ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ইউপি কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উগলছড়ির ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রটি এখন ইউনিয়ন পরিষদের কার্যালয় l প্রথম অালো
উগলছড়ির ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রটি এখন ইউনিয়ন পরিষদের কার্যালয় l প্রথম অালো

বাঘাইছড়ির উগলছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র ভবন নির্মিত হয় ২০০১ সালে। ১৫ বছর পার হলেও দেওয়া হয়নি জনবল। স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরু না হওয়ায় এক বছর ধরে ওই ভবনটি ব্যবহার হচ্ছে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় হিসেবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উগলছড়ি গ্রামে স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রটি নির্মাণ করা হয়। এতে নির্মাণের ব্যয় ধরা হয় ৫৪ লাখ ৫০ হাজার টাকা। এখানে একজন করে চিকিৎসক, পরিবারকল্যাণ পরিদর্শিকা, এমএলএসএস একজন ও নৈশপ্রহরী থাকার কথা। কিন্তু ১৫ বছরেও কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যালয় থেকে পরিদর্শিকা বিনয়া চাকমাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। তিনি মাঝেমধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে গিয়ে একটি কক্ষে কিছুক্ষণ বসে ওষুধ বিতরণ করে চলে আসেন।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে অযত্নের ছাপ স্পষ্ট। ভেঙে যাচ্ছে দরজা-জানালা। নিচতলার তিনটি কক্ষই তালা বন্ধ। দ্বিতীয় তলার তিনটি কক্ষ ইউপি কার্যালয় ও তথ্যসেবাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রেটি নির্মাণের পর একবারের জন্যও কোনো চিকিৎসকসেবা দিতে আসনেনি। সমান্য আঘাত পেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। উগলছড়ি গ্রামের বসিন্দা সুপায়ন চাকমা বলেন, ‘আমরা শুনেছি একজন চিকিৎসক নিয়মিত থাকার কথা। কিন্তু গত ১৫ বছরে কোনো চিকিৎসকের দেখা মেলেনি। মাঝেমধ্যে শুধু একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা এসে ওষুধ দিয়ে যান। এখন স্বাস্থ্যকেন্দ্রটি ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
স্বাস্থ্যকেন্দ্রের জমিদাতার ছেলে সম্রাটসুর চাকমা বলেন, ‘গ্রামে চিকিৎসাসেবা পাওয়ার আশায় আমার বাবা ৪০ শতক জমি দান করেন। কিন্তু গ্রামের কোনো ব্যক্তি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাসেবা পাচ্ছেন না। আমার বাবাও এখন বেঁচে নেই।’
বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিভ চাকমা বলেন, ‘ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণের কাজ চলছে। কয়েক মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে। পরিবারকল্যাণকেন্দ্রেটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আপাতত পরিষদের সদস্যরা সেখানে বসছেন। গত বছরের এপ্রিল মাস থেকে এই ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমা বলেন, ‘স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে একজন চিকিৎসক, একজন এমএলএসএস ও নৈশপ্রহরীর পদ শূন্য রয়েছে। ভবন নির্মাণের পর থেকে এসব পদ খালি। এখন কর্তৃপক্ষ জনবল নিয়োগ না দিলে আমাদের করার কিছুই নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘গ্রাম পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য উগলছড়ি গ্রামে স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন পরও জনবল নিয়োগ দেওয়া হয়নি। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবারকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’