ইংরেজির শিক্ষক নেই সাত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে সাত বছর ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ইংরেজির পাঠদান করান অন্য বিষয়ের শিক্ষকেরা। ফলে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এই বিষয়টিতে পিছিয়ে পড়ছে। এই বিদ্যালয় থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ফেল করা ১১ জন শিক্ষার্থীই খারাপ করেছে ইংরেজিতে।
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে ইংরেজি িশক্ষকের পদ রয়েছে দুটি। এতে কর্মরত ছিলেন শিক্ষক সাখাওয়াত হোসেন ও মোহাম্মদ আলাউদ্দিন। এর মধ্যে ২০০৮ সালের জুন মাসে সাখাওয়াত ও ২০০৯ সালের জুনে আলাউদ্দিন বদলি হন।
চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী সুজয় কান্তি দে, নুরুল হুদা, অর্পা মুৎসুদ্দী ও বিজ্ঞানী চাকমা জানায়, তারা ইংরেজি বিষয় নিয়ে খুবই চিন্তিত। গৃহশিক্ষকের কাছে পড়ে পাস করা কষ্টসাধ্য হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, গত সাত বছরে এসএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি বিষয়েই বেশি ফেল করেছে শিক্ষার্থীরা। অন্তত একজন হলেও শিক্ষক পদায়ন করা জরুরি। সরকারি বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক না থাকা দুঃখজনক বলে উল্লেখ করে খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুধীন কুমার চাকমা বলেন, বেশির ভাগ শিক্ষার্থী এমনিতেই ইংরেজিতে দুর্বল। তার ওপর এই বিষয়ের শিক্ষকই যদি না থাকেন, তাহলে তারা কীভাবে পড়বে। সরকারের এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত।
এদিকে অন্য শিক্ষকের পদও খালি রয়েছে ১৪টি। বর্তমানে শিক্ষকের ২৫টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র নয়জন। এ ছাড়া ২০০৮ সালের পর থেকে প্রধান শিক্ষকের পদ শূন্য। শিক্ষক–সংকটের কারণে দুজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান দিতে হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত দীঘিনালা উচ্চবিদ্যালয়কে ১৯৮৪ সালে সরকারীকরণ করা হয়। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৬১২ জন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, একজন শিক্ষক সপ্তাহে ১৫টি ক্লাস নেওয়ার কথা; এখন নিচ্ছেন ২৯টি। শিক্ষক পদায়নের জন্য আমরা বারবার কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছি। কিন্তু শিক্ষক পদায়ন করা হচ্ছে না।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকমল চাকমা বলেন, শিক্ষক–সংকটের বিষয়টি এবারের মাসিক সমন্বয় সভায় উত্থাপন করে লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।