আমাদের এই যুগটা বিশ্বায়নের, অর্থাৎ বৈশ্বিক সম্পৃক্ততার। ঘরে বসে যেমন ইন্টারনেটের মাধ্যমে বিশ্বটা ঘুরে আসা যায়, তেমনি ঘরে বসে বিশ্বব্যাপী বাণিজ্য করা যায়, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাওয়া যায়, বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে মতবিনিময় করা যায়। বাংলাদেশের মানুষ এখন সারা বিশ্বে চাকরি করছে; অভিবাসী হয়ে জীবন যাপন করছে। এই যে এত কর্মযজ্ঞ, যার মাত্রা বাড়বে বৈ কমবে না, তা নিষ্পন্ন হয় কোন ভাষায়, এ প্রশ্ন উঠতেই পারে। এর উত্তরে যাওয়ার আগে দেশের ভেতরেই চোখ ফেরাই। এই যে এত ব্যাংক, বহুজাতিক কোম্পানি, এনজিও—যারা হাজার হাজার তরুণকে জীবিকার একটা সুযোগ করে দিচ্ছে, এরা কোন ভাষায় কাজ সম্পাদন করে? উত্তরটা সহজ—ইংরেজি। বিশ্বায়নের যুগে প্রবল এক আগ্রাসী ভূমিকায় নেমেছে ইংরেজি। যে জাতির ইংরেজিতে যত দক্ষতা, তত তার উন্নতির সম্ভাবনা। এ কথাটি হয়তো জাপান বা ফ্রান্সের মতো প্রতিষ্ঠিত অর্থনীতির দেশের ক্ষেত্রে খাটে না, কিন্তু খুবই খাটে উন্নয়নের নিচের দিকে থাকা দেশগুলোর জন্য, যাতে ভারত, শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বের অসংখ্য দেশ আছে। বাংলাদেশও আছে।জাপান যদি ইংরেজি না শিখে এত উন্নতি করতে পারে, তাহলে আমরা কেন এ ভাষা শিখব—এ রকম একটি প্রশ্ন উঠতেই পারে। এর উত্তর এইমাত্র দিয়েছি, তবে আবার দিতে পারি: যেহেতু আমাদের অর্থনীতির মজবুত ভিত্তি নেই। বিশ্বে নানা পণ্য ও সেবা রপ্তানি করে, শ্রম বিক্রি করে আমরা টিকে আছি। এক ভয়ানক প্রতিযোগিতামূলক ডারউইনীয় বিশ্বে নিজের জায়গাটা ধরে রেখে এগিয়ে যেতে হলে বিক্রির পণ্য ও শ্রমের মান ক্রমাগত বাড়ানোর পাশাপাশি জ্ঞানের সব ক্ষেত্রেই আমাদের উৎকর্ষ অর্জন করতে হবে। জাপান যখন উন্নতির রাজপথে এসি গাড়িতে চলছিল, আমরা তখন গরুর গাড়িতে মেঠোপথ পার হচ্ছি মাত্র। এখন আমরাও বাসে উঠব, তবে সে বাসে ওঠার কঠিন প্রতিযোগিতা। টিকিটের মূল্য চড়া। এই টিকিটের পয়সার জোগান দেবে জ্ঞান, কুশলতা, দক্ষতা এবং এসব বাড়াতে প্রয়োজন ইংরেজির।একটা ভিন্ন উদাহরণ দিই। গত বছর দোহায় ২০ ঘণ্টার এক যাত্রাবিরতির সময় একটা হোটেলে উঠেছিলাম। সেই হোটেলের রান্নাঘরে বাসনকোসন ধুচ্ছে বাংলাদেশি যুবক, অথচ তার তিন গুণ বেতনে ফ্রন্ট ডেস্কে স্যুট-টাই পরে কাজ করছে শ্রীলঙ্কান ছেলে। দুজনের শিক্ষা সমান, কিন্তু তফাতটা ইংরেজি জানার মধ্যে। বাংলাদেশি ছেলেটি যদি ভালো ইংরেজি জানত, সেও ওই জায়গায় থাকত, বাড়িতে বেশি টাকা পাঠাত, ধারদেনা দ্রুত শোধ করত। এখন বাংলাদেশের যে বিশালসংখ্যক তরুণ কাজ করছে সারা বিশ্বে, তারাও বছরে ৫০ বিলিয়ন টাকা পাঠাতে পারে দেশে, ভদ্রস্থ জীবন যাপন করতে পারে, বাংলাদেশের মুখটাও উজ্জ্বল করতে পারে, যদি তাদের থাকে উন্নত দক্ষতা, জ্ঞান ও ইংরেজিতে দখল।আরও বড় উদাহরণ আছে। আমার এক সহকর্মী জানালেন, ভালো ইংরেজি জানে বলে বাংলাদেশি এক তরুণ বিজ্ঞানী জায়গা পেয়ে গেল বিশ্বখাদ্য সংস্থার এক দামি গবেষণা সেলে। ইংরেজি জানে না বলে বাদ পড়ল সিরিয়ার এক বিজ্ঞানী। এখন এই বাঙালি বিজ্ঞানী কাজ করছে শস্যে মড়ক লাগার প্রতিষেধক আবিষ্কারে। সিরিয়ার বিজ্ঞানীরও ওই স্বপ্ন হয়তো ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন জিনিস।আমরা যদি নিজেদের নিয়ে স্বপ্ন দেখি, তাহলে তা পূরণের উপায়গুলো খুঁজে বের করে তাদের কাজে লাগাতে হবে। একটি ভাষা শিখলে যদি উপকার হয়, তবে কেন নয়।কিন্তু এখানেও একটা কথা। ইংরেজি শেখার অর্থ এই নয় যে বাংলাকে অবহেলা করতে হবে। কখনো নয়। বরং মাতৃভাষার চর্চাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বাংলা এমন করে শিখব, এমনভাবে ব্যবহার করব, যাতে এটিই হয় আমাদের প্রধান কার্যসম্পাদনের ভাষা। ইংরেজি এখন একটি প্রযুক্তির নাম, যেমন কম্পিউটার; এটিকে জানতে হবে, ভালো করেই জানতে হবে। ইংরেজি দ্বিতীয় ভাষা, কিন্তু বাংলা হচ্ছে প্রাণের, ভালোবাসার ভাষা। ইংরেজি শিখলে যেহেতু সুবিধা, সেহেতু ভালো করেই শিখব, কিন্তু ঘরের ভেতর, নিজেদের ভেতর আদান-প্রদানে ইংরেজি কখনো নয়। অনেক বছর আগে আমাকে এক কোরীয় প্রকৌশলী তায়কোয়ানদো শিখিয়েছিলেন। এখনো যদি ছোটখাটো, দুর্বল কোনো ছিনতাইকারী পথ রোধ করে দাঁড়ায়, সে বিদ্যা এস্তেমাল করতে পারব নিজের সুরক্ষার জন্য। তাই বলে কারও ওপর মেজাজ খারাপ হলেই হাত-পা চালাব?ইংরেজির জন্য দক্ষতার প্রয়োজন। তা শতভাগ অর্জন করব, যদি মনে হয় করা উচিত। আর যদি মনে হয়, শুধু বাংলা দিয়েই সামনে এগিয়ে যাব, তাও সম্ভব। কিন্তু বাংলাকে তখন সর্বোচ্চ মানে নিয়ে আসতে হবে এবং সেই মানটা হবে ক্রমেই বর্ধনশীল।শেষ কথা: ইংরেজি শিখব নিজের প্রতিযোগিতামূল্য বাড়াতে, নতুন জ্ঞান সঞ্চয় করতে, বিশ্বের সঙ্গে যোগাযোগ সহজ করতে। কিন্তু ইংরেজি শিখে আমি এলিট হয়ে যাব, বিকৃত উচ্চারণে বাংলা বলব, তা যেন না হয়। এটি হীনম্মন্যতা। নিজের ওপর বিশ্বাস থাকা চাই, কিন্তু হীনম্মন্যতা কখনো নয়।সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।