ইউনিয়ন পরিষদের চৌকিদার করেন মদের ব্যবসা!
মদের ব্যবসা করেন রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়ন পরিষদের চৌকিদার কালু মিয়া। গত ২৫ জুন রাতে তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় ৬০ লিটার মদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উপ-অঞ্চল ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এসব মদ উদ্ধার করে। কিন্তু কালু মিয়া এ সময় পালিয়ে যায়।পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, মাদকদ্রব্য কেনাবেচা প্রতিরোধসহ সব ধরনের অপরাধ দমনের শপথ নিয়ে কালু মিয়া ২০০৩ সালে ইউনিয়ন পরিষদের চৌকিদার হিসেবে নিয়োগ পান। আর তিনিই জড়িত হয়ে পড়লেন মদের ব্যবসায়। কালুর শাস্তি হওয়া উচিত বলে জানান তিনি। এলাকাবাসী জানান, পোমরা ইউনিয়নের মধ্যম নোয়াগাঁও গ্রামের সামশুল হক দফাদারের ছেলে কালু মিয়া (৪৬) ইউনিয়ন পরিষদের চৌকিদার হিসেবে নিয়োগ পাওয়ার পর নানান অসামাজিক কাজে জড়িয়ে পড়েন। অপরাধ দমনের নামে এলাকার চোর, ডাকাত, চাঁদাবাজদের সঙ্গে সখ্য গড়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। সামাজিক বিরোধ মীমাংসায় তিনি বাদী ও বিবাদী উভয়পক্ষকে পুলিশের ভয় দেখিয়ে টাকা আদায় করেন। রাতে বিক্রি করেন মদ। শুধু তাই নয়, নিজে মদ পান করে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন। রাঙামাটি থেকে তাঁর মেয়ের জামাই শহীদুল ইসলাম এসব মদ এনে দেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উপ-অঞ্চল, উপজেলা প্রশাসন ও পুলিশ গত ২৫ জুন রাত নয়টায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ লিটার মদ উদ্ধার করে। এ সময় চৌকিদার কালু মিয়া দৌড়ে পালিয়ে যান। এ ব্যাপারে ৭ জুলাই সকালে মুঠোফোনে যোগাযোগ করলে চৌকিদার কালু মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি নই, মদের ব্যবসা করেন আমার বোনের স্বামী ছৈয়দুল হক, বোন ও বোনের স্বামী আমার বাড়িতে ঘরজামাই থাকেন। মদের ব্যবসার জন্য তারা রাঙ্গুনিয়া থানার পুলিশ নামধারী আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু ঘুষখোর কর্মকর্তাদের মাসোয়ারা দিতেন।’ তাদের কোনো সময় আইনের হাতে তুলে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি নীরব থাকেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মদের ব্যবসায় জড়িত থাকার অপরাধে চৌকিদার কালু মিয়াকে বরখাস্ত করা হবে। আর তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।