ইংলিশ ক্রিকেটারদের ‘শ্রীপুর জয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ জয়ের মাহাত্ম্য মানবতা। ক্রিকেটের সুপারস্টার স্টিভ ওয়াহ যখন কলকাতার উদয়নে কুষ্ঠগ্রস্ত শিশু-কিশোরদের দিকে মমতার হাত বাড়িয়ে ‘স্টিভ দাদা’ হয়ে যেতে পারেন, তখন গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন টেংরা গ্রামের শিশুপল্লী প্লাসের অনাথ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কাছে ফ্লিনটফ ভাই, অ্যান্ডারসন ভাই হয়ে উঠতে পারবেন না কেন? ১১ জন প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের সঙ্গে মমতামাখা কিছু সময় কাটিয়ে, আমেনা-রিপনদের মতো ভাগ্যবঞ্চিত দুটো শিশুকে কোলে নিয়ে, জহিরুল, নজরুল, নিপু, সালাম ও লালচানের মতো পোলিওগ্রস্ত পঙ্গু কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলে কাল শ্রীপুরে ‘ভাই’ হয়ে উঠেছিলেন ফ্লিনটফ, অ্যান্ডারসনরা। এই ভাই হয়ে ওঠার পথে তাঁদের বাংলাদেশ সংস্কৃতির নৈকট্যসূচক পরীক্ষাও দিতে দেখা গেল কখনো রিকশায় গ্রামীণ রাস্তাগুলো ঘুরে ঘুরে, কখনো মোষে টানা গাড়িতে শিশুপল্লীর বিরাট আঙিনা পরিদর্শন করে। যুক্তরাজ্যের নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান শিশুপল্লীর ১৪ বছরের জীবনে এ রকম আনন্দের দিন আর কখনো আসেনি। সেই আনন্দ প্রকাশিত হলো শিশুদের হাতে ইউনিয়ন জ্যাক ও লাল-সবুজের ওড়াউড়িতে, হলো সেখানে পুনর্বাসিত আরও শখানেক বঞ্চিত নারীর কোলাহলে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার রবার্ট গিবসন উত্তেজিত ভঙ্গিতে সারাক্ষণ ক্যামেরার ফ্লাশ টিপে গেলেন।...তবে অ্যান্ডারসন, ফ্লিনটফরা হয়তো জানতেও পারবেন না বেদনা মুছে দিয়ে কাল রাত থেকেই শ্রীপুর শিশুপল্লীতে ভালোবাসার একটি নাম হয়ে গেছে ইংল্যান্ড। মাইকেল ভন, নাসের হুসেইনদের অনুপস্থিতিতে বাংলাদেশে পরে আসা সাত ইংলিশ ক্রিকেটার জয় করে ফেলেছেন শ্রীপুর। সূত্র: দৈনিক প্রথম আলো, ৪ নভেম্বর ২০০৩।