ইংলিশ চ্যানেল অভিযানের জন্য বাবা বাড়ি বন্ধক রেখেছিলেন
ভারতীয় সাঁতারু সায়নী দাস। জয় করেছেন ইংলিশ চ্যানেল। বিশ্বের আরও দুটি দুর্গম চ্যানেল জয় করেছেন এই তরুণী। ২৩ বছর বয়সী এই তরুণ সাঁতারুর লক্ষ্য এখন সাত সাগর (সেভেন ওশান) পাড়ি দেওয়ার। ফেসবুক মেসেঞ্জারে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সজীব মিয়া
প্রশ্ন :
আপনার সাঁতারু জীবনের শুরুটা কীভাবে?
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ছোট শহর কালনায় আমাদের বাড়ি। ২০০৫ সালে ৭ বছর বয়সে শহরের এক সুইমিংপুলে সাঁতার শেখা শুরু করি। সে বছরের সেপ্টেম্বরে হুগলি থেকে চন্দননগর পর্যন্ত গঙ্গা নদীতে ১০ কিলোমিটার দূরত্বের সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। সাঁতার সম্পন্ন করার পর কোচ আমার বাবাকে বলেছিলেন, আমার সাঁতারে ভবিষ্যৎ আছে, আমাকে যেন সাঁতারে রাখেন। এরপর থেকেই পেশাদার সাঁতারুজীবনের শুরু।
প্রশ্ন :
এখন তো পেশাদার সাঁতার থেকে সরে এসেছেন?
আমি এ পর্যন্ত রাজ্য চ্যাম্পিয়নশিপে ছয়বার স্বর্ণপদক জিতেছি। তবে জাতীয় পর্যায়ে অংশ নিতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হলাম। প্রশিক্ষণ, সরঞ্জাম, কোচসহ আনুষঙ্গিক নানা কিছুর সীমাবদ্ধতা বুঝতে পারলাম। মধ্যবিত্ত পরিবার থেকে যা সরবরাহ করা সম্ভব ছিল না। তখনই সিদ্ধান্ত নিই ওপেন ওয়াটার সুইমিংয়ে অংশ নেওয়ার। এখন তাই করছি। পাশাপাশি স্থানীয় এক কলেজে ইতিহাস বিষয়ে স্নাতক করছি।
প্রশ্ন :
তখনই কি ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্নটা দেখা?
আমার বাবা রাধেশ্যাম দাস একজন স্কুলশিক্ষক। অ্যাথলেট হিসেবেও তাঁর নামডাক আছে। বাবাই ২০১৫ সালে বলেছিলেন, ইংলিশ চ্যানেল সাঁতরানোর কথা। যদিও সাঁতার কেটে সাত সমুদ্র পাড়ি দেওয়া বা সেভেন ওশান চ্যালেঞ্জে অংশ নেওয়ার স্বপ্নটা আরও আগের। এর মধ্যে দুটি চ্যানেল আমি জয় করেছি। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মলকাই চ্যানেল পেরোনোর কথা ছিল। করোনাভাইরাসের কারণে বাতিল করতে হয়েছিল। সব ঠিক থাকলে এ বছর অক্টোবরে চ্যানেলটি পার করার চেষ্টা করব। সে লক্ষ্যেই অনুশীলন করছি।
প্রশ্ন :
ইংলিশ চ্যানেল অভিযানের প্রস্তুতিও তো বেশ আগে শুরু করেছিলেন...
ইংলিশ চ্যানেল হলো পৃথিবীর ওপেন ওয়াটার সুইমিংয়ের এভারেস্ট। এই চ্যানেলটা পেরোনো ভয়ংকর এবং ভীষণ কঠিন কাজ। আমরা প্রথম থেকেই জানতাম পথটা মসৃণ হবে না, সে কারণেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। ২০১৫ সালে আমার পাইলট বোট বুকিং করা হয়। এরপর ঘণ্টার ঘণ্টা পুলে, নদীতে, সমুদ্রে সাঁতার কেটেছি। শীতের রাতেও নদীতে নামতাম। ২০১৬ সালে মুর্শিদাবাদ জেলায় বিশ্বের দীর্ঘতম (৮১ কিলোমিটার) সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১ ঘণ্টা ৫১ মিনিটে সম্পন্ন করি। চলতে থাকে আরও প্রস্তুতি।
প্রশ্ন :
তারপর?
২০১৭ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় নির্ধারিত ছিল। সাঁতারে আত্মবিশ্বাস এলেও, প্রকট হলো আর্থিক সমস্যা। অভিযানে ভারতীয় মুদ্রায় ১৩ লাখ রুপির দরকার ছিল। আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল এত টাকা সংগ্রহ। বাবার বন্ধু, স্থানীয় সংস্থা, সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান আমার পাশে দাঁড়ায়। তারপরও বেশ কিছু টাকার দরকার হয়। সেই সময় বাবা আমাদের বাড়ি বন্ধক রেখেছিলেন। অনেকে বলত, মেয়ের জন্য এত বড় ঝুঁকি না নিলেও পারো!
প্রশ্ন :
অভিযানে গিয়েও তো প্রতিকূল অবস্থায় পড়েছিলেন...
ভীষণ প্রতিকূলতা পেরিয়েছি। আবহাওয়ার কারণে আমার সাঁতরানো অনিশ্চিত হয়ে পড়েছিল। অনেক অনুরোধ করে আমি সাঁতার কাটার সুযোগ পাই। ২০১৭ সালের ২৫ জুলাই দুপুরে শুরু করি সাঁতার। ইংল্যান্ড থেকে ফ্রান্স পর্যন্ত আটলান্টিক মহাসাগরের ৩৪ কিলোমিটার পথটি ১৪ ঘণ্টা ৮ মিনিটে পার হই। হিমশীতল জল আর জেলি ফিশের সঙ্গে লড়ে রাতভর আমি সাঁতরেছি। সে এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা।
প্রশ্ন :
এরপরও তো বিভিন্ন চ্যানেলে সাঁতরেছেন?
২০১৮ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয় করেছি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের দুর্গম ক্যাটলিনা চ্যানেল জয় করেছি। আরও পাঁচটি চ্যানেলের সাঁতরানোর লক্ষ্য এখন আমার সামনে।
প্রশ্ন :
আর কোনো ইচ্ছা...
আমার ঠাকুরদার আদি নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলায়। কিন্তু কখনো যাওয়া হয়নি। একবার হলেও বাংলাদেশে যেতে চাই। সেই সঙ্গে সপ্তসিন্ধু জয়ের পর বঙ্গোপসাগরের বাংলা চ্যানেলও পাড়ি দেওয়ার পরিকল্পনা আছে।