ইউল্যাবে সাংবাদিকতা শেখা
বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। নিজস্ব বিভাগ বিবিএর এ মুহূর্তে ক্লাস নেই। কৌতূহলবশত কনসেপ্ট অব কমিউনিকেশনের ক্লাসে ঢুকে পড়লেন এলিজাবেথ ডি. কস্টা। একটি ক্লাস করেই বিষয়টির প্রেমে পড়ে গেলেন। বুঝতে পারলেন ভুল বিভাগটিতে ঢুকেছেন তিনি। সিদ্ধান্ত নিয়ে নিলেন, বিবিএ নয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেই ভর্তি হবেন। দ্বিতীয় দিনেই বিভাগ বদলের সব কাজ শেষ করে তবেই হাঁফ ছাড়লেন। গল্পচ্ছলে কাহিনিটি জানালেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক পাস করা এলিজাবেথ ডি কস্টা। ‘এ পেশার সৃজনশীল কাজ এবং ধারণায় মুগ্ধ হয়েছিলাম। নিজের চিন্তাকে প্রকাশ করার বিভিন্ন মাধ্যম আছে এখানটায়। শুধু নিজের চিন্তাই নয়, অন্যের কথা, প্রতিবাদ, ভালোবাসা—সবকিছুই ফুটিয়ে তোলা যায় কাজের মাধ্যমেই।’ বলেন তিনি। বর্তমানে তিনি কাজ করছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের অধীনে স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে। এর আগে একই পদে কাজ করে এসেছেন পরিচালক তারেক মাসুদের অধীনে। ছয় বছর। খুব বেশি সময় নয়। কিন্তু এর মধ্যেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগটি নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে। সাততলা ভবনের পুরোটাতেই বেশ দাপটের সঙ্গে রাজত্ব করছে। ভবিষ্যৎ গণমাধ্যমের রূপ এবং বর্তমান মিডিয়ার চর্চা সবকিছুরই ধারণা দেওয়া হয় এ বিভাগটিতে। শুধু বিভাগটি নয়, তৈরি এর ছাত্রছাত্রীরাও নিজেদের সবার সামনে তুলে ধরতে। এ বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম মানতেই হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হলে মাইনর করতে হবে অন্য কোনো বিভাগে। অর্থাৎ বিবিএ, ইংরেজি বিভাগ অথবা কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাঁচটি বিষয়ে পড়তে হবেই। এ কারণেই এ বিশ্ববিদ্যালয়ের নামে লিবারেল শব্দটি যোগ করা হয়েছে। একজন শিক্ষার্থীকে একটি বিষয়ে আবদ্ধ করে না তোলার জন্যই এ পরিকল্পনা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মোট ১২৬ ক্রেডিট সম্পন্ন করতে হবে। পুরো বিভাগটিকে সাংবাদিকতা, ডিজিটাল প্রোডাকশন এবং গণযোগাযোগ—তিনটি ভাগে ভাগ করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের পরিবেশ এবং কাঠামো তুলে ধরা হয়েছে সাংবাদিকতা ভাগটিতে। গ্লোবাল পারসপেকটিভ অব জার্নালিজম, ফটো জার্নালিজম, পলিটিক্যাল জার্নালিজম, স্পোর্টস জার্নালিজম, নিউজ এডিটিংসহ ১০টি বিষয়ের ওপর প্রাধান্য দেওয়া হয় এটিতে। ডিজিটাল প্রোডাকশন। এ ভাগেও ১০টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভিজ্যুয়াল কমিউনিকেশন, টিভি প্রোডাকশন স্কিল, স্ক্রিপ্ট রাইটিং, ডকুমেন্টারি প্রোডাকশন প্রভৃতি ঠাঁই করে নিয়েছে এদিকটাতে। গণযোগাযোগের ভাগটি সাজানো হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়েই। পঞ্চম সেমিস্টারের ফারিবা খাতুন এ ভাগের বিষয়গুলোকে সবচেয়ে আকর্ষণীয় বলেই উল্লেখ করলেন। যদিও তিনি পড়ছেন সাংবাদিকতায়। আমাদের দেশের মেয়েদের এ পেশায় বেশি বেশি করে আসা উচিত। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ মেয়েদের পড়ার প্রতি উৎসাহিত করার জন্যই ২০ শতাংশ ওয়েভার দিচ্ছে। জানালেন বিভাগটির প্রধান এবং অধ্যাপক জুড উইলিয়াম আর জেনিল। তিনি জানান, গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে অবস্থিত পেশাভিত্তিকেরাই শিক্ষকতা করছেন এখানে। এক পেশা অথবা বিষয়ে দক্ষতা অর্জনকারী অন্য বিষয়ে পড়াচ্ছেন না। ইউল্যাব সব সময় তার ছাত্রদের সুবিধার কথা আগে ভেবেছে। এত কম সময়েও তাই গ্যালারি, স্ক্রিনিং কক্ষ, এডিটিং কক্ষ, বিভিন্ন ধরনের ক্যামেরাসহ প্রায়োগিক ব্যবহারের সব উপকরণই এনেছে। খুব শিগগির এখানে ক্যাম্পাস রেডিও চালু করা হবে বলে জুড উইলিয়াম জানান। এ বিভাগের প্রথম ব্যাচের ছাত্র আহমেদ রাকীব। প্রথম সেমিস্টার থেকেই পত্রিকায় কাজ করা শুরু করেছিলেন। বর্তমানে তিনি এটিএন নিউজে স্পোর্টস রিপোর্টার হিসেবে আছেন। ‘অধিকাংশ বিশ্ববিদ্যালয় ব্যবসাকেন্দ্রিক হয়ে ওঠে। ইউল্যাব সেদিক দিয়ে ভিন্নধর্মী। আমরা মানসম্পন্ন পড়াশোনাটাই পেয়েছিলাম এখনটায়। ইউল্যাব তার সামাজিক প্রতিশ্রুতি রাখতে পেরেছে।’ জানালেন আহমেদ রাকীব। এ বিভাগটির সঙ্গে জড়িত তিনটি ক্লাবও আছে। মিডিয়া ক্লাব, ফিল্ম ক্লাব ও ডিজিটাল প্রোডাকশন ক্লাব। বর্তমানে ১৬টি ক্লাব আছে ইউল্যাবে। সবচেয়ে পুরোনো ক্লাবগুলোর মধ্যে মিডিয়া ক্লাব অন্যতম। সদস্যসংখ্যার দিকে তাকালেই এর জনপ্রিয়তা আন্দাজ করা যায়। ক্লাবটির অ্যাডভাইজার এবং সিনিয়র লেকচারার মরিয়ম আখতার জানান, ‘প্রতি সেমিস্টারেই বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করা হয় এ ক্লাবটি থেকে। সংবাদ উপস্থাপনা, বিভিন্ন গণমাধ্যমভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে যাওয়া, নাচ ও গানের অনুষ্ঠান করে আসছে। এ ছাড়া ভিন্নধর্মী সাংস্কৃতিক এবং শিক্ষাসংক্রান্ত বিষয় নিয়েও কাজ করে আসছে। ক্লাবটি গত সেমিস্টারে অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আসে ইউল্যাবে। তাদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বই এবং কাপড় বিতরণ করেছে ক্লাবের সদস্যরা।’গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়তে মোট খরচ লাগবে চার লাখ ৫০ হাজার ৩০০ টাকা।