ইউক্রেনের পক্ষে রাশিয়ার এই টপ মডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার টপ মডেলদের সংক্ষিপ্ত তালিকায় ওপরের দিকে থাকবে নাতালিয়া ভোদিয়ানোভার নাম। ফ্যাশন আইকন হিসেবে কয়েক যুগ ধরে নিজের অবস্থান ধরে রেখেছের ৪০ বছর বয়সী এই মডেল। সম্প্রতি আবার আলোচনায় এসেছেন এই রুশ মডেল। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে রাশিয়ান হয়েও ইউক্রেনের প্রতি নিজের আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন তিনি। এই অনৈতিক ক্ষমতার যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি।  

নাতালিয়া ভোদিয়ানোভা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ভলগা নদীর তীরে জন্ম আর বেড়ে ওঠা নাতালিয়া নিজে পাঁচ সন্তানের মা। নারীবাদী আর মানবতাবাদী হিসেবেও বিশ্বব্যাপী নামডাক আছে।  নিজের ইনস্টাগ্রামে এই মডেল লেখেন, ‘মা হিসেবে আমি ইউক্রেনের সমস্ত নিপীড়িত মায়ের সঙ্গে আছি, যাঁরা সাম্প্রতিক হামলার শিকার। যে কোন যুদ্ধে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। আপনারা জানবেন, আপনারা একা নন। আমার সমর্থন আপনাদের সঙ্গে। আমি একা হয়ত কিছুই করতে পারব না। কিন্তু এমন পরিস্থিতিতে আমাদের সম্মিলিতভাবে অনেক কিছু করার আছে।’

সপরিবারে ভোগ রাশিয়ার প্রচ্ছদে নাতালিয়া ভোদিয়ানোভা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এরপরই এই মডেল লিখেছেন, ‘আমি বিভিন্ন সংগঠনের তালিকা করেছি, যারা ইউক্রেনের জন্য তহবিল গঠন করছে। এসব তহবিলে আমি অর্থ দেব। আপনারাও এগিয়ে আসুন।’ ইংরেজি আর রুশ— দুই ভাষাতেই এই পোস্টটি দেন নাতালিয়া।

নাতালিয়া ভোদিয়ানোভা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

নাতালিয়ার জীবনের গল্প অনেককেই অনুপ্রাণিত করে। পরিবারের আর্থিক দুরাবস্থার কারণে ১১ বছর বয়স থেকেই তিনি সবজি বিক্রি করা শুরু করেন। দুবছর পর তাঁকে স্কুলও ছাড়তে হয়। ১৫ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন। ১৭ বছর বয়সে প্যারিস চলে যান। তারপর ইউরোপ আর আমেরিকা— দুই মহাদেশেই গড়েছেন সফল ক্যারিয়ার। ৭০ বার ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই কার নিয়েছেন। যদিও ফরাসি বা ইংরেজি. কোনোটাই তিনি জানতেন না।

নাতালিয়া ভোদিয়ানোভা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘রাশিয়া বিয়ন্ড’–এর লাইফস্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেবল আমি নই, এখানকার (রাশিয়ার) সাধারণ মানুষেরও এই যুদ্ধে কোনো সমর্থন নেই। সবাই হয়ত মুখ ফুটে বলছে না যে এটা অন্যায়। তাতে অন্যায় কোনোদিন ন্যায় হয়ে যায়নি, আর যাবেও না।’

নাতালিয়া ভোদিয়ানোভা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ইতিমধ্যে তিন হাজারেরও বেশি রাশিয়ান জনগনকে সেই দেশে আটক করা হয়েছে। কেননা, তাঁরা নিজের দেশের যুদ্ধনীতির বিরুদ্ধে রাস্তায় মিছিল করেছে। তাঁদের ‘অপরাধ’, তাঁরা ইউক্রেনের মানুষের পক্ষে।