ইউপির প্রচারণা পৌর এলাকায়, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচরণবিধি লঙ্ঘন করে গত বৃহস্পতিবার সকাল ১০টায় গাড়িবহর নিয়ে পৌরসভার পল্লনপাড়া এলাকায় প্রচারণা চালান সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান মিয়া l প্রথম আলো
আচরণবিধি লঙ্ঘন করে গত বৃহস্পতিবার সকাল ১০টায় গাড়িবহর নিয়ে পৌরসভার পল্লনপাড়া এলাকায় প্রচারণা চালান সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান মিয়া l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নির্বাচন হচ্ছে না। কিন্তু তারপরও প্রার্থীদের প্রচারণায় ঘুম হারাম পৌরবাসীর। দুপুরের পর থেকে মাইকিংয়ে কান ঝালাপালা হচ্ছে। অনেকে আচরণবিধি লঙ্ঘন করে গাড়ির বহর নিয়ে প্রধান সড়কে নির্বাচনী শোভাযাত্রাও করছেন। ফলে যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে অতিষ্ঠ পৌরবাসী।
টেকনাফ উপজেলা চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি)—টেকনাফ সদর, সাবরাং, বাহারছড়া ও সেন্ট মার্টিনে নির্বাচন ২২ মার্চ। অপর দুটি ইউপি হ্নীলা ও হোয়াইক্যংয়ে নির্বাচন ৩১ মার্চ। এই ছয় ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন পৌর এলাকায়। প্রার্থীদের দাবি, পৌর এলাকায় তাঁদের ইউনিয়নের ভোটার থাকায় প্রচারণা চলাতে হচ্ছে।
৭ মার্চ দুপুরে পৌর শহরের প্রধান সড়কে অটোরিকশা নিয়ে নৌকা প্রতীকের প্রচারণা চালিয়েছেন কয়েকজন যুবক। এ সময় তাঁরা টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের পক্ষে ভোট চান।
একটু পরে ওই এলাকায় জিপ নিয়ে প্রচারণায় আসেন একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান মিয়ার সমর্থকেরা। একইভাবে পৌরসভার অলিয়াবাদ এলাকায় প্রচারণা চালাচ্ছেন বিএনপি-সমর্থিত প্রার্থী জিয়াউর রহমানের সমর্থকেরা। তা ছাড়া অন্য প্রার্থীদের প্রচারণার মাইকিং তো আছেই।
এ প্রসঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আলম, জিয়াউর রহমান ও শাহজাহান মিয়া জানান, নির্বাচনী এলাকার ভোটাররা অবস্থান করেন পৌর শহরে। তাই তাঁদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রচারণা চালাতে হচ্ছে। তবে আচরণবিধি মেনেই তাঁরা প্রচারণায় নেমেছেন।
পৌর এলাকার বাসিন্দা ও টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. ইলিয়াছ জানায়, গভীর রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর পক্ষে মাইকিং চলে। এসব শব্দের কারণে ঠিকমতো পড়ালেখা করা যাচ্ছে না। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের কষ্ট হচ্ছে বেশি।
পৌরসভার ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল খালেক, নবী হোসেন ও আবদুল গফুর বলেন, নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদে। কিন্তু প্রচারণা চলছে পৌর শহরে। প্রতিদিন মাইক বাজিয়ে শহরের বিভিন্ন অলিগলিতে শতাধিক প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এসব দেখার কেউ নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সকালে সাবরাং ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোনা আলী দুই শতাধিক লোকজনের গাড়ির বহর নিয়ে পৌর শহরের প্রধান সড়কে শোভাযাত্রা করেন। বিকেলে পৌরসভার ভেতর দিয়ে পুনরায় নিজ এলাকা সাবরাংয়ের শাহপরীর দ্বীপে ফিরে যান।
একই দিন সাবরাং ইউনিয়নের বিএনপির প্রার্থী সুলতান আহমদ, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ ইসমাইল, বাহারছড়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আজিজ উদ্দিন, বিএনপির প্রার্থী সেকান্দার বাদশা ও সেন্ট মার্টিনের আওয়ামী লীগ প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকেরাও জিপ, অটোরিকশা, মাইক্রোবাসসহ একাধিক গাড়ির বহর নিয়ে পৌর শহরে প্রচারণা চালিয়েছেন। এ কারণে শহরের প্রধান সড়কে যানজট পড়ে ভোগান্তি পোহান যাত্রীরা।
অথচ গাড়িবহর নিয়ে প্রচারণা চালানো আচরণবিধির লঙ্ঘন। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলার বাহারছড়া ও সাবরাং ইউনিয়নের তিনজন চেয়ারম্যান প্রার্থী আজিজ উদ্দিন, সোনা আলী ও মোহাম্মদ ইসমাইল জানান, দলীয় সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর প্রতীক বরাদ্দসহ নানা খবর জানতে গাড়ির বহর নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসা-যাওয়া করেছেন। ইউনিয়ন থেকে উপজেলা পরিষদে যেতে হয় পৌর শহরের ভেতর দিয়ে। এ সময় কোনো প্রচারণা চালানো হয়নি।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘আচরণবিধি ভঙ্গ করে কয়েকজন চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ ইউপি সদস্য গাড়ির বহরের মাধ্যমে শোডাউন করার খবর পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌর শহরের মানুষের ভোগান্তি দূর করারও চেষ্টা চলছে।’