ইউএসটিসিতে জমজমাট বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তিতেই হোক মুক্তির প্রারম্ভ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে গত মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (ইউএসটিসি) অনুষ্ঠিত হয়ে গেল সপ্তাহব্যাপী আন্তঅনুষদ বিতর্ক প্রতিযোগিতা। নবীন বিতার্কিক সৃষ্টির লক্ষ্যে অতীতের ধারাবাহিকতায় চতুর্থবারের মতো আয়োজন করা হয় এ আসর।
১ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের ১২টি দলের ৩৬ জন নবীন বিতার্কিক অংশ নেন। চূড়ান্ত প্রতিযোগিতায় ২৪তম ব্যাচের বিতার্কিকদের পরাজয় করে ২৩তম ব্যাচ বিজয়ী হয়।
প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির তড়িৎ, ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন বিভাগের প্রধান আবু সাঈদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রোটারি অ্যাসিস্ট্যান্ট গভর্নর জিন্নাহ চৌধুরী ও রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ভাইস প্রেসিডেন্ট সাইফুল হুদা সিদ্দিকী।
আবু সাঈদ চৌধুরী বলেন, বিতর্ক মানুষকে সহনশীলতা ও অন্যের বক্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়, যা একটি সভ্য সমাজে সবার কাম্য।
জিন্নাহ চৌধুরী বলেন, আজকের আলোকিত প্রজন্মই নেতৃত্ব দেবে আগামীর সমাজকে। তাই সমাজের আলোকিত মানুষ তৈরি করতে হলে যুক্তিবাদী হওয়ার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশল অনুষদের সহকারী অধ্যাপক সরোয়ার চৌধুরী, অনিন্দ জনা, দৃষ্টি চট্টগ্রামের বিতর্ক সম্পাদক তাফহিম রশীদ, সহবিতর্ক সম্পাদক কাজী আরফাত ও এফসেট ডিবেট ক্লাবের সভাপতি নাজমুল আকিব।