ইইউ-যুক্তরাজ্য টানাপোড়েন
আগামী নির্বাচনে জিতলে ২০১৮ সালের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না-থাকা প্রশ্নে গণভোটের আয়োজন করবেন, বলেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ সমাজের প্রায় সব শ্রেণী ও দেশের প্রায় সব অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ অংশই জোরালোভাবে মনে করে, এ প্রশ্নে গণভোটের আয়োজন অবশ্য প্রয়োজন। এক জনমত জরিপে দেখা যায়, ক্যামেরনের কনজারভেটিভ পার্টির ৭১ শতাংশ ও লেবার পার্টির ৬৫ শতাংশ সমর্থক গণভোট আয়োজনের পক্ষে।যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকা উচিত কি উচিত নয়—এ-সংক্রান্ত বিতর্ক ইইউ গঠনের পর থেকেই চলে আসছে। বর্তমানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একটি প্রভাবশালী অংশ ইইউতে থাকার প্রবল বিরোধী। এই অংশ মনে করে, বিভিন্ন সময় যুক্তরাজ্যের সরকারগুলো তাদের অনেক ক্ষমতাই ইউরোপীয় ইউনিয়নের কাছে সমর্পণ করেছে, যা দেশটির জাতীয় স্বার্থের বিরোধী। ১৯৫৭ সালে গঠিত হয়েছিল ইউরোপীয় কমিউনিটি। ১৯৯২ সালে ম্যাসট্রিখট চুক্তির মাধ্যমে অভিন্ন ইউরোপ গঠনের পথচলা শুরু হয়। ১৯৯৩ সালের ১ নভেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়ন নাম ধারণ করে এর আনুষ্ঠানিক যাত্রা আরম্ভ। অর্থনৈতিক ঐক্যের প্রকাশ হিসেবে ১৯৯৯ সাল থেকে ১১টি দেশে অভিন্ন ইউরো মুদ্রা প্রবর্তন হয়। ইউরো চালুর সময় উত্তরের ধনী দেশগুলো বেশি সুবিধা পাবে—এমন আশঙ্কা ছিল। তবে গত এক দশক ইউরো মুদ্রা নিয়ে খুব সমস্যা ছিল না। কিন্তু গত দুই বছরে গ্রিস, ইতালি ও স্পেনের অর্থনীতি চরম সংকটে পড়ে। ঋণ শোধ করতে না পেরে দেশগুলোর দেউলিয়া হওয়ার দশা হয়। পরিস্থিতি মোকাবিলায় কঠোর রাষ্ট্রীয় কৃচ্ছ্রনীতি অবলম্বন করায় বেকারত্ব বেড়ে যায়। সামাজিক অস্থিরতা শেষমেশ সহিংস আন্দোলনে রূপ নেয়।এসব সমস্যার কথা মাথায় রেখেই ফ্রান্সের সদ্য সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল দুই স্তরবিশিষ্ট ইইউর ধারণা প্রবর্তনের ইঙ্গিত দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রাখঢাক না করেই বলেছেন, ‘আমি এমন এক ইইউ চাই, যাতে ব্রিটেনের জাতীয় স্বার্থ রক্ষিত হবে।’ তাঁর এই অবস্থান ভালোভাবে নেয়নি অন্যান্য ইইউ দেশ। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁর্যা ফাবায়িস একে বিপজ্জনক পরিকল্পনা বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞরা বলেন, ইইউ ছেড়ে বেরিয়ে গেলে তাৎক্ষণিকভাবে কিছু লাভ হবে যুক্তরাজ্যের। যেমন ইউরোপীয় বাজেটের জন্য বার্ষিক ৮০০ কোটি পাউন্ড চাঁদা আর দিতে হবে না। অভিন্ন কৃষিনীতির আওতামুক্ত হয়ে যাবে বলে যুক্তরাজ্যে খাদ্যদ্রব্যের দাম কমতে পারে। এ রকম অনেক সুবিধাই পাবে দেশটি। কিন্তু ব্যাপকভাবে মনে করা হয়, ইইউ ছেড়ে গেলে যে ক্ষতি হবে তার পরিমাণ এসব লাভের চেয়ে অনেক বেশি। যুক্তরাজ্যের রপ্তানির অর্ধেকই হয় ইউরোপীয় ইউনিয়নে। যেসব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ইউরোপীয় কার্যক্রমের কেন্দ্র যুক্তরাজ্য, তারা আস্তে আস্তে সরে যাবে। আর্থিক সেবা প্রতিষ্ঠানের একটা বড় অংশও তাই করবে। যুক্তরাজ্যকে অনেক দ্বিপক্ষীয় চুক্তি নতুন করে করতে হবে। ইইউ জোট ত্যাগ দেশটিকে কিছু বাড়তি সার্বভৌমত্ব দেবে বটে, কিন্তু তার জন্য মূল্য দিতে হবে তুলনামূলকভাবে অনেক বেশি। এম এম খালেকুজ্জামান