চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত পাঁচ দিনব্যাপী জেলা দাবা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী ৮ সেপ্টেম্বর এমএ আজিজ স্টেডিয়ামের দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোহাম্মদ ইউসুফ চ্যাম্পিয়ন ও আবু রেজা রানারআপ হন। এ ছাড়া মিন্নাত আলী খান তৃতীয়, মোহাম্মদ মাঈনুদ্দিন চতুর্থ, নাসির হাসান পঞ্চম, বকুল বড়ুয়া ষষ্ঠ স্থান লাভ করেন। প্রতিযোগিতা শুরু হয় ৪ সেপ্টেম্বর থেকে। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে কোয়ালিটি পটেটো ক্র্যাকার্স। এদিকে ‘বেস্ট ওমেন’ পুরস্কার পান নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সামিয়া বিনতে আলম ও ‘বেস্ট বয়’ পুরস্কার জেতেন ইস্পাহানি পাবলিক স্কুলের ছাত্র আদিত্য বড়ুয়া। এবারের প্রতিযোগিতায় অংশ নেন ৮০ জন প্রতিযোগী। প্রতিযোগিতায় প্রথমবারের মতো চারজন প্রতিবন্ধী অংশ নেন। সিজেকেএস নির্বাহী সদস্য ও দাবা কমিটির সম্পাদক জাহেদুল ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি শাহিন আফতাবুর রেজা চৌধুরী, দাবা কমিটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, সিজেকেএস যুগ্ম সম্পাদক শাহাজাদা আলম, নির্বাহী সদস্য আল্লামা মো. ইকবাল, মোহাম্মদ ইউসুফ, অহিদ সিরাজ চৌধুরী, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।