
তাঁর কাজটাই সাজগোজ নিয়ে। এ বিষয়ে দক্ষতার পরিচয়ও দিয়েছেন। এ কাজই তাঁকে করেছে সফল উদ্যোক্তা। নিজের এমন দক্ষতার বিষয়গুলো তুলে ধরেছেন ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে। এখন পর্যন্ত ৩০০ ভিডিও দিয়েছেন। ইউটিউব তারকা হয়ে গেছেন মিশেল ফ্যান।
মিশেলের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে গ্রাহকের সংখ্যা সাত কোটি ব্যবহারকারী এবং দেখেছেন ১০০ কোটি ব্যবহারকারী! ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন, ভিয়েতনামি বংশোদ্ভূত মিশেলের জন্ম ম্যাসাচুসেটসে। রিংলিং স্কুল অব আর্ট অ্যান্ড ডিজাইন থেকে পড়াশোনা শেষ করেন তিনি। গত বছর এ প্রতিষ্ঠান থেকে আরেকটি সম্মানসূচক ডিগ্রিও পেয়েছেন মিশেল।
২০০৫ সালে নিজের ব্লগে সাজগোজ বিষয়ে লেখা শুরু করেন মিশেল। কয়েক বছরের মধ্যেই তুমুল জনপ্রিয়তা পায় ব্লগটি। ব্লগ লেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ শুরু করেন তিনি। সাজগোজের নানা বিষয়ে বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠান মিশেলের পরামর্শ অনুযায়ী প্রকাশ করে একাধিক পণ্য। পরবর্তী সময়ে এ নিয়ে একাধিক বইও প্রকাশ করেন তিনি। ২০১৪ সালের তথ্য অনুযায়ী, ইউটিউবের সেরা ১০০ ‘নিউ মিডিয়া রকস্টার’ তালিকায় ৪৮তম হয় মিশেলের চ্যানেলটি। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ‘৩০ আন্ডার ৩০’ তালিকায়ও জায়গা করে নেন মিশেল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘টিন চয়েস অ্যাওয়ার্ড ফর চয়েস ওয়েব স্টার’-এ দুটি মনোনয়ন পেয়েছেন গত বছর।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: ফোর্বস, উইকিপিডিয়া