ইএফইএসে খাওয়াদাওয়া
ঢাকার মহাখালী থেকে গুলশান-১-এর দিকে যাওয়ার পথে বাড়ির নম্বরটা ১৩। তিনতলা রেস্তোরাঁর ভেতরে কাঠ আর কাচের কারুকাজ। তবে সাজসজ্জার চেয়ে তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ‘এক্সিলেন্ট ফুড অ্যান্ড এক্সিলেন্ট সার্ভিস’। আর সেখান থেকেই রেস্তোরাঁটির নাম ‘ইএফইএস’। তবে সংক্ষেপে ‘এফেস’ নামটাই চালু হয়ে গেছে। মাথার ওপর স্বচ্ছ ছাদ। হু হু বাতাস। আলো-আঁধারির খেলার সঙ্গে আছে সবুজের ছোঁয়া। ইএফইএস রেস্তোরাঁর ছাদটা এমনই মোহময়। চাইলে খাবার নিয়ে খোলা আকাশের নিচেও বসতে পারেন। সময়টা উপভোগ করতে পারেন নিজের মতো করে।২০০৪ সালের মে মাসে যখন যাত্রা শুরু হয়, তখন ইএফইএস ছিল শতভাগ থাই ক্যুজিন রেস্তোঁরা। শেফরাও সবাই ছিলেন থাইল্যান্ডের। বছর খানেক এভাবে চলার পর রেস্তোরাঁয় শুরু হয় ভারতীয় খাবার। এখন থাই, ভারতীয়—দুই খাবারই চলছে সমানতালে। রেস্তোরাঁটির ধারণক্ষমতা সব মিলিয়ে ৫০০ জনের। পার্টি করতে চাইলে বুকিং নিতে পারবেন পুরোটা। পার্টি ছোট হলেও সমস্যা নেই। প্রতি তলাতেই আলাদাভাবে পার্টি আয়োজনের ব্যবস্থা আছে। সুবিধা হলো, এখানে আলাদা ভাড়া লাগে না। শুধু খাবারের খরচ দিলেই চলে। পুরো রেস্তোরাঁয় আছে নিজস্ব সাউন্ড সিস্টেম। খাওয়ার সময় চাইলে বাজবে আপনার পছন্দ করা গানগুলো। ইএফইএসে বুফে, আলাকার্ট (প্রতিটি খাবার আলাদাভাবে অর্ডার দিতে হয়)—সব ধরনের খাবারের মেন্যুই আছে। থাই ও ভারতীয় মিলিয়ে খাবার আছে প্রায় ৪৫০ রকমের। তবে বুফের ক্ষেত্রে মজাটা অন্য রকমের। সপ্তাহের সাত দিনের প্রতিদিনই আছে আলাদা আলাদা বুফে মেন্যু। বুফে খরচ মাথাপিছু দুপুরে ৪৫০ ও রাতে ৬০০ টাকা। সাধারণত দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকে। তবে পার্টির ক্ষেত্রে সময় এদিক-ওদিক হতে পারে। ইএফইএসের সবচেয়ে বড় সুবিধা হলো, নিজস্ব পার্কিং এরিয়া। অনায়াসেই ৩০-৪০টি গাড়ি পার্ক করা যায় এখানে।