ডা. তাজকেরা সুলতানা চৌধুরী ছিলেন একজন জেনারেল সার্জন (শল্যবিদ)। ১৫ বছরের অভিজ্ঞতায় ২০১৪ সালে দেশের প্রথম নারী ইউরোলজিস্টের স্বীকৃতি পান। ১৮ কোটি মানুষের এই দেশে ২০১৭ সাল পর্যন্ত তিনিই ছিলেন একমাত্র নারী ইউরোলজিস্ট। গত তিন বছরে বাংলাদেশ আরও দুজন নারী ইউরোলজিস্ট পেয়েছে। তাজকেরা বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাস করা, ভর্তি হওয়া এবং তারপর একজন চিকিৎসক হয়ে ওঠার পেছনে প্রত্যেকেরই কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় থাকে। কোনো কোনো শিক্ষার্থীকে এর পাশাপাশি নানা বাধা মোকাবিলা ও সংগ্রাম চালিয়ে যেতে হয়, যেমনটি করতে হয়েছে তাজকেরা চৌধুরীকে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের প্রথম ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পেলেও সেখানে ভর্তি নিয়ে আশঙ্কায় পড়ে গেলেন। কারণ, মেয়েকে চোখের আড়াল হতে দেবে না পরিবার। অবস্থা বুঝতে পেরে একদিন পাশের বাড়ির টিঅ্যান্ডটি ফোন থেকে বড় মামাকে ফোন করেন তাজকেরা। মামা বয়সে বাবার চেয়ে বড়। তাঁর বিশ্বাস ছিল, মামার কথা বাবা ফেলতে পারবেন না। হলোও তাই। মামা বাবাকে বোঝালেন সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া কঠিন। মেয়েকে ভর্তি করে দাও। ব্যস, কাজ হয়ে গেল।
কোন বিশেষ জেদ তাজকেরাকে ইউরোলজিস্ট হতে আগ্রহী করে তোলে? তাজকেরা জানান, ১৯৯৯ সালে এমবিবিএস শেষ বর্ষের পরীক্ষা শেষে ২১তম বিসিএসের আবেদন করেন। মন দিয়ে প্রস্তুতি নিলেন এবং টিকে গেলেন। তত দিনে তিন বছর পেরিয়ে গেছে। এর মধ্যে ২০০২ সালে তাঁর বিয়ে হয়। ঢাকায় এসে স্নাতকোত্তরের জন্য চেষ্টা করতে লাগলেন। তখন তাজকেরা বারডেম জেনারেল হাসপাতালে আউটডোর মেডিকেল অফিসার (ইউরোলজি) পদে আবেদন করেন। ইন্টারভিউ বোর্ডে সাক্ষাৎকার গ্রহণকারীদের একজন তাজকেরার জীবনবৃত্তান্ত দেখে বললেন, ‘এই পদে তো নারী চিকিৎসক নেওয়া হবে না। কেন আবেদন করেছেন? পুরুষ রোগীরা তো আপনাকে দেখাতে চাইবেন না।’ তাজকেরা পাল্টা প্রশ্ন করলেন, ‘নারী রোগীরা কি পুরুষ ডাক্তার দেখাতে চাইবেন ম্যাডাম?’ ও পাশ থেকে উত্তর এল, ‘আমাদের বেশির ভাগ রোগীর কথা ভেবে সিদ্ধান্ত নিতে হয়।’ তাজকেরা মন খারাপ করে চলে এলেন এবং স্থির করলেন তিনি ইউরোলজিস্টই হবেন।
তাজকেরা মনে করেন, বাংলাদেশে অনেক নারী ইউরোলজিস্ট দরকার। মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই তো নারী। মূত্রনালিসংক্রান্ত জটিলতায় তাঁরা সাধারণত স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান। চিকিৎসকের কাছে সঠিক তথ্যও প্রকাশ করেন না। এতে তাঁরা বেশির ভাগ সময় ভুল চিকিৎসার শিকার হন।
তাজকেরা সুলতানা চৌধুরী বলেন, ‘আমি যখন তৃতীয় বর্ষে পড়ি, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। বাইপাস সার্জারি করার জন্য তাঁকে নিয়ে বিদেশে যাই। সেখানে একটি হাসপাতালে ২৭ দিন থাকতে হয়। ওই ২৭ দিনে রোগীদের সঙ্গে তাঁদের আচরণ, সৌজন্যবোধ ইত্যাদি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তখনই বুঝতে পারি, আর যা–ই হোক, রোগীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে।’
নিজের অর্জিত জ্ঞান দিয়ে সারা দেশের নারীদের সচেতন করে তুলতে চান তাজকেরা। তাঁর মতে, মাতৃত্বজনিত জটিলতা ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে নারীদের প্রস্রাবের নানান সমস্যা দেখা দেয়। জটিলতাগুলো তৈরির কারণ ও তার সমাধানের জন্য নারী চিকিৎসকদের বেশি বেশি প্রশিক্ষণ দেওয়া দরকার। আর তাই তিনি এগুলো নিয়ে বিশেষ কাজ করার চেষ্টা করছেন।