আমার মা ইঁদুর নামের প্রাণীটিকে দুই চোখে দেখতে পারেন না। বাসায় যত রকমের পোকামাকড়ই আসুক, মা সেসব ঝাড়ু দিয়ে পিটিয়ে অনায়াসেই ঘায়েল করতে পারেন। কিন্তু ইঁদুর দেখলেই ফিট! আমার ছোট মামা যখন ছোট ছিলেন, মানে এইট-নাইনে পড়তেন, তখন নাকি আমার নানাবাড়িতে ইঁদুরের উপদ্রব হয়েছিল। বাসার কেউ যখন কিছুই করতে পারল না, তখন মামা যেন কীভাবে একটা পলিথিনে একটা ইঁদুরকে আটকে ফেললেন। বাড়ির সবাই বলল, খুব দূরে গিয়ে ওটাকে মেরে ফেলতে। ছোট মামা ফিরে এসে বললেন, ইঁদুরটাকে তিনি দূরে নিয়ে ছেড়ে দিয়ে এসেছেন। তার কারণ, ইঁদুরটা নাকি তার দিকে এমনভাবে ছলছল চোখে তাকিয়েছিল যে তিনি মায়ায় পড়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন! অবশ্য সেদিন মাঝরাতেই ছাদ থেকে ঝোলানো একটা বাল্ব পড়ে ভেঙে গেল। সকালে পরীক্ষা-নিরীক্ষা করে সবাই ধারণা করল, ইঁদুরটা ছেড়ে দেওয়ার প্রতিদান হিসেবে ফিরে এসে বাল্বের তারটা একটু কেটে দিয়েছে!
আমার নানুর কাছ থেকে মা ইঁদুরভীতি পেলেও তাঁর কাছ থেকে এ জিনিস আমার ছোট বোনটা পায়নি। বরং তার আছে ব্যাপক ইঁদুরপ্রীতি! কোনো এক কার্টুনে না মুভিতে কী দেখেছে, আমাকে এসে বলল, ‘ভাইয়া, আমাকে একটা সাদা রঙের ইঁদুর এনে দেবে? আমি পালব।’
সম্ভবত মাকে বলে বকা খেয়েছে, তাই আমার কাছে আবদার এনেছে। আমার বকা খাওয়ার কোনো ইচ্ছা হলো না। আবার ছোট বোনটার ইঁদুরের মতো ছোট ছোট চোখ দেখে মানাও করতে পারলাম না। তাই বাসা থেকে বের হয়ে গলির চায়ের দোকানটায় চলে গেলাম।
দূর থেকেই দেখলাম, চায়ের দোকানে শাফকাত বিমর্ষ হয়ে বসে আছে। শুনেছি, সম্প্রতি ফারিয়ার সঙ্গে ওর ব্রেকআপ হয়ে গেছে। এত দিনের সম্পর্ক ওদের, হঠাৎ কী করে কী হলো কিছুই জানি না। ভাবলাম, কাছে গিয়ে খোঁজখবর নেব। উল্টো সে-ই আমার খবর করে দিল! বলল, ‘দোস্ত, তোর কাছে ইঁদুর মারার বিষ হবে?’
আমি হতভম্ব হয়ে বললাম, ‘কী বলিস তুই! সামান্য একটা কারণে তুই সুইসাইড করবি?’
শাফকাত আমার দিকে বড় বড় চোখে তাকাল। আমি ওকে হঠাৎ জীবনের মূল্য বোঝানো শুরু করলাম। চায়ের দোকানের মামাও চা বানানো বন্ধ করে ওকে অনুপ্রেরণামূলক লেকচার দিতে লাগলেন। প্রায় আধা ঘণ্টা দুজনে পালাক্রমে লেকচার দেওয়ার পর যখন মনে হলো ও কিছুটা বুঝেছে, তখন থামলাম। শাফকাত ছোট করে বলল, ‘আসলে হয়েছে কি, আমাদের বাসায় হঠাৎ ইঁদুরের উপদ্রব হয়েছে। আর ফারিয়া ইঁদুর ঘেন্না করে তো, ও বলেছে ইঁদুর দূর না করলে আর আমার সাথে কথা বলবে না...।’
নিজের কাছেই মনে হলো, আমার চেহারাটা কিছুটা ইঁদুরের মতো হয়ে গেল। ওই অবস্থাতেই বললাম, ‘ইঁদুর ধরার কল বা মারার বিষ দুটোই আছে বাসায়, নিয়ে যাস কোনো এক সময়।’