ইংরেজি শিক্ষক নেই ১০ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১০ বছর কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষকের পদ শূন্য রয়েছে। ২০০৬ সালের জানুয়ারিতে এই বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক ওসমান সরওয়ার বদলি হয়ে যান। এরপর থেকে শূন্য রয়েছে এই গুরুত্বপূর্ণ পদ। ফলে শিক্ষার্থীরা দুর্বল রয়ে যাচ্ছে ইংরেজিতে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের দ্বন্দ্বের কারণে নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে না বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহমুদুল করিম বলেন, টানা ১০ বছর বিদ্যালয়ে কোনো ইংরেজি শিক্ষক নেই। এ কারণে বাধ্য হয়ে অন্য বিষয়ের শিক্ষকেরা শ্রেণিকক্ষে অতিরিক্ত বিষয় হিসেবে ইংরেজি পাঠদান করেন।

মোহাম্মদ মাহমুদুল করিম পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে বলেন, ২০১৬ সালে এসএসসিতে পাস করেছে ৬৭ জনের মধ্যে ৬১ জন। অকৃতকার্য শিক্ষার্থীদের অধিকাংশ ইংরেজিতে খারাপ করেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে ১৩ জন শিক্ষকের মধ্যে আছেন ৯ জন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের মধ্যে প্রধান শিক্ষক ও ইংরেজি শিক্ষক নেই।

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বলেন, শিক্ষক–সংকটের কারণে ওই বিদ্যালয়ের লেখাপড়া ব্যাহত হচ্ছে। তাই ওই বিদ্যালয়ে শূন্যপদের তালিকা ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বিদ্যালয় সূত্র জানায়, ২০০৯ সালের মার্চে লিয়াকত আলীকে সভাপতি করে চার সদস্যের বিদ্যালয় পরিচালনা করার জন্য অ্যাডহক কমিটি করা হয়। পরে ওই কমিটির বিরুদ্ধে আগের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শফিউল আলম উচ্চ আদালতে মামলা করেন। শেষ পর্যন্ত বিদ্যালয় পরিচালনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কিন্তু বিশেষ কমিটির শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকায় পরবর্তী সময়ে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি লিয়াকত আলী বলেন, অ্যাডহক কমিটির বিরুদ্ধে আদালতে মামলা করেও শফিউল আলম হেরে যান। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে দুবার অ্যাডহক কমিটি ও একবার অ্যাডহক কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা করা হয়।