চট্টগ্রামের ইকবাল রোডের বাড়িটি যেন ছিল শিশুস্বর্গ। বাড়িতে একপাল ছেলেমেয়ে। সারাক্ষণ হইচই লেগেই থাকত। কাউকে কোনো বিষয়ে শাসন করার প্রয়োজনই পড়ত না। সবাই দুষ্টুমিতে যেমন তেমনি পড়ালেখায়ও মেধাবী ছিল। এই বাড়িতেই বেড়ে উঠেছেন খ্যাতনামা নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়।প্রতিভাবান এই নৃত্যশিল্পী এ দেশের নাচকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। গড়ে তুলেছেন দক্ষ একদল অনুসারীও। দেশ-বিদেশের নানা আসরে শর্মিলা ও তাঁর দল দেশের প্রতিনিধিত্ব করেন। শিল্পের প্রতি অনুরাগের বীজটা সেই শৈশবেই রোপিত হয়েছিল তাঁর মনে। চট্টগ্রামের পাথরঘাটার ইকবাল রোডের বাড়ির সেই দিনগুলো ছিল ভীষণ অনুপ্রেরণার।শর্মিলার বাবা চিত্তরঞ্জন দাশ ছিলেন সেকালের জাঁদরেল আইনবিদ (উকিল)। বাবা-মা দুজনেই ছিলেন সংস্কৃতিমনা। তাই সন্তানদের কঠোর শাসনের মধ্যে না রেখে নিজের মতো বড় হতে দিয়েছেন তাঁরা। ছেলেবেলার দুষ্টুমিভরা দিনগুলো সব সময়ই মনে পড়ে শর্মিলার। সে দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘উদয় শংকর, গৌর শংকর, উমা শংকর, রবি শংকর, কৌশিক শংকর, শিব শংকর, শীলা, শ্বাশতী, জয়শ্রী, নীলা, ফাল্গুনি, দোলনসহ ভাইবোনদের বিশাল একটা দল ছিলাম আমরা। মামাবাড়ির ছেলেমেয়েরাও এসে যোগ দিত আমাদের দলে। সবাই মিলে ক্রিকেট, ফুটবল খেলতাম। ছেলে আর মেয়েতে কোনো ভেদাভেদ ছিল না। বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা হতো নিজেদের মধ্যে। দেশ-কাল-ঠিকানা নামে একটি খেলা বেশি খেলতাম আমরা। দুপুরের আড্ডাটা ছিল বেশ মজার। বড় ভাই উদয় শংকরের রুমে বসে পূজার সময় বের হওয়া গ্রামোফোনগুলো একে একে শুনতাম। এই কারণে বাইরের পৃথিবীর প্রতি তখন থেকে একটা আলাদা টান তৈরি হয়।’রাতে খাওয়াদাওয়ার পরও খেলাধুলা হতো অনেক সময়। বাড়ির পাশের সেন্টপ্লাসিডস স্কুলের মাঠে খেলতে যেতেন দল বেঁধে। বাড়ির তিনতলার ছাদে একটা ঘর ছিল। সে ঘরে বাড়ির ছেলেমেয়েরা সবাই একসঙ্গে পড়তে বসত। ওই ঘরে পড়ার পাশাপাশি আড্ডাও চলত। পড়ার সময়টা তাই আনন্দের মধ্যেই কেটেছে।সে সময় আধুনিক গান খুব শোনা হতো। বিশেষ করে ভারতীয় শিল্পীদের। নবম, দশম শ্রেণীতে পড়ার সময় সকালবেলা আকাশবাণী কলকাতা রেডিওতে বিশ্বজিৎ চট্টপাধ্যায়ের গান হতো। রাত সাড়ে ১০টায় হতো নাটক। শর্মিলারা সব ভাই-বোন মিলে শুয়ে শুয়ে নাটক শুনতেন। কলকাতার অনেক বিখ্যাত অভিনেতার সংলাপ মুখস্থ হয়েগিয়েছিল তাঁদের। আর এভাবেই কান ও মন তৈরি হয়েছে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের। পূজার সময় সব ভাই-বোন মিলে একই রঙের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে দৃশ্যটা এখনো চোখে ভাসে শর্মিলার। রাউজানের গ্রামের বাড়িতে পূজা হতো। সবাই মিলে আনন্দ করে বাড়ি যাওয়াটা ছিল অসাধারণ আনন্দের। গ্রামের বাড়িতে খুব আড্ডা হতো মেয়েদের সঙ্গে। দশমীর দিন বাড়ি থেকে ফিরে রাতে শহরের স্টেডিয়াম পাড়ায় তাইওয়া চায়নিজ রেস্তোরাঁয় খেতে যেতেন তাঁরা। পড়েছেন চট্টগ্রামের বিখ্যাত কমার্স কলেজে। কলেজ জীবনের রঙিন স্মৃতি এখনো তরতাজা। পাশের একটা চায়নিজ রেস্তোরাঁয় বন্ধুরা মিলে আড্ডা দিতেন। বন্ধুদের মধ্যে ছিলেন জুঁই, হাসিনা, নাসিদা, শুভ্রা, দিলরুবারা। খেলাধুলা, সিনেমা, প্রেম-ভালোবাসা ছিল আড্ডার বিষয়। কলেজ থেকে প্রায়ই সিনেমা দেখতে যেতেন। রাজ্জাক-কবরীর এমন কোনো সিনেমা নেই যেটা শর্মিলা দেখেননি। তিন বোন মিলে সিনেমা প্যালেসে ছবি দেখতেন। গাড়ি করে চট্টগ্রাম শহরে ঘুরে বেড়ানোর কথাও ভোলার নয়। নাচ শিখতেন চট্টগ্রামের সংগীত পরিষদে। সেখানে আড্ডাও হতো। মেহের নিগার, কমল নিগার, বানু, মঞ্জুলা বড়ুয়া নাচতেন তাঁর সঙ্গে। পরিবারের অনুকূল মনোভাব না থাকলে তাঁর নৃত্যশিল্পী হওয়া অসম্ভব ছিল বলে মনে করেন শর্মিলা।