ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের সুফল পাচ্ছেন টেকনাফবাসী
কক্সবাজারের টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়নে স্থাপিত তথ্যসেবাকেন্দ্রের সুফল পাচ্ছে সংশ্লিষ্ট গ্রামবাসী। ইউনিয়নগুলো হচ্ছে বাহারছড়া, সাবরাং, টেকনাফ সদর, হ্নীলা, সেন্টমার্টিন ও হোয়াইক্যং।তথ্যসেবাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, প্রথম দিকে কিছুটা সমস্যা থাকলেও ইতিমধ্যে ছয়টি ইউনিয়নের সবকটি কেন্দ্রে ল্যাপটপ, ইন্টারনেট মডেম, প্রিন্টার, মাল্টিমিডিয়া প্রজেক্ট, স্ক্যানার মেশিন ও প্রয়োজনীয় আসবাব সরবরাহ করা হয়েছে। এখন পুরোদমে এলাকাবাসী এর সুফল পাচ্ছেন। টেকনাফে সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়ার গৃহবধূ আমিনা বেগমের স্বামী মাহমুদুর রহমান থাকেন সৌদি আরবে। দেশে থাকা স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন নিয়মিত। এতে খরচ পড়ে বেশি। আমিনা একদিন মাইকে শুনতে পান কম খরচে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র থেকে ইন্টারনেটের মাধ্যমে সৌদি আরবে কথা বলা যায়। আমিনা তাঁর স্বামীকেও জানান বিষয়টি। এরপর একদিন তথ্যকেন্দ্রে গিয়ে ৫০ টাকায় ২২ মিনিট কথা বলেন স্বামীর সঙ্গে। শুধু কথা নয়, মনিটরে স্বামীকে দেখার সুযোগও পান তিনি। অথচ সাধারণ ফোনে কথা বললে তাঁর প্রায় ২০০ টাকা খরচ হতো। গত মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়ন তথ্যকেন্দ্রে গেলে কেন্দ্রের অপারেটর পিকলু দত্ত এসব কথা জানান। এ সময় দেখা যায়, পিকলু আমিনা বেগমের ২৪ থেকে ২৫ দিন বয়সী শিশুর ছবি স্ক্যান করছেন ই-মেইলে প্রবাসী মাহমুদুর রহমানের কাছে পাঠানোর জন্য। অপর অপারেটর ইয়াসমিন আকতার জানান, প্রতিদিন এলাকার লোকজনকে তথ্যসেবা দিয়ে গড়ে এক হাজার টাকার বেশি আয় হয়। এর মধ্য থেকে তাঁরা (অপারেটররা) পান ৩০ শতাংশ। বাকি টাকা পায় ইউনিয়ন পরিষদ। এভাবে কেন্দ্রের সুফল পাচ্ছেন এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাই। টেকনাফ শহর থেকে ৩১ কিলোমিটার দূরে বাহারছড়া ইউনিয়ন তথ্যকেন্দ্র। ওই এলাকার আমিন উল্লাহ ও জিয়াউর রহমান জানান, ইউনিয়নের প্রায় শতাধিক যুবক এখন প্রবাসী। কিছুদিন আগেও ওইসব প্রবাসীর সঙ্গে পরিবারের লোকজন মুঠোফোনের মাধ্যমে কথা বলতেন। কিন্তু এখন অনেকেই ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের ইন্টারনেটের মাধ্যমে কথা বলছেন এবং ওয়েব ক্যামেরার মাধ্যমে ছবি পাঠাচ্ছেন। মনিটরের পর্দায় পাচ্ছেন একে অন্যকে দেখার সুযোগ। এ ছাড়া, ছবি তোলা, ওয়েবসাইট থেকে সরকারি বিভিন্ন দপ্তরের ফরম সংগ্রহ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি-সংক্রান্ত তথ্য, পরীক্ষার ফলাফল, বিভিন্ন চাষাবাদ, সার প্রয়োগ পদ্ধতিও জানা যাচ্ছে এখান থেকে। ওই কেন্দ্রের অপারেটর সফুরা পারভিন আকতার একই তথ্য দিয়ে বলেন, ‘নানান ধরনের তথ্য পেতে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিদিনই এ সেবাকেন্দ্রে আসেন।’কথা হয়, এ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ নিতে আসা পাশের গ্রামের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র আমিন উল্লাহর সঙ্গে। তিনি বলেন, ‘মাত্র এক হাজার টাকায় অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্রাউজিং শিখেছি আমি। যা অন্য জায়গায় শিখতে তিন হাজার টাকা লাগত। বাড়ির কাছে এমন সেবার কথা ভাবাই যায় না।’বাহারছড়া ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজুল হক জানান, প্রতিদিন গড়ে ৬০০ টাকা আয় হয় পরিষদের। পরিষদের সঙ্গে চুক্তি অনুযায়ী আয়ের একটা অংশ অপারেটরদের দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ জানান, তথ্যসেবাকেন্দ্র থেকে সবার বিষয়গুলো এলাকায় মাইকের মাধ্যমে এবং সভা ডেকে জনগণকে জানানো হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসকের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ২০১০ সালের নভেম্বরের শেষদিকে কক্সবাজারের বিভিন্ন উপজেলার প্রতিটি ইউনিয়নেই তথ্যসেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেবা দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত একজন পুরুষ ও একজন নারী অপারেটর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।