ইউপি নির্বাচনের দাবিতে সুয়াবিলে আন্দোলন
ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের বাসিন্দারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে। আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ওপর নির্বাচন কমিশনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে তারা।এই দাবিতে গত কয়েক দিনে সুয়াবিল ইউনিয়নের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও মানববন্ধন হয়েছে। উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছে আন্দোলনকারী বাসিন্দারা।উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মে ফটিকছড়ি উপজেলার ২০ ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। বাকি পাঁচটি ইউনিয়নের মধ্যে ধুরুং-রাঙ্গামাটিয়া ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি পৌরসভা ও সুয়াবিল-দৌলতপুর ইউনিয়ন নিয়ে নাজিরহাট পৌরসভা গঠনের পরিকল্পনা থাকায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়া সীমানাসংক্রান্ত বিরোধের কারণে স্থগিত করা হয় নানুপুর ইউনিয়নের নির্বাচন।এর মধ্যে প্রায় বছর খানেক আগে ধুরুং-রাঙ্গামাটিয়া ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি পৌরসভা গঠিত হয়। তবে সুয়াবিলবাসীর বিরোধিতার কারণে এখনো ঘোষিত হয়নি নাজিরহাট পৌরসভা। জানা গেছে, ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হায়াত সুয়াবিলকে পৌরসভায় অন্তর্ভুক্ত না করার অনুরোধ জানিয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন গত বছরের ২১ জুন। আবেদনটি আদালত আমলে নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনমত যাচাই করার জন্য উপজেলা প্রশাসনকে লিখিত নির্দেশ দেন। চলতি বছরের মে মাসে কর্তৃপক্ষ জনমত যাচাই করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে দৌলতপুর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা এবং সুয়াবিল ইউনিয়নের একাংশ (৪৬৩ একর) নিয়ে নাজিরহাট পৌরসভা গঠনের কথা বলা হয়। কিন্তু সুয়াবিলবাসী পৌরসভা গঠনের বিপক্ষে অবস্থান নেন। তাঁরা সে দাবিতে গত এক সপ্তাহে ইউনিয়নের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।সর্বশেষ ৯ জুলাই সোমবার আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন এলাকার ভোটার ও প্রার্থীরা। সভায় বক্তারা বলেন, ‘সুয়াবিল পিছিয়ে পড়া একটি জনপদ। এখানে পৌরসভা গঠন করা হলে জনগণের ওপর করের বোঝা চাপবে। তাই দ্রুত ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে হবে এলাকার উন্নয়নের স্বার্থে।’ আওয়ামী লীগের স্থানীয় নেতা আলী আকবর বলেন, ‘এক মাসের মধ্যে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়নবাসী ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবি তুলেছেন। নাজিরহাট পৌরসভায় অন্তর্ভুক্ত না করার আবেদন জানিয়ে একটি স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।