
জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশন উইমেনের (ইউএন উইমেন) নির্বাহী পরিচালক পুমজিলে ম্লামবো উকা। মানবাধিকার, নারী-পুরুষ সমতা, সামাজিক বিচারব্যবস্থা ইত্যাদি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। জাতিসংঘে যোগ দেওয়ার আগে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় সরকারি এবং বেসরকারি খাতে কাজ করেছেন অনেক দিন। দায়িত্ব পালন করেছেন দেশটির প্রথম নারী উপরাষ্ট্রপতি হিসেবেও।
গত বছর থেকে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা পুমজিলের জন্ম ১৯৫৫ সালে। সমাজবিজ্ঞােন স্নাতক এবং দর্শেন ইউনিভার্সিটি অব কেপটাউন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে দরিদ্র দেশগুলোতে মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্য পুমজিলে ১৯৯৪-৯৬ সালের দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক সরকারের নির্বাচিত সাংসদ ছিলেন। পরে দেশটির মন্ত্রীসভার সদস্যও হয়েছিলেন তিনি।
পেশাজীবনের শুরুতে শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন। নারীর ক্ষমতায়নে তিনি প্রতিষ্ঠা করেছেন উমলাম্বো ফাউন্ডেশন, যা দক্ষতা, নেতৃত্ব এবং শিক্ষা খাতে কাজ করে। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউশন কর্তৃপক্ষের সাবেক প্রধান ব্লুলানি উকাকে বিয়ে করেন পুমজিলে। এ দম্পতির বর্তমানে পাঁচ সন্তান। এর মধ্যে চারজনকেই দত্তক নিয়েছেন। নারীদের ক্ষমতায়নে এখনো কাজ করে যাচ্ছেন পুমজিলে। এ কাজটি চালিয়ে যেতে চান তিনি।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: ইউএন উইমেন, উইকিপিডিয়া