ইউরোপে 'সাহসী' বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীতে আসা অতিথিদের সঙ্গে কিউরেটর ডায়ানা ক্যাম্পবেল (সর্বডানে)। ছবি: সংগৃহীত
প্রদর্শনীতে আসা অতিথিদের সঙ্গে কিউরেটর ডায়ানা ক্যাম্পবেল (সর্বডানে)। ছবি: সংগৃহীত
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলছে বাংলাদেশের ১১ জন তরুণ শিল্পীর প্রদর্শনী। সাহসী আর ব্যতিক্রমী কাজের মধ্য দিয়ে তাঁরা তুলে ধরেছেন বাংলাদেশকে। ‘ইউ ক্যান নট ক্রস দ্য সি, বাই মেয়ারলি সিয়িং এট দ্য ওয়েভস’ শিরোনামের প্রদর্শনী চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত
শিল্পী: সুমন আহমেদ
শিল্পী: সুমন আহমেদ

বিস্কুট রঙা এক লতানো অবয়ব। সেটা উঠে গেছে প্রায় ছাদ অবধি। ভালোমতো খেয়াল করে দেখলে চমকে উঠতে হয়। এই লতানো ভাস্কর্য আসলে আপাদমস্তক রুটির তৈরি! অভাবনীয় এই রুটির স্তূপ থেকে চোখ ফিরিয়ে চলুন অন্যদিকে। সেখানে আছে সোনালি রঙা একটা শিল্পকর্ম। স্রেফ একটা মামুলি পর্দার মতো দেয়ালে ঝুলছে। প্রথম দেখায় হয়তো সোনালি রংটাই চোখে পড়বে। পরে মনে হবে এটা খুব চেনা। আদতে বাংলাদেশে বহুল প্রচলিত আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট থেকে তৈরি এটি। শিল্পী নাবিল রহমান।
‘ফয়েলগুলো কায়দা করে পেছন দিয়ে টেপ দিয়ে আটকানো। সিগারেটের এই বিশ্বখ্যাত ব্র্যান্ডটা আমাদের ঔপনিবেশিক অতীতের কথা মনে করিয়ে দেবে। আর সোনালি রংটা ইম্পেরিয়ালিজমের প্রতীক বলতে পারেন।’ তরুণ শিল্পী নাবিল রহমান ব্যাখ্যা করছিলেন তাঁর শিল্পকর্ম।
নজর কাড়তে পারে সুমন রহমানের একাকী টেলিফোন সেট অথবা আয়েশা সুলতানার নান্দনিক শিল্পকর্মও। এ রকমই সব বিস্ময় নিয়ে ইউরোপের দেশ অস্ট্রিয়ার ভিয়েনায় পেঁৗছে গেছে বাংলাদেশের ১১ জন শিল্পীর কাজ। ক্রিনজিনগার প্রজেক্টের উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘ইউ ক্যান নট ক্রস দ্য সি বাই মেয়ারলি সিয়িং এট দ্য ওয়েভস’ শিরোনামের এই প্রদর্শনী।

শিরোনামহীন, শিল্পী: আয়েশা সুলতানা
শিরোনামহীন, শিল্পী: আয়েশা সুলতানা

বাংলাদেশের ১১ জন শিল্পীর এই কাজের কিউরেটর ডায়ানা ক্যাম্পবেল ব্যাটেনকোর্ট। ডায়ানার নামটি অনেকেরই মনে থাকার কথা। কারণ, ডায়ানা ছিলেন গত ফেব্রুয়ারিতে আয়োজিত ঢাকা আর্ট সামিটের প্রধান কিউরেটর। মার্কিন এই কিউরেটর দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করছেন পাঁচ বছরের বেশি সময় ধরে। ২০১৪ সালেও ঢাকা আর্ট সামিটের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডায়ানা। সামদানী আর্ট ফাউন্ডেশনের নিয়মিত প্রদর্শনী ও এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোর পাশাপাশি তিনি সিলেটে সামদানীর একটি স্থায়ী সংগ্রহশালা গড়ে তোলার জন্য কাজ করে চলেছেন।
আমাদের উদীয়মান তরুণ শিল্পীদের নিয়ে এ রকম মনে রাখার মতো একটা প্রদর্শনী। বিস্তারিত না জানলেই নয়। অনেক কাঠখড় কুড়িয়ে শেষে পাওয়া গেল ডায়ানাকে। তখন তিনি অস্ট্রিয়ায়। আলাপ হলো ই-মেইলে।
‘আমি তাঁদের কাজকেই গুরুত্ব দিয়েছি যাঁদের কাজ মনে হয়েছে গতানুগতিকতা বা প্রচলিত ধারার বাইরে। যাঁরা চিরকালীন কাজের ধারা থেকে বের হয়ে একধরনের পরিবর্তন আনতে চেয়েছেন।’ বলছিলেন ডায়ানা ক্যাম্পবেল।

প্রদর্শনীতে যে ১১ জন শিল্পীর কাজ রয়েছে তাঁরা হলেন মোস্তফা জামান, মুনেম ওয়াসিফ, আয়েশা সুলতানা, সুমন আহমেদ, রফিকুল শুভ, নাবিল রহমান, এহসানুল করিম, মারজিয়া ফারহানা, শওকত হোসেন, রিনি মিত্র ও ঈশিতা মিত্র।

অ্যাবসেন্ট প্যারালাইসিস, শিল্পী: রিনি মিত্র
অ্যাবসেন্ট প্যারালাইসিস, শিল্পী: রিনি মিত্র

ইউরোপের মতো জায়গায় বাংলাদেশের তরুণ শিল্পীদের নিয়ে কাজ করার চ্যালেঞ্জ কী ছিল?
ডায়ানার জবাব, ‘১১ জন শিল্পীর সবাই তরুণ। এমনকি তাঁদের কেউ কেউ এখনো শিক্ষার্থী। অনেকেরই ইউরোপে এটাই প্রথম প্রদর্শনী। দর্শক তাঁদের কীভাবে নেয়, সেটাই ছিল উৎকণ্ঠার ব্যাপার।’

ডিল উইথ চেেঞ্জস, শিল্পী: রফিকুল শুভ
ডিল উইথ চেেঞ্জস, শিল্পী: রফিকুল শুভ

শেষ পর্যন্ত অবশ্য ডায়ানার আশঙ্কা সত্যি হয়নি। তিনি বলছিলেন, ‘একটু ভয় তো ছিলই। তবে প্রদর্শনীতে প্রচুর উৎসুক দর্শকের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে তাঁরা প্রদর্শনীটা খুব ভালোভাবে নিয়েছেন। আরেকটা মনে রাখার মতো ব্যাপার এই প্রদর্শনীর শিরোনাম নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি থেকে। আমার মনে হয়েছে এই ১১ জন শিল্পীর সবাই তাঁদের কাজের দিক থেকে দারুণ সাহসী। তাঁরা বড় ঢেউ মোকাবিলা করে সাগর পাড়ি দেওয়ার সাহস রাখেন।’ বলছিলেন ডায়ানা।
৯ সেপ্টেম্বর পর্দা উঠেছে এই প্রদর্শনীর। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
ক্রিনজিনগার প্রজেক্টের এই উদ্যোগে সহায়তা করেছে সামদানী আর্ট ফাউন্ডেশন। উদ্বোধন উপলক্ষে অস্ট্রিয়া গিয়েছিলেন সামদানী আর্ট ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা রাজীব সামদানী। তিনি বলছিলেন, ‘ঢাকা আর্ট সামিট কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। এটা একটা ধারাবাহিকতা। আমি শুরু থেকেই বলেছি আমাদের তরুণেরা বাইরের দুনিয়াকে দারুণ কিছু দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ইউরোপে বাংলাদেশের ১১ জন শিল্পীর একসঙ্গে প্রদর্শনী আমি মনে করি খুবই বড় একটি ঘটনা। আমাদের দেশে সম্ভাবনাময় শিল্পীদের সংখ্যা অনেক। উদ্বোধনী প্রদর্শনীতে প্রচুর মানুষ এসেছে। ভিয়েনার অভিজ্ঞতাটা ছিল সব মিলিয়ে অসাধারণ!’

শিরোনামহীন, শিল্পী: নাবিল রহমান
শিরোনামহীন, শিল্পী: নাবিল রহমান

রাজীব একই সঙ্গে জানালেন এই প্রদর্শনীর খানিক পেছনের গল্পও। ক্রিনজিগার প্রজেক্টের প্রতিষ্ঠাতা উরসুলা ক্রিনজিনগার এসেছিলেন ঢাকায়। এখানে বাংলাদেশি তরুণদের কাজ দেখে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। তারপর তিনি ঢাকা আর্ট সামিটের কিউরেটর ডায়ানা ক্যাম্পবেলকে আমন্ত্রণ জানান ভিয়েনাতে বাংলাদেশি শিল্পীদের নিয়ে একটি প্রদর্শনী করার।

প্রদর্শনীতে বিশেষ কোনো শিল্পকর্ম কি আলাদা করে চোখে পড়েছে? রাজীব অন্য শিল্পীদের কাজের সঙ্গে বিশেষভাবে উল্লেখ করলেন রফিকুল শুভর রুটি দিয়ে গড়া শিল্পকর্মটির কথা।
আর শেষে যোগ করলেন, ‘আমি মনে করি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর বাংলাদেশের ইতিবাচক ইমেজ বিশ্বজুড়ে তুলে ধরতে এ ধরনের আয়োজন খুব জরুরি। আমাদের তরুণদের কাজের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা বিশ্বের মানুষ পাবে।’

রিফ্লেকশন, শিল্পী: ঈশিতা মিত্র
রিফ্লেকশন, শিল্পী: ঈশিতা মিত্র