ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘটনাপ্রবাহ ও মিস্টার ইতিবাচকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে বলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা হয়েছে! ছবিটি দেখুন, অধিকাংশই ক্রিকেটের হেলমেট পরে, লাঠি হাতে অনুশীলন করছেন। বাংলাদেশ যে ক্রিকেটে এগিয়ে যাচ্ছে, এই ছবিই তার প্রমাণ!  (ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ এপ্রিলে জয়ী ও পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের একটি মুহূর্ত। ছবি: প্রথম আলো)
কে বলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা হয়েছে! ছবিটি দেখুন, অধিকাংশই ক্রিকেটের হেলমেট পরে, লাঠি হাতে অনুশীলন করছেন। বাংলাদেশ যে ক্রিকেটে এগিয়ে যাচ্ছে, এই ছবিই তার প্রমাণ! (ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ এপ্রিলে জয়ী ও পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের একটি মুহূর্ত। ছবি: প্রথম আলো)

*বিষয়: রেকর্ডসংখ্যক বিদ্রোহী প্রার্থী

মিস্টারইতিবাচক: প্রার্থী তো প্রার্থীই। তার মধ্যে আবার বিদ্রোহী-অবিদ্রোহী ভাগ কিসের! আর এমন তো না যে তাঁরা টুপ করে আসমান থেকে এসে প্রার্থী হয়েছেন! নাগরিক হিসেবে যে কারোরই নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে। আর নির্বাচনটা হচ্ছে কিসের জন্য? জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করার জন্যই তো। এখন অন্য একজনকে নির্বাচনে দাঁড়াতে দেখে কারও না কারও মন মানবসেবায় আত্মনিয়োগ করার জন্য আঁকুপাঁকু করতেই পারে। এটা তাই কোনোভাবেই বিরোধিতা কিংবা বিদ্রোহ নয়। ‘মন কেমন করা’ মানবিকতার বহিঃপ্রকাশ মাত্র!

*বিষয়: নির্বাচন কমিশনের উদাসীনতা

মিস্টারইতিবাচক: এটা খুবই আউল-ফাউল টাইপের একটা অভিযোগ। মনমানসিকতা অনুযায়ী উদাসীন হওয়ার অধিকার সবারই আছে! কে কখন কী নিয়ে উদাসীন হবে, তা নিয়ে কাউকে কৈফিয়ত দিতে হবে নাকি? তা ছাড়া এখন বসন্তকাল। কাজেই বসন্তের ফুরফুরে বাতাস গায়ে লাগলে কিংবা কোকিলের কুহুতান শুনে যে কেউই উদাস হতে বাধ্য! উপরন্তু, বসন্তের সঙ্গে অন্য আরেক রোমান্টিক ঋতু বর্ষার ফ্লেভার যোগ হওয়ায় উদাস হওয়ার হারও কয়েক গুণ বেড়ে যায়! নির্বাচন কমিশনও তাই...

*বিষয়: নির্বাচনী সহিংসতা

মিস্টারইতিবাচক: সহিংসতা শব্দটাই অমূলক। উদ্দেশ্যপ্রণোদিত! এটাকে বড়জোর বিচ্ছিন্ন ঘটনা বলা যেতে পারে। মানুষ যেমন দোষ–গুণ নিয়ে হয়, নির্বাচনও তেমনি দোষে–গুণেই হয়ে থাকে! প্রবাদেই তো বলে যে, ‘অন্ধকার না থাকলে আলোর কোনোই মূল্য নেই’! তেমনি দু-একটা বিচ্ছিন্ন ঘটনা না ঘটলে নির্বাচন কতটুকু সুষ্ঠু আর ‘সুইট’ হয়েছে, তা-ও বোঝা যায় না! তাই বিচ্ছিন্ন ঘটনাকে বিশৃঙ্খলা বলা তিলকে তাল কিংবা তরমুজ বানানোরই নামান্তর!

*বিষয়: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া

মিস্টারইতিবাচক: এর মধ্যে নেতিবাচকতার ছিটেফোঁটাও নেই! পুরো ব্যাপারটাজুড়েই ইতিবাচকতার ছড়াছড়ি! একজন প্রার্থী নিজের অযোগ্যতা বুঝতে পেরে কিংবা অন্যকে নিজের চেয়ে যোগ্য মনে করেই তো সরে দাঁড়ান। অন্যের প্রতি কতটা শ্রদ্ধা আর মমতা থাকলে মানুষ এমন করতে পারে, চিন্তা করুন! এটা প্রেম, প্রীতি, সৌহার্দ্য আর ভ্রাতৃত্ববোধের অতুলনীয় নিদর্শন! কোনোরকম অলক্ষণের লক্ষণ নয় মোটেও!

*বিষয়: নির্বাচনী সহিংসতায় প্রাণহানি

মিস্টারইতিবাচক: (একটি স্বল্পদৈর্ঘ্য দীর্ঘশ্বাস কিংবা একটু ইতিবাচক মায়াকান্না)। এটা সত্যিই খুব দুঃখজনক একটা ব্যাপার। তবে অবশ্যই হইহই রইরই করার মতো নয়! নির্বাচন গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর গণতন্ত্রের মতো একটা কিউট ব্যাপার কায়েম করতে গেলে দু-একটা প্রাণহানি হতেই পারে! এটা বরং তাঁদের সৌভাগ্য হিসেবে বিবেচিত হতে পারে যে একটা বৃহত্তর স্বার্থে তাঁরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন! এমন ভাগ্য কজনের হয়!