পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়ন বন্ধ ও দাবি আদায়ে তিন আদিবাসী সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তাব দিয়েছে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)। এ প্রস্তাবকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়ে এতে সাড়া দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএএ)। উভয় দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। যোগাযোগ করা হলে (১১ অক্টোবর) ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নেতা নিরন চাকমা বলেন, ‘রাঙামাটির সামপ্রদায়িক ঘটনার পর পরই ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা জেএসএস নেতা ঊষাতন তালুকদারের কাছে একজন বিশ্বস্ত ব্যবসায়ীর মাধ্যমে কর্মসূচিভিত্তিক ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তাব পাঠান। ২৭ সেপ্টেম্বর রাতে ঊষাতন তালুকদার মুঠোফোনে উজ্জ্বল স্মৃতি চাকমার সঙ্গে কথা বলেন। ওই সময় ঊষাতন জানান, সন্তু লারমা রাঙামাটির বাইরে আছেন, তাই এখন কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না। পরে সিদ্ধান্ত জানানো হবে বলে বললেও এরপর আর কোনো যোগাযোগ করেননি।নিরন চাকমা বলেন, ‘আমরা জেএসএস (এমএন লারমা) দলের সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচিভিত্তিক যৌথ কর্মসূচি পালন করেছি। আমরা চেয়েছিলাম ২২ সেপ্টেম্বরে রাঙামাটিতে সংঘটিত সামপ্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে তিন সংগঠনের যৌথ কর্মসূচি পালন করতে। এ ব্যাপারে জেএসএস (এম এন লারমা) সম্মতি দিয়েছেন।’ ঊষাতন তালুকদার নিরন চাকমার দাবি অস্বীকার করে বলেন, ‘আমাদের দলে কোন্দল সৃষ্টির লক্ষ্যে ইউপিডিএফ এ অপকৌশল অবলম্বন করেছে। আমার কাছে সে ধরনের কোনো প্রস্তাব আসেনি বা আমি কারও সঙ্গে ওই বিষয়ে কথাও বলিনি।’ ঊষাতনের দাবি, ইউপিডিএফ দীর্ঘদিন ধরে তাঁদের দলের প্রতি সাধারণ মানুষের সমর্থনের ভিত ভেঙে দিতে ও দলে পরস্পরের অবিশ্বাস সৃষ্টির লক্ষ্যে নানা অপপ্রচার চালিয়ে আসছে। এটি সে ধরনের অপচেষ্টার অংশ।জানা গেছে, ইউপিডিএফ নেতা নিরন চাকমা ৬ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়ন বন্ধ ও আদিবাসীদের দাবি আদায়ে ইউপিডিএফ, জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন লারমা) সদস্যদের কর্মসূচিভিত্তিক ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তাব দেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১০ সালে বাঘাইহাট ও খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনার পরও ইউপিডিএফের পক্ষ থেকে ঐক্যবদ্ধ কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবের ব্যাপারে দুই দলের কয়েকজন নেতার মধ্যে ফোনে আলাপ হলেও সমঝোতা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে জনসংহতি সমিতির একাধিক নেতা বলেন, ইউপিডিএফ সৃষ্টি হয়েছে চুক্তি বাস্তবায়নকে বাধাগ্রস্ত ও জনসংহতি সমিতিকে ধ্বংস করতে। তাই তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না। তাঁরা বলেন, ইউপিডিএফ যদি পার্বত্য চুক্তিকে মেনে নেয় এবং সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি বন্ধ করে, হাতে থাকা অস্ত্র যেকোনো কর্তৃপক্ষের কাছে জমা দেয় তাহলে ঐক্যবদ্ধ আন্দোলন নিয়ে চিন্তা করা যায়।নাম প্রকাশ না করার শর্তে ভারত প্রত্যাগত একজন শরণার্থী নেতা বলেন, ‘তিন দলের সমঝোতার বিষয়ে যে সব কথাবার্তা চলছে তা রাজনৈতিক ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়।’প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাত বন্ধে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের সঙ্গে জনসংহতি সমিতির চুক্তি সই হয়। ওই চুক্তি নিয়ে জনসংহতি সমিতি ও তৎকালীন কয়েকজন ছাত্রনেতার মধ্যে মতভেদ দেখা দেয়। পরে ছাত্রনেতা প্রসিত বিকাশ খীসার নেতৃত্বে ইউপিডিএফ বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট নামের আলাদা একটি সংগঠন গড়ে ওঠে। তখন থেকে দুই রাজনৈতিক দলের ভ্রাতৃঘাতী সংঘর্ষে তিন পার্বত্য জেলায় ছয় শতাধিক আদিবাসী নিহত এবং অসংখ্য অপহরণ ও গুমের ঘটনা ঘটে।