ইউনেসকো পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনেসকো পুরস্কৃত করল বাংলাদেশি ফ্যাশন হাউস আড়ং ও অরণ্যকে। ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ফর হ্যান্ডিক্রাফট ২০১২, সাউথ এশিয়া প্রোগ্রাম’ জিতে নিল এই দুটি প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী ১০টি দেশের ১৮৯টি পণ্যের মধ্যে অরণ্যের পণ্য ছিল একটি, তা হলো জাপানি শিবোরি টাইডাইয়ের ওপর নকশিকাঁথার কাজ করা স্কার্ফ। অপর দিকে আড়ং প্রদর্শন করেছিল তিনটি পণ্য—বিয়ের গয়নার বাক্স, জামদানি ওড়না ও নকশিকাঁথার টেবিল রানার। অরণ্যের নির্বাহী চেয়ারম্যান রুবি গজনবী বললেন, ‘অরণ্যের মূল বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ দেশীয় উপকরণে দেশীয় ধাঁচের পোশাক তৈরি। স্কার্ফটির নীল রং তৈরি করা হয়েছে আমাদের দেশে উৎপাদিত নীল থেকে। জমিনে জাপানি শিবোরি টাইডাই করে পাড়ে দেওয়া হয়েছে সাদা সুতায় নিখুঁত নকশি ফোঁড়ের কাজ। এই সম্মান অরণ্যের নিবেদিতপ্রাণ কর্মীদের। তাঁদের কারণেই আজ অরণ্যের পোশাক রপ্তানি হচ্ছে জাপান, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কোরিয়ার মতো দেশে।’সামনে চলার অনুপ্রেরণায় দীপ্ত হয়েছে আড়ংও। এ প্রসঙ্গে আড়ংয়ের জ্যেষ্ঠ পরিচালক তামারা আবেদ বললেন, ‘ইউনেসকোর এই সম্মাননা আমাদের গর্বিত করেছে আড়ংয়ের উৎকৃষ্ট মান, কারুশিল্পীদের নৈপুণ্য ও নকশার নতুনত্ব নিয়ে। একই সঙ্গে আমরা গর্বিত দেশের ঐতিহ্যকে তুলে ধরতে পেরে।’ উল্লেখ্য, প্রতিবছরই ইউনেসকো এই পুরস্কার দিয়ে থাকে। অরণ্য ও আড়ং বিগত বছরগুলোতেও এই পুরস্কার পেয়েছিল।