মশা মারা নিয়ে কামান দাগা অবস্থা চারদিকে! পাশের রুম থেকে যেভাবে যে কম্পাঙ্কে দুড়ুমদাড়াম ঠাস ঠাস শব্দ আসছে, তাতে মনে হচ্ছে—কোনো চোর-ডাকাতকে ধরতে পেরে অবিশ্রান্তভাবে গণপিটুনি দেওয়া হচ্ছে। আসলে মশার উপদ্রব এতই বেড়ে গেছে যে নিয়ন্ত্রণে আনা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। দিনের বেলা মশা মারা নিয়ে বেশ তত্ত্বালোচনা চলে, কিন্তু রাত হলেই মশা সেই ভয়ংকর রূপ ধারণ করে বসে থাকে।বাড়ি থেকে খবর এসেছে, সৌপ্তিক দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। মশার কয়েল, স্প্রে ইত্যাদি সামগ্রী ব্যবহার করে মশা থেকে যে অল্প রেহাই পাওয়া যায়, সৌপ্তিকের জন্য তাও সম্ভব হচ্ছে না। সে কয়েলের ধোঁয়া সহ্য করতে পারে না এবং অ্যালার্জি থাকায় তার রুমে স্প্রেও দেওয়া যাচ্ছে না। সারা দিন-রাত তো আর মশারির ভেতর কাটানো সম্ভব না। তাই আমার এই কাকাতো ভাইটিকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। আমাদের বাড়িটি শহরের এমন এক জায়গায়, যার পাশেই রয়েছে একটি পুকুর। পুকুরটিকে বদ্ধ জলাশয় কিংবা ডোবা অথবা এঁদো পুকুর বলাই শ্রেয়। সেই জলাশয় ছাড়াও বাড়ির পেছন দিয়ে চলে গেছে প্রশস্ত উন্মুক্ত ড্রেনের লম্বা পথ। মশার বংশাণুক্রম বৃদ্ধি পাওয়ার উপযুক্ত স্থান যে এই দুটিই, এটি বোঝা তেমন কঠিন নয়। কিন্তু মশার উপদ্রব কমানোর ব্যাপারটিই হয়েছে কঠিনতম। অনেক চিন্তাভাবনাই তো করলাম, কিন্তু কাজ তো কিছু হলো না। শেষে যে তথ্যটুকু পেলাম তাতে কিছুটা স্বস্তি পেলেও মাঠে নামানোর আগ পর্যন্ত প্রশান্তি পেলাম না। প্রশান্তি পেতে কিছুটা সময় লাগল বটে, তবে তাজ্জব ব্যাপারটি হলো—সৌপ্তিকের রুমে আর মশাই নেই। মশারা সব উধাও! ব্যাপারটি খুব অদ্ভুত হলেও ঘটনা কিন্তু সত্যি। আমি যে মাস খানেকের মধ্যে ‘ইউট্রিকুলেরিয়া’ নামক জলজ উদ্ভিদগুলো সংগ্রহ করে সেই ডোবা আর ড্রেনে ছেড়ে দিয়েছিলাম, তারাই মশার নিধনকারী। তারাই মশার বাচ্চাদের গপাগপ ধরে নিজেদের উদর পূর্তি করার জন্য সাবাড় করে ফেলল। গাছ যে মশা খায়, তাতে অবাক সবাই। সৌপ্তিকের কৌতূহল যেন আরও বেশি। গাছ কীভাবে মশা খায়—তা দেখার জন্য সে প্রায়ই ওইসব জলজ উদ্ভিদের কাছে গিয়ে বসে থাকে। এটা মোটেও ভালো হচ্ছে না দেখে তাকে ভয় দেখানোর জন্য গাছদের ওপরই নির্ভর করলাম। বললাম, আশপাশে কিন্তু ‘পাগলা গাছ’ আছে। ‘ডেভিল ট্রি’, ‘ভ্যাম্পায়ার ট্রি’ নামক মানুষখেকো গাছপালাও লুকিয়ে আছে! তারা তোমায় একা পেলে কোনোক্রমেই ছাড়বে না। সুতরাং তুমি আর ওইসব গাছের কাছে যেয়ো না। বুঝেছ? সে চুপটি মেরে গেল। এই ছোট্ট বয়সে সে গাছদের খুব ভালোবাসে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তাকে ভয় দেখানো ছাড়া কিছুই করার ছিল না। তুষার রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়