ইউরোপ-আমেরিকায় মৌমাছিরা কেন পালায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসের একটি মৌমাছি পালন কেন্দ্রে একটি মৌচাক। ছবি: রয়টার্স
প্যারিসের একটি মৌমাছি পালন কেন্দ্রে একটি মৌচাক। ছবি: রয়টার্স

‘সিসিডি’ নামে পরিচিত ‘কলোনি কলাপস ডিসঅর্ডার’ বা উত্তর গোলার্ধে মৌমাছির রহস্যময় নিরুদ্দেশ রোগের গবেষণায় এবার হাজার হাজার মৌমাছির গায়ে বেতার তরঙ্গ সংবেদনশীল ক্ষুদ্রাতিক্ষুদ্র সেন্সর জুড়ে দিচ্ছেন অস্ট্রেলীয় বিজ্ঞানীরা।

মৌমাছিদের গায়ে জুড়ে দেওয়া এসব মাইক্রোচিপের অবস্থান এবং নড়াচড়া বিজ্ঞানীরা বেতার তরঙ্গের সাহায্যে পর্যবেক্ষণ করতে পারবেন। যার ফলে এখন থেকে এসব মৌমাছিরা কোন মৌসুমে কোন ভৌগোলিক অবস্থানে যাতায়াত করছে এবং কোথায় কতক্ষণ বা কত দিন থাকছে তার খোঁজখবরও নেওয়া যাবে। এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৌমাছিদের উড়াল পথ এবং যাতায়াতের ত্রিমাত্রিক মানচিত্রও তৈরি করতে পারবেন গবেষকেরা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জার্মানিতে মৌচাকের কাছে পরাগরেণু বয়ে নিয়ে যাচ্ছে একটি মৌমাছি। ছবি: রয়টার্স
জার্মানিতে মৌচাকের কাছে পরাগরেণু বয়ে নিয়ে যাচ্ছে একটি মৌমাছি। ছবি: রয়টার্স

‘সিএসআইআরও’ বা ‘কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানীরা জানিয়েছেন, এ গবেষণায় সাফল্য পেলে কলোনি কলাপস ডিসঅর্ডার বা মৌমাছিদের রহস্যময় নিরুদ্দেশের কুলকিনারা করার পথে অগ্রগতি পাওয়া যেতে পারে। পাশাপাশি মৌমাছি ও মৌচাকে ‘ভেরোয়া মাইট’ নামের রোগ ছড়িয়ে পড়ার কারণ সম্পর্কেও জানা সহজ হতে পারে।

মৌমাছি পালনের ইতিহাসে কর্মী মৌমাছিদের এমন মৌচাক ছেড়ে আকস্মিক নিরুদ্দেশে চলে যাওয়ার কথা বহু প্রাচীন কাল থেকেই প্রচলিত। তবে সাম্প্রতিক সময়ে উত্তর আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোতে এ রোগের বিস্তারে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ২০০৬ সালে বিজ্ঞানীরা এই রোগের নাম দিয়েছেন কলোনি কলাপস ডিসঅর্ডার।

যুক্তরাষ্ট্র ও কানাডার পাশাপাশি ইউরোপের বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ইতালি ও গ্রিসে বিগত বছরগুলোতে মৌমাছিরা এই অজানা রোগের কবলে পড়েছে। নানা শস্যের পরাগায়নে মৌমাছির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় কৃষি অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব রয়েছে। কৃষি অর্থনীতিতে মৌমাছির পরাগায়নের প্রভাবের একটি আনুমানিক আর্থিক হিসাব দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা। তাদের হিসেবে ২০০৫ সালে এটা ছিল প্রায় ২০০ বিলিয়ন ডলার। ফলে মৌমাছির এই রহস্যময় রোগের প্রতিকার নিয়ে চিন্তিত বিভিন্ন শক্তিশালী দেশের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে বিজ্ঞানীরাও।

অস্ট্রেলিয়ায় আসন্ন গ্রীষ্মকালে তাসমানিয়া দ্বীপপুঞ্জে প্রায় পাঁচ হাজার মৌমাছির গায়ে এই বেতার তরঙ্গ সংবেদনশীল সেন্সর জুড়ে দেওয়ার পরিকল্পনা করছেন এই বিজ্ঞানীরা। পাঁচ মিলিগ্রাম ওজনের প্রায় আড়াই মিলিমিটার বর্গাকৃতির এই সেন্সর জুড়ে দিতে মৌমাছিগুলোকে ঠান্ডার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। অল্পবয়সী মৌমাছিদের বেশি পশম থাকায় কখনো কখনো তাদের গায়ে এটা জুড়তে হলে শেভ করিয়ে নিতে হয়। তবে বিজ্ঞানীরা আশা করছেন, অদূর ভবিষ্যতে এই মাইক্রোচিপের আকৃতি এক বর্গমিলিমিটারের মধ্যে কমিয়ে আনা সম্ভব হবে। সে ক্ষেত্রে মশাসহ অন্যান্য ক্ষুদ্র পোকামাকড়ের গায়েও এই সেন্সর জুড়ে দেওয়া সম্ভব হবে।

কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের এ প্রকল্পের পরিচালক পাওলা ডি সুজা বলেছেন, ‘এ প্রযুক্তি ব্যবহার করে আমরা পরিবেশের সঙ্গে মৌমাছির সম্পর্ককে আরও নিবিড়ভাবে বোঝার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, বিশ্বজুড়ে শস্যের পরাগায়নে মৌমাছির ভূমিকার পরিপ্রেক্ষিতে এই গবেষণার ফলে কৃষক এবং ফল উত্পাদকেরা শস্য ব্যবস্থাপনা বিষয়ে ধারণা পাবেন।