজিদ, মিরপুর, ঢাকা