ইউরোপের উগ্র ডান ঝড়
ইউরোপ কোন পথে এগোবে, বরাবর সে ইঙ্গিত আগেভাগে পাওয়া গেছে সুইডেনের কাছ থেকেই। কয়েক দশক ধরে মুক্তবাণিজ্য ও সামাজিক সংহতি—উভয়ের মিশেলে একটি মিশ্র পদ্ধতির চর্চা করেছে দেশটি। সেটিই এখন ইউরোপের আদর্শ। সুইডিশ রাজনীতির গতিপ্রকৃতি সত্যিই কোনো ইঙ্গিত হলে বলতে হবে, ইউরোপ হয়তো এখন একটি বাঁকের মুখে। গত মাসের নির্বাচনে কট্টর ডানপন্থী দল সুইডেন ডেমোক্র্যাটস প্রায় ছয় শতাংশ ভোট পেয়ে ৩৪৯ আসনের পার্লামেন্টে ২০টি আসন জিতেছে। মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস এবং মধ্য ডানপন্থী ক্ষমতাসীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কট্টর ডানপন্থীরা এখন ক্ষমতার ভরকেন্দ্র নির্ধারণ করবে।এক দশক আগেও ইউরোপে উগ্র ডানপন্থীদের কর্মকাণ্ড রাস্তায় বিক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তারা নির্বাচনে জিতে পার্লামেন্টে ঢুকে পড়ছে। ইউরোপের রাজনীতির প্রধান দুই ধারা ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ডান এবং সোশ্যাল ডেমোক্র্যাটস বামদের মধ্যে উদারপন্থীদের যে ছোট জায়গাটি ছিল, তাও হারিয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অঞ্চল ইউরোপে সাম্প্রতিককালে কোনো রাজনৈতিক দলই উল্লেখযোগ্যসংখ্যক ভোটারের সমর্থন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এমনকি ব্রিটেনেও সরকার গঠনের জন্য অন্যদের সঙ্গে জোট বাঁধতে বাধ্য হয়েছে কনজারভেটিভরা। আর বেলজিয়াম ও নেদারল্যান্ডে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচনের পর মাস পেরিয়ে গেলেও সরকার গঠিত হয়নি।যুদ্ধোত্তর ইউরোপে রাজনৈতিক একতা সৃষ্টিতে একটি বিষয় একইসঙ্গে শত্রু ও মিত্র হিসেবে কাজ করেছে। সাবেক সোভিয়েত মদদপুষ্ট কমিউনিস্টদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এককাট্টা হয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও সোশ্যাল ডেমোক্র্যাটসরা। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন গঠন করে জাতীয়তাবাদ দমনে সহযোগিতা এবং রক্ষণশীল অর্থনীতির পরিবর্তে মুক্তবাণিজ্য চালু করতে ইউরোপের মধ্য ডান ও মধ্য বাম উভয়কেই কাছে টেনেছে মার্কিন যুক্তরাষ্ট্র।মুসলিমদের আগ্রাসী বিদেশি শক্তি হিসেবে চিহ্নিত করা এবং তাদের মোকাবিলা ও দমনের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত এমন কোনো হুমকি সামনে আসেনি, যা পুরো ইউরোপের জন্য প্রযোজ্য। আটলান্টিকের অপর পাড়ের মিত্র যুক্তরাষ্ট্রের কোনো সমস্যাও পুরো ইউরোপকে এক সুতায় বাঁধতে পারেনি। অভিন্ন শত্রু বা সমঝোতার অনুপস্থিতিতে আটলান্টিকের দুই পাড়ের সহযোগিতা গুরুত্ব হারাচ্ছে। এতে করে বদলে যাচ্ছে ইউরোপের রাজনীতিও। সামাজিক রাজনীতির স্থান নিচ্ছে গোষ্ঠীগত রাজনীতি। অভিবাসন, পরমাণু শক্তি, ইউরোপীয় ইউনিয়ন, মুসলিম সম্প্রদায়, বাজার অর্থনীতি বা যুক্তরাষ্ট্রকে শত্রু মনে করে এই গোষ্ঠীগুলো।সুুইডেনের পার্লামেন্ট রিকসডাগে ২০ আসন বাগিয়ে নিতে পেরেছে উগ্র জাতীয়তাবাদী দল সুইডেন ডেমোক্র্যাটস। এরা অভিবাসনবিরোধী এবং চরম মুসলিমবিদ্বেষী। ইউরোপের আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক উনিশ শতকের দর্শননির্ভর নির্বাচনী পদ্ধতিই সেখানে মধ্যপন্থী দলগুলোর জনপ্রিয়তা হ্রাস ত্বরান্বিত করেছে। এই পদ্ধতির কারণেই অপেক্ষাকৃত ছোট দলও পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। পরিসংখ্যান বলছে, ইউরোপে উগ্র ডানপন্থীদের প্রতি ভোটারদের সমর্থনকে এখন আর শুধু দু-একটি নির্দিষ্ট দেশের বিষয় বলে এড়িয়ে যাওয়া যাবে না। ইউরোপের মাটি এখন উগ্র ডানপন্থী রাজনীতির জন্য উর্বর ক্ষেত্র। সাম্প্রতিক নির্বাচনে ফ্রান্সে (ন্যাশনাল ফ্রন্ট) ১১ দশমিক ৯ শতাংশ, ইতালিতে (নর্দার্ন লিগ) ৮ দশমিক ৩ শতাংশ, নেদারল্যান্ডে (ডাচ ফ্রিডম পার্টি) ১৫ দশমিক ৫ শতাংশ, সুইজারল্যান্ডে (সুইস পিপলস পার্টি) ২৮ দশমিক ৯ শতাংশ, হাঙ্গেরিতে (জিব্বক) ১৬ দশমিক ৭ শতাংশ এবং নরওয়েতে (প্রগ্রেস পার্টি) ২২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে উগ্র ডানপন্থীরা। সমাজতন্ত্রের পতনের পর ইউরোপের জন্য সবচেয়ে বড় ধাক্কা দেশে দেশে পার্লামেন্টে উগ্র ডানপন্থীদের ‘হানা’।পর্যবেক্ষকেরা বলছেন, জাতীয় রাজনৈতিক দলগুলোর এভাবে পিছিয়ে পড়ায় ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক লক্ষ্য অর্জনই কঠিন হয়ে পড়ছে। ইউরোপে এই নেতৃত্বের সংকটে আরও একটি সুযোগ পেয়ে যাচ্ছে উগ্র ডানপন্থীরা। অর্থনৈতিক দুরবস্থার ফলে সৃষ্ট উত্তেজনাকে তারা নিজেদের আখের গোছাতে কাজে লাগাচ্ছে। আর সব শেষে নিজের সম্প্রদায় ও জাতীয় পরিচিতি মাথায় রেখে ভোট দেওয়ার প্রবণতা পাল্টে দিচ্ছে ইউরোপীয় রাজনীতির ছবিটা।