ইউরোপের সবচেয়ে বিপজ্জনক স্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ছিল চেচনিয়া। বলা হচ্ছে এখন দাগেস্তান প্রজাতন্ত্রই রাশিয়া তথা ইউরোপের মধ্যে সবচেয়ে বিপজ্জনক স্থান। সেখানে প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরিত হচ্ছে। ঘটছে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা। দাগেস্তানের রাজধানী মাখাচকালার সাম্প্রতিক একটি ঘটনা। কালাশনিকভ রাইফেলধারী দুই ব্যক্তি একটি দোকানে ঢুকলেন। সব খদ্দেরকে দোকান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তাঁরা। এরপর এক অস্ত্রধারী দোকানের কাউন্টারে একটি বোমা পেতে টাইমার সেট করে দিলেন। এতই কম সময় সেট করা হয়েছিল যে সব লোক দোকান থেকে বের হতে পারেনি। দুই বন্দুকধারী আগে আগে বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই ঘটল বিস্ফোরণ। এটি ছিল মদ বিক্রি করার ‘শাস্তি’। আর ওই বন্দুকধারীরা কট্টর ইসলামপন্থী। মাখাচকালায় এ ধরনের হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।যেসব দোকানে মদ বিক্রি করা হয়, সেগুলোর মালিককে প্রথমে সতর্ক করে দেয় উগ্রপন্থীরা। সতর্কতা উপেক্ষা করলে দোকানে বোমা হামলা কিংবা গুলি চালানো হয়। অনেক সময় দোকানিরা হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য উগ্রপন্থীদের অর্থও দেন।দাগেস্তানের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের লে. কর্নেল বশির বিবিসির প্রতিবেদককে বলেন, এই যোদ্ধারা নিজেদের অত্যন্ত ধার্মিক হিসেবে উপস্থাপন করতে চান। কিন্তু তাঁদের অনেকেই সন্ত্রাসী মাত্র।মাখাচকালার কেন্দ্রস্থলের প্রায় প্রতিটি কোনায় সশস্ত্র পুলিশ মোতায়েন থাকে। গাড়িতে করে ঘোরার সময় বশির বিবিসির সাংবাদিককে একটি জায়গা দেখিয়ে জানান, সম্প্রতি সেখানে গাড়িবোমা হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশ ও পথচারী মিলে ৬০ জন।পুলিশ কর্মকর্তা বশির বলেন, প্রথম বিস্ফোরণের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে আগের চেয়ে ১২ গুণ বেশি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এটা ছিল ফাঁদ। তারা যত বেশি সম্ভব পুলিশকে ঘটনাস্থলে নিয়ে যেতে চেয়েছিল।দাগেস্তানে এত বেশি তরুণ কেন বিদ্রোহীদের সঙ্গে যোগ দিচ্ছে, তা বোঝার চেষ্টা করছেন বশির। মৌলবাদের ঝুঁকির ব্যাপারে তরুণদের সচেতন করার চেষ্টা করছেন তাঁরা। মাখাচকালা থেকে গাড়িতে তিন ঘণ্টার দূরত্বের গ্রাম সোভিয়েতস্কোয়ি। গ্রামের মসজিদের তরুণ ইমাম সাঈদ গেরেইখানভ জানান, গত মে মাসে মসজিদগামী বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে পুলিশ আটক ও মারধর করে। সাঈদ বলেন, জুমার নামাজের সময় সাদা পোশাকের নিরাপত্তা কর্মকর্তারা মসজিদের ভেতরে ঢুকে সবাইকে বের হওয়ার নির্দেশ দেন। এরপর মুখোশধারী বন্দুকধারীরা সবাইকে ঘিরে ফেলে। মসজিদে যাওয়া ১৫০ জনের সবাইকে পাশের শহরের থানায় নিয়ে যাওয়া হয়। আটকদের মধ্যে ১৫ জন স্কুলছাত্রও ছিল।এ ঘটনার দুই মাস পরে সেখানে আরও মারাত্মক ঘটনা ঘটে। এক রাতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা প্রধান শিক্ষক আখমেদভকে গুলি করে হত্যা করে। আখমেদভের স্ত্রী বলেন, কেন তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে তাঁর কোনো ধারণা নেই।তবে ইমাম সাঈদ বলেন, আখমেদভ তাঁর স্কুলে হিজাব নিষিদ্ধ করেছিলেন। এ কারণে উগ্রপন্থী যোদ্ধারাই হয়তো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাঈদ বলেন, হত্যাকাণ্ডের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় না। দাগেস্তানের জঙ্গিদের মধ্যে যত তাড়াতাড়ি এই উপলব্ধিটি হয়, ততই হয়তো দেশটির মঙ্গল। দাউদ ইসলাম, বিবিসি অবলম্বনে