ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী ২৫ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন নারী নির্বাচিত হয়েছেন। তাঁদের ২১ জন আওয়ামী লীগের, জাতীয় পার্টির একজন ও স্বতন্ত্র তিনজন। চেয়ারম্যান পদে নারীদের জয়ের এই সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। অবশ্য এই ২৫ জনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ছয়জন।
ছয় ধাপের নির্বাচন শেষে নির্বাচন কমিশনের প্রকাশ করা চার হাজার ইউপির ফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, প্রথম ধাপে আট, দ্বিতীয় ধাপে চার, তৃতীয় ধাপে এক, চতুর্থ ধাপে তিন, পঞ্চম ধাপে পাঁচ এবং ষষ্ঠ ধাপে চারজন নারী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোট কতজন নারী প্রার্থী হয়েছেন, সে তথ্য কমিশন সচিবালয় থেকে পাওয়া যায়নি।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে নারীর অংশগ্রহণ ও জয়ের হার—দুটিই বাড়ত। প্রথম ধাপের সহিংসতা ও কেন্দ্র দখলের ঘটনা দেখে প্রার্থী হতে আগ্রহী নারী ও তাঁদের পরিবারের লোকজন নিরুৎসাহিত হয়ে পড়েন। তিনি বলেন, এমনিতে দল থেকে নারীদের সুযোগ দেওয়া হয় কম, তার ওপর সহিংসতা ছিল আরেকটি প্রতিবন্ধকতা।
প্রথম আলোর পর্যালোচনা অনুযায়ী, প্রথম ধাপের ৬৪৮টি ইউপিতে আওয়ামী লীগ মাত্র আটটি ইউপিতে চেয়ারম্যান পদে নারী প্রার্থী মনোনয়ন দেয়। তাঁদের মধ্যে সবাই জিতেছেন, অবশ্য তাঁদের পাঁচজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দ্বিতীয় ধাপের ৬৩৯টি ইউপিতে দলটি মাত্র চারজন নারীকে মনোনয়ন দেয়। তাঁদের মধ্যে তিনজন জিতেছেন এবং একজন পরাজিত হয়েছেন। অন্যদিকে বিএনপি প্রথম ধাপে ৫৯৩টি ইউপিতে প্রার্থী মনোনয়ন দিলেও তাঁদের মধ্যে নারী ছিলেন মাত্র ছয়জন। দ্বিতীয় ধাপে তারা কোনো নারীকে প্রার্থী করেনি। এ ছাড়া জাকের পার্টি ও জাতীয় পাটি (জেপি) একজন করে নারী প্রার্থী মনোনয়ন দেয়।
বেসরকারি প্রতিষ্ঠান স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নারী প্রার্থীর সংখ্যা ছিল ১০২ জন। তাঁদের মধ্যে জয়ী হয়েছিলেন ২৩ জন। ২০০৩ সালের নির্বাচনে ২৩২ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন, জয়ী হন ২২ জন। ২০১১ সালের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ২২৬ জন নারী, জয়ী হন ২৩ জন। এসব ইউপি নির্বাচন হয়েছিল নির্দলীয়ভাবে।
এবার সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ২ হাজার ৬৬৭টিতে, বিএনপি ৩৬৭, জাতীয় পার্টি ৫৭, জাসদ ৮, জাতীয় পার্টি (জেপি) ৫, ওয়ার্কার্স পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩টি করে এবং জমিয়তে ওলামায়ে ইসলাম ও জাকের পার্টি ১টি করে ইউপিতে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন ৮৮৮টি ইউপিতে। ১০৪টি ইউপিতে নতুন করে ভোট গ্রহণ করতে হবে।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে মোট ৬২ জন নারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় ধাপে তা কমে ১০ জনে নেমে আসে। কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তারা বলেন, প্রথম ধাপে ব্যাপক জাল ভোট ও কেন্দ্র দখলের কারণে দ্বিতীয় ধাপ থেকে নারীরা প্রার্থী হওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন, যা শেষ ধাপ পর্যন্ত অব্যাহত ছিল।
বিএনপি থেকে চেয়ারম্যান পদে নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন খুব কম। এ বিষয়ে জানতে চাইলে দলটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান সম্প্রতি প্রথম আলোকে বলেন, নির্বাচনের মাঠে পুরুষ প্রার্থীরাই টিকতে পারেননি। নারীরা কীভাবে টিকে থাকবেন। সে জন্যই এবারের ইউপিতে বিএনপি থেকে নারীদের উৎসাহিত করা হয়নি।
নির্বাচিত ২৫: নির্বাচিত ২৫ জন নারী চেয়ারম্যানের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন জেসমিন আক্তার (সিদ্ধকাঠি, নলছিটি সদর, ঝালকাঠি), মর্জিনা বেগম (সোনাইলতলা, মোংলা, বাগেরহাট), বিউটি আক্তার (সন্তোষপুর, চিতলমারী, বাগেরহাট), শিরীন আখতার (ফকিরহাট, বাগেরহাট), মোরশেদা আক্তার (তেলিগাতি, মোরেলগঞ্জ, বাগেরহাট) ও শাহিদা মোশাররফ (দুপ্তারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ)। তাঁরা সবাই আওয়ামী লীগ মনোনীত। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে জিতেছেন তাসলিমা বেগম (রাড়িপাড়া, কচুয়া, বাগেরহাট), প্রগতি মণ্ডল (দৈহারী, নেছারাবাদ, পিরোজপুর), সানজিদা আক্তার (মালখানগর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ), সম্পা মাহমুদ (হাটশহরীপুর, কুষ্টিয়া সদর), সানজিদা সুলতানা (মরজাল, রায়পুরা, নরসিংদী), তাহেরা খাতুন (রংছাতি, কলমাকান্দা, নেত্রকোনা), মাজেদা খাতুন (জারিয়া, পূর্বধলা, নেত্রকোনা), হাচিনা পারভীন (রতনদিয়া, কালুখালী, রাজবাড়ী), সেলিনা জামান (চরআত্রা, নড়িয়া, শরীয়তপুর), নিলুফার ইয়াসমীন (নগর, বড়াইগ্রাম, নাটোর), তাসলিমা আক্তার (নলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম), শামসুন নাহার (দেওরগাছা, চুনারুঘাট, হবিগঞ্জ), নাছরিন সুলতানা (নওয়াপাড়া, যশোর সদর), নাজনীন নাহার (রামনগর, যশোর সদর) ও রওশন আরা বেগম (বাহিরচর, ভেড়ামারা, কুষ্টিয়া)।
জাতীয় পার্টি থেকে জয়ী হয়েছেন সুলতানা আখতার (মমিনপুর, রংপুর সদর)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন নার্গিস আক্তার (কুলাউড়া, মৌলভীবাজার), মৌসুমী আক্তার (পূর্ব নবীনগর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) ও কানন চাকমা (কুতুকছড়ি, রাঙামাটি সদর)।