বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৯ মে তিনি বিশ্ববিদ্যালয়ে এলে এ সংবর্ধনা দেওয়া হয়।
ওই দিন বেলা ১১টায় অধ্যাপক আবদুল মান্নান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফের সঙ্হে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপাচার্য তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ডিনস কমিটি, বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতি ও পরিচালক ফোরাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ওই অনুষদের শিক্ষকবৃন্দ, নাট্যকলা বিভাগ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রলীগ এবং সনাতন ধর্ম পরিষদের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে উপাচার্য দপ্তরের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর ও সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আলমগীর চৌধুরী, প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ, অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক প্রমুখ।
সংবর্ধিত অতিথি ইউজিসির চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, ‘৪২ বছর শিক্ষকতা জীবনে তাঁর যা কিছু অর্জন তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ঘিরে। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি আমার ভালোবাসা অব্যাহত থাকবে।’