ইউরোপের শেষ স্বৈরশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রার্থী ছিলেন আলেক্সি মিখাইলেভিচ। পরদিন সকালেই আরও কয়েকজন প্রার্থীসহ তিনি কারাবন্দী হন। সরকার বলছে, চতুর্থবারের মতো প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিপুল বিজয়ের প্রতিবাদে রাজধানী মিনস্কে বিক্ষোভ করার সময় তাঁরা সহিংসতা ছড়িয়েছেন। ইউরোপের শেষ স্বৈরশাসকের পরিচিতি পাওয়া আলেক্সান্ডার লুকাশেঙ্কো এভাবেই দেশ চালান। যদিও নির্বাচনের আগে দলগুলোর প্রচারণার সময় কিছু গণতান্ত্রিক ছাড় দিয়ে দেশবাসী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চমকে দিয়েছিলেন তিনি। চলতি মাসেই আটক চার নেতাকে বিচারের মুখোমুখি করার কথা। বিচারে তাঁদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।বিরোধী দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা অভিযোগ করেছেন, এবারও কারচুপি করে জিতেছেন লুকাশেঙ্কো। কিন্তু অনেক পর্যবেক্ষক এ প্রশ্নটাও তুলেছেন যে নির্বাচন নিরপেক্ষ হলেও কি জিততেন না তিনি? অনেক সমালোচনা সত্ত্বেও দেশে অনেক লোক তাঁকে পছন্দ করেন। এর বড় কারণ হচ্ছে, জনগণের জন্য সোভিয়েত আমলের ভর্তুকি অব্যাহত রেখেছেন তিনি। বিশ্বমন্দায় দেশের রপ্তানি অনেক কমে গেছে। তারপরও যাতে ছাঁটাই করতে না হয়, সে জন্য কলকারখানা ঠিকই চালু রেখেছেন। ১৯৯৪ সাল থেকে প্রায় একচ্ছত্রভাবে দেশ চালিয়ে আসছেন লুকাশেঙ্কো। নির্বাচনে যাতে অনির্দিষ্টসংখ্যকবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সে জন্য ছয় বছর আগে সংবিধান সংশোধন করেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র গত জানুয়ারির শুরুতে লুকাশেঙ্কো ও আরও শতাধিক কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইইউ-মার্কিন যৌথ অবরোধ লৌহমানব লুকাশেঙ্কোকে পথে আনতে কতটা সক্ষম হয়, সেটাই এখন দেখার।