ছেলেটির বয়স মাত্র আট বছর। ইউটিউবে ভিডিও দেখে গাড়ি চালাতে শিখেছে। তারপর চার বছরের ছোট বোনটাকে নিয়ে নিরাপদে রেস্তোরাঁয় পৌঁছেও যায়। এ ঘটনা যুক্তরাষ্ট্রের।
ওহাইও মর্নিং জার্নাল গত রোববার লিখেছে, শহরের রাস্তায় একটি শিশুকে গাড়ি চালাতে দেখে স্থানীয় লোকজন পুলিশে ফোন করেছিল। আর ওই রেস্তোরাঁর কর্মীরা কেবল দুটি শিশুকে গাড়ি থেকে নামতে দেখে ভেবেছিলেন, নিশ্চয়ই কেউ মজা করছে। ওদের মা-বাবা হয়তো পেছনেই আছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ছেলেটি সব ট্রাফিক আইন মেনেই গাড়ি চালিয়েছে। স্থানীয় পুলিশের সদস্য জ্যাকব কোয়েলার বলেন, সে রাস্তায় কোথাও কোনো কিছুর সঙ্গে গাড়িটির ধাক্কা লাগায়নি। এটা অবিশ্বাস্য।
ছেলেটি পুলিশকে বলেছে, সে
ইউটিউব দেখে দেখে গাড়ি চালনা শিখে নিয়েছে। ঘটনার দিন সে প্রায় আড়াই কিলোমিটার পথ গাড়ি চালিয়েছে। এ সময় সে চারটি মোড়, রেললাইন এবং বেশ কয়েকটি বাঁক অতিক্রম করেছে।
ঘটনার সময় ছেলেটির মা-বাবা বাড়িতেই ঘুমাচ্ছিলেন। দুই ভাইবোন তখনই সিদ্ধান্ত নেয়, বাবার গাড়িটি চালিয়ে ম্যাকডোনাল্ডসের চিজ বার্গার খেতে যাবে। তারপর আর দেরি না করে গাড়ির চাবিটি নিয়ে তারা বেরিয়ে পড়ে। রেস্তোরাঁয় গিয়ে বার্গার আর চিকেন নাগেট খেয়ে তারা অপেক্ষা করছিল, মা-বাবা এসে তাদের নিয়ে যাবে। একপর্যায়ে ছেলেটি পুলিশ দেখে কান্না জুড়ে দেয়। সে ভেবেছিল, নিশ্চয়ই কোনো ভুল করে ফেলেছে। নইলে পুলিশ আসবে কেন।
পরে খবর পেয়ে মা-বাবা এসে তাঁদের দুঃসাহসী সন্তানদের বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ জানায়নি।