ইউএপির স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
PRD

ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হলো গত ৯ ও ১০ জুলাই। ভার্চ্যুয়ালি আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২১ সালের স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানানো হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইউএপির ট্রাস্টি বোর্ড সর্বাত্মক সহযোগিতা করছে। আমাদের একদল যোগ্যতাসম্পন্ন শিক্ষক আছেন, যাঁরা শিক্ষা ও গবেষণায় নিজ নিজ অবস্থান থেকে নানামুখী অবদান রাখছেন। আশা করব এই শিক্ষকেরা তোমাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সহযোগিতা করবেন।’

সভাপতির বক্তব্যে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. সুলতান মাহমুদ বলেন, ‘আজকের এই দিন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তোমরা জীবনে নতুন পর্বের সূচনা করতে যাচ্ছ। তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, সময়ের যথাযথ মূল্য দাও এবং বিশ্ববিদ্যালয়ে সব রিসোর্স যথাযথভাবে ব্যবহার করো।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউএপির প্রক্টর অধ্যাপক শাহরিয়ার আনাম, সমাজ কল্যাণ অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন তিন শিক্ষার্থী। স্বাগত বক্তব্য দেন ইউএপির রেজিস্ট্রার আবদুল্লাহ আল মাসুদ।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরাও এই ভার্চ্যুয়াল আয়োজনে অংশ নেন।