ইউপি কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের মাঠে পশুর হাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মাঠে বসছে পশুর হাট। এতে ইউপি কার্যালয়ে আসা লোকজন ও চিকিৎসা নিতে আসা রোগীরা দুর্ভোগ পোহাচ্ছে।
গত ৩০ নভেম্বর সরেজমিনে দেখা যায়, চকরিয়া-বদরখালী সড়কের পাশেই পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ কার্যালয়। পরিষদের প্রধান ফটক দিয়ে ঢুকতেই দেখা যায় শত শত গরু-ছাগল বিক্রির জন্য বেঁধে রাখা হয়েছে। প্রধান ফটক থেকে ইউপি কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের বারান্দা পর্যন্ত গবাদিপশুর উপচে পড়া ভিড়। মাঠে বসানো হয়েছে খাবার হোটেল, চায়ের দোকান থেকে শুরু করে রকমারি দোকান। ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ্যকেন্দ্রের সামনের অংশ এখন ময়লা–আবর্জনা ও গরুর মলে একাকার হয়ে গেছে। স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ।
ইউপি কার্যালয়ে জন্মনিবন্ধন সনদ নিতে আসা মকবুলাবাদ গ্রামের বাসিন্দা আবদুর রহিম (২৬) বলেন, গরুর হাট মাড়িয়ে পরিষদে ঢুকতে হচ্ছে। এ কারণে পরিষদের সৌন্দর্য ও নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি সেবাপ্রার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা নিতে আসা মনোয়ারা বেগম (৪৪) বলেন, গরু আর ছাগলের জন্য স্বাস্থ্যকেন্দ্রে ঢোকা দায়। এমন অস্বাস্থ্যকর পরিবেশে কীভাবে চিকিৎসা চলবে?
স্থানীয় লোকজনের অভিযোগ, তিন মাস আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন ইলিশিয়া বাজার থেকে পশুর হাটটি উঠিয়ে পরিষদের সামনের জায়গায় বসিয়েছেন। গরুর হাট বসানো হলেও এখন পর্যন্ত কোনো ইজারা দেওয়া হয়নি।
ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ৩০ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সমন্বয় সভায় ইউপি কার্যালয়ের মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়। সে মোতাবেক নিয়মিত পশুর হাট বসানো হচ্ছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রথম আলোকে জানান, ২৬ অক্টোবর তিনি চকরিয়ায় যোগদান করেছেন। ইউপি কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের মাঠে পশুর হাট বসানোর খবর তাঁর জানা নেই। খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন।