ইকোপার্কের নতুন রূপ দেখতে ছুটছেন পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের ইকোপার্কে এখন নতুন চেহারা। সংস্কার করা হয়েছে চলাচলের পথ। পর্যটকেরা ঘুরছেন স্বাচ্ছন্দ্যে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
সীতাকুণ্ডের ইকোপার্কে এখন নতুন চেহারা। সংস্কার করা হয়েছে চলাচলের পথ। পর্যটকেরা ঘুরছেন স্বাচ্ছন্দ্যে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের নতুন রূপ দেখতে ছুটে আসছেন পর্যটকেরা। পার্কের ফটকের পর থেকে সহস্রধারা ও সুপ্তধারা ঝরনা পর্যন্ত সড়ক সংস্কার করা হয়েছে। রং দিয়ে সাজানো হয়েছে সড়কের পাশে লাগানো সারি সারি গাছ। পাহাড়ে ওঠা পথের ধারে পর্যটকদের বসার জন্য নতুন করে তৈরি করা হয়েছে আরসিসি ছাতা। রঙের প্রলেপ লেগেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যে।
২৫ এপ্রিল ইকোপার্কে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। ২০১৩-২০১৪ অর্থবছরে একটি প্রকল্পের আওতায় পার্কটির নতুন চেহারা দিয়েছে কর্তৃপক্ষ। লাগানো হয়েছে হরেক রকমের ফুল গাছ। পার্কের অর্কিড হাউসেও নতুন অর্কিড লাগানো হয়েছে। ফটকের পাশে বাড়ানো হয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তার পাশে কৃত্রিম হ্রদ ও শিশুদের বিনোদনের জন্য পার্ক তৈরি করা হয়েছে। বৃদ্ধ ও চলাফেরায় অক্ষম ব্যক্তিদের সহস্রধারা ঝরনা পর্যন্ত গাড়ি দিয়ে ওঠার ব্যবস্থাও করা হয়েছে। আধুনিকায়নের ছাপ দেখা গেছে পার্কের মডেল মানচিত্রেও। জানতে চাইলে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক চট্টগ্রাম রেঞ্জের পরিচালক নীলা দত্ত বলেন, ইকোপার্কে সংস্কার কার্যক্রম শেষ করার পর গত বছর থেকেই পর্যটকের সংখ্যাও বাড়ছে। শীতকালে প্রায় প্রতিদিনই এখন প্রচুর পর্যটক আসেন। তবে এখন গরমের কারণে ছুটির দিনগুলো ছাড়া অন্যান্য দিনে পর্যটক কিছুটা কম থাকেন।
পার্কের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পার্কের সহস্রধারা পর্যন্ত পার্ক কর্তৃপক্ষ ও ইজারাদারদের লোকজন থাকেন। ওই পর্যন্ত পর্যটকদের নিরাপত্তার কোনো সমস্যা নেই। তার ওপরের অংশের পাহাড়সারি পার্কের বাইরে পড়েছে। তাই পর্যটকদের সেখানে যেতে তাঁরা নিরুৎসাহিত করেন।

নানা অনুষঙ্গ দিয়ে তৈরি করা হয়েছে শিশুদের খেলার স্থান
নানা অনুষঙ্গ দিয়ে তৈরি করা হয়েছে শিশুদের খেলার স্থান

পার্কের সংস্কারকাজ হয়েছে ইকোপার্কের পূর্ববর্তী পরিচালক আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজের অধীনে। প্রথম আলোকে তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরের ‘বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্পের’ আওতায় ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পার্কটির সংস্কার করা হয়েছে। পার্ক এলাকায় বিভিন্ন বিলুপ্ত হতে যাওয়া প্রজাতির গাছ, ঔষধি গাছ, সৌন্দর্যবর্ধক গাছসহ নানা জাতের ১ লাখ ৩০ হাজার গাছ লাগানো হয়েছে। এর বাইরে অবকাঠামো উন্নয়নকাজও হয়েছে।
আবু নাছের বলেন, ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার একর পাহাড়ি ভূমি নিয়ে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে সম্প্রতি শেষ হওয়া সংস্কার প্রকল্পটিই সবচেয়ে ব্যয়বহুল ও বড় আকারের।
পার্কে বেড়াতে এসেছিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে এখানে বেড়াতে এসে খুব ভালো লাগছে। ইকোপার্কে আগেও এসেছি। কিন্তু এখন আগের চেয়ে অনেক সুন্দর আর গোছানো মনে হচ্ছে।’
ইকোপার্কের অন্যতম ইজারাদার মো. সোহেল প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ইকোপার্ক এলাকায় এখন ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। কারণ তাঁদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রয়েছে। পর্যটকদের পার্ক এলাকায় নিরাপত্তা দেওয়া তাদের কর্তব্য।’