দুস্থ নারীদের উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) আওতায় আগস্ট মাসের বরাদ্দ হিসেবে আতপ চালের পরিবর্তে সেদ্ধ চাল দেওয়া হয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চেয়ারম্যানদের দাবি, পার্বত্য চট্টগ্রামে ভিজিডি কর্মসূচিতে আতপ চাল দেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। বিষয়টি স্বীকার করেছে জেলা খাদ্য বিভাগ। তবে বর্তমানে কোথাও আতপ চাল মজুদ না থাকায় সরকার সেদ্ধ চাল বরাদ্দ দিয়েছে বলে তারা জানায়। রাঙামাটি জেলা খাদ্য বিভাগের পরিদর্শক (মজুদ ও কর্মসূচি) আদি রঞ্জন তঞ্চঙ্গ্যা জানান, রাঙামাটি জেলার ৪৮টি ইউনিয়নের ১১ হাজার ৮৩১ জন দুস্থ নারীর মধ্যে প্রতি মাসে ৩৫৪ মেট্রিক টন ৯৩০ কেজি চাল বিতরণ করা হয়। আগস্ট মাসের জন্য বরাদ্দ সেদ্ধ চালগুলো ইতিমধ্যে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতি দুস্থ মহিলার পরিবারের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। বরাদ্দকৃত চাল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত চাল অবশ্যই প্রতি মাসে উত্তোলন ও বিতরণ করতে হয়। ইউপি চেয়ারম্যানরা বলছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ সেদ্ধ চাল খেতে অভ্যস্ত নন। দূরদূরান্ত থেকে চাল নিতে এসে দুস্থ মহিলাদের যে খরচ হয় চাল বিক্রি করে সে খরচও ওঠে না। সিদ্ধ চাল নিয়ে ইতিপূর্বে অনেক ইউপি চেয়ারম্যানকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে।রাঙামাটি সদর উপজেলা বন্দুকভাঙ্গার ইউপি চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা বলেন, সিদ্ধ চাল দেওয়ার খবর পেলে দুস্থ মহিলারা চাল নিতে নাও আসতে পারেন। কারণ, সিদ্ধ চাল খেতে এখানকার মানুষ অভ্যস্ত নন। সে কারণে বিক্রিও হয় আতপ চালের অর্ধেক দামে অর্থাৎ কেজিপ্রতি মাত্র ১০ থেকে ১১ টাকায়। বরকল উপজেলা সুবলংয়ের ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, অনেক দুস্থ মহিলা চাল নিতে দূরদূরান্ত থেকে সারা দিন সময় নষ্ট করে ট্রলার ভাড়া দিয়ে আসেন। আর সিদ্ধ চাল হলে তা বিক্রি করে পাবেন মাত্র ৩০০ টাকা। রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস বলেন, ‘পার্বত্য এলাকায় ভিজিডি কর্মসূচিতে আতপ চাল দেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। সরকারও আতপ চাল কেনার চেষ্টা করছে। এ মাসের মধ্যে তা সম্ভব না হলে সিদ্ধ চাল বিতরণ করতে হবে।’