ইগ নোবেল ২০১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেসে ভাবুন
আগে হাসুন, তারপর ভাবুন—এটা হলো ইগ নোবেলের পরামর্শ! এই পুরস্কারকে নোবেল পুরস্কারের প্যারোডি বলতে পারেন। নোবেলের মতোই বিজ্ঞান, গবেষণা, চিকিৎসা, শান্তি ও সাহিত্যের মতো নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য ইগ নোবেল দেওয়া হয়। তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, আবিষ্কারগুলো দেখে বা সেগুলোর বর্ণনা শুনে যেন হাসি পায়। অ্যানালস অব ইমপ্রোবাবল রিসার্চ নামের এক পত্রিকা এর আয়োজক। প্রতিবছর ১০টি বিভাগে ইগ নোবেল দেওয়া হচ্ছে ১৯৯১ সাল থেকে। গত ১৮ সেপ্টেম্বর আয়োজিত ইগ নোবেলের ২৪তম আসর বসেছিল বরাবরের মতোই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্যান্ডার্স থিয়েটারে।

কলার খোসায় পিছলে পড়ার রহস্য
কলার খোসায় পিছলে পড়ার রহস্য

পদার্থবিদ্যা
কলার খোসায় পিছলে পড়ার রহস্য
পথেঘাটে কলার খোসায় পিছলে পড়ার অভিজ্ঞতা থাকলে তো কোনো কথাই নেই। না থাকলে এমন ঘটনা চাক্ষুষ করেছেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কখনো ভেবে দেখেছেন কি, আমরা কেন কলার খোসায় পিছলে পড়ি? এমনই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছেন জাপানের চার গবেষক। কলার খোসার ওপর পা পড়লে দুই ধরনের বল তৈরি হয়—ঘর্ষণজনিত বল ও উল্লম্ব বল। জুতার তলা ও কলার খোসার ঘর্ষণজনিত গুণাঙ্কের মাত্রা দশমিক শূন্য সাত। অণুবীক্ষণযন্ত্র দিয়ে গবেষকেরা দেখেছেন, কলার খোসার পলিস্যাকারাইড ফলিকুলার নামের জেলজাতীয় পদার্থের কারণেই মানুষের পা পিছলে যায়! গবেষকদের কেউ কখনো কলার খোসায় পা পিছলে পড়েছিলেন কি না, তা জানা যায়নি।

চিকিৎসাবিদ্যা
রক্ত পড়া রোধে মাংস
ভারত ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে এবারের পুরস্কার জয় করেছেন। থ্রোম্বাস্টথেনিয়া নামের জটিল এক রোগ নিয়ে গবেষণা করছেন ভারত ও যুক্তরাষ্ট্রের চার গবেষক। রোগটির কারণে নাক দিয়ে অনবরত রক্ত পড়ে এবং খুব সহজে বন্ধ করা প্রায় অসম্ভব। এমন ভোগান্তি কমাতে ফালি করে কাটা শূকরের মাংসের টুকরো দিয়ে রক্ত বন্ধ করার নতুন পথ খুঁজে পেয়েছেন গবেষকেরা।

কুকুরের ভূগোলজ্ঞান
কুকুরের ভূগোলজ্ঞান

জীববিজ্ঞান
কুকুরের ভূগোলজ্ঞান
দুই বছরের বেশি সময় ৭০টি কুকুর নিয়ে গবেষণা করেছেন চেক রিপাবলিক, জার্মানি ও জাম্বিয়ার ১২ জন বিজ্ঞানী! তাঁদের কাছে তথ্য আছে, কুকুর মলমূত্র ত্যাগের সময় তাদের দেহকে পৃথিবীর ভূচৌম্বকক্ষেত্রের উত্তর-দক্ষিণ অক্ষ বরাবর রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে! গবেষকরা ৭০টি কুকুরের ১৮৯৩ বার মলত্যাগ ও ৫৫৮২ বার মূত্রত্যাগ থেকে এই তথ্য আবিষ্কার করলেন।

অর্থনীতি
জাতীয় উন্নয়নে চোরাচালানের অবদান
অর্থনীতি বিভাগে এবার ইগ নোবেল গেছে ইতালির ভাগ্যে। অনেক দিন ধরেই ইউরোপীয় ইউনিয়ন ইতালিকে জাতীয় অর্থনীতি বড় করার চাপ দিয়ে আসছে। কিন্তু মন্দ কপাল, ২০১৩ সালে ইউরোপের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্তের তকমা পেয়েছে ইতালি। দেশটির বার্ষিক জিডিপি বৃদ্ধিতে সরকারের চেয়ে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করে মাফিয়ারা! বেশ কয়েক বছর ধরেই ইতালিতে অবৈধ পথে মাদক বিক্রি, চোরাচালান ও বেআইনি সব ধরনের ব্যক্তিগত অর্থনৈতিক লেনদেন থেকে রাজস্ব ও কর সংগ্রহ করে আসছে দেশটির ন্যাশনাল ইনিস্টিটিউট অব স্ট্যাটিসটিকস। ইতালির রাষ্ট্রীয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনার জন্য প্রতিষ্ঠানটিকে দেওয়া হয়েছে অর্থনীতিতে ইগ নোবেল।

পুরস্কারটি গ্রহণের জন্য ইতালি থেকে এই রাষ্ট্রীয়ভাবে কাউকে পাঠানো হয়নি।

স্নায়ুবিজ্ঞান
নিউরনে অনুরণন
এক টুকরো টোস্ট বিস্কুটের ওপর যিশুখ্রিস্টের ছবি এঁকে কারও চোখের সামনে রাখা হলো। দর্শকের মস্তিষ্কের নিউরনে কেমন অনুরণন হবে, সেটাই বের করেছেন চীন ও কানাডার ছয় গবেষক।

রাতজাগা মানুষ ভয়ংকর
রাতজাগা মানুষ ভয়ংকর

মনোবিদ্যা
রাতজাগা মানুষ ভয়ংকর
রাতজাগা মানুষদের জন্য অস্বস্তিকর কিছু তথ্য দিয়েছেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের তিন গবেষক। ২৬৩ জনের ওপর গবেষণা করে জানা গেছে, বেশি রাতজাগা মানুষেরা গড়পড়তা বেশি আত্মপ্রশংসা করেন। এ ছাড়া অন্যরা নাকি খুব সহজেই তাদের নিয়ন্ত্রণ করতে পারে। তিন গবেষকের সর্বশেষ তথ্যটি ভয়ংকর! রাতজাগা মানুষেরা নাকি সকালে আগে ঘুম থেকে ওঠা মানুষদের থেকে বেশি সাইকোপ্যাথেটিক হন!
দিনে জাগা মানুষ তো সবচেয়ে বেশি ভয়ংকর কাজ করে!

এবারের আসরে
এবারের আসরে

এবারের আসরে
এবারের অনুষ্ঠানের মূল ভাবনা ছিল খাদ্য। পুরস্কার প্রদান অনুষ্ঠানের ওপর পৃথিবীর অনেক দেশের গোয়েন্দাদের নজরদারির সুবিধা করে দিয়েছিল কর্তৃপক্ষ! এর জন্য ছিল বিশেষ ভিডিও স্ট্রিমিংয়ের ব্যবস্থা! মূলত মজার ও হাস্যকর আবিষ্কার, উদ্ভাবন ও গবেষণার ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্যই এই ‘ব্যঙ্গ নোবেল’। এবারের আয়োজনে এসেছিলেন সত্যিকারের নোবেল বিজয়ী বিজ্ঞানীরা। তাঁদের মধ্যে ছিলেন ক্যারল গ্রেইডার (চিকিৎসাবিজ্ঞান, ২০০৯), এরিক মাসকিন (অর্থনীতি, ২০০৭), রিচ রবার্টস (চিকিৎসাবিজ্ঞান, ১৯৯৩) ও ফ্র্যাঙ্ক উইল্কজেক (পদার্থ, ২০০৪)।

পুষ্টি
পুষ্টি

পুষ্টি
মল থেকে সসেজের পুষ্টি
ঠিকভাবে কাজে লাগালে পাঁচ স্প্যানিশ গবেষকের আবিষ্কার ইউরোপের রন্ধন–ইতিহাসই বদলে দিতে পারে! এই গবেষকেরা প্রমাণ করেছেন, শিশুদের মল থেকে সংগৃহীত ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া সসেজের পুষ্টি বাড়াতে দারুণ উপযোগী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসতে না পেরে এক ভিডিওবার্তায় নিজেদের যুগান্তকারী আবিষ্কার মানবকল্যাণে ব্যাপকভাবে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন ওই পাঁচ বিজ্ঞানী।
গবেষকেরা শিশুদের মল থেকে ১০৯ ধরনের ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া খুঁজে বের করেছেন!

পোষা বিড়াল হইতে সাবধান!
পোষা বিড়াল হইতে সাবধান!

জনস্বাস্থ্য
পোষা বিড়াল হইতে সাবধান!
চার দেশের ছয় গবেষক ১৬ বছর ধরে ঘাঁটাঘাঁটি করে দেখেছেন, পোষা বিড়ালের কারণে নারীরা টোক্সোপ্লাসমোসিস নামের পরজীবীতে আক্রান্ত হন। এছাড়া বিড়ালের কামড় খাওয়া ৭৫০ জনের মধ্যে ৪১ দশমিক ৩ শতাংশ মানুষই নাকি হতাশায় ভোগে। আর যাদের বিড়াল আছে তাদের সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাকি দ্বিগুণ!

বাজে চিত্রকর্মে বেশি ব্যথা
বাজে চিত্রকর্মে বেশি ব্যথা

চারুকলা
বাজে চিত্রকর্মে বেশি ব্যথা
আপনার সামনে খুব বিখ্যাত ও নিচু দরের দুটি পেইন্টিং রাখা হলো। এমন সময় যদি আপনার হাতে শক্তিশালী লেজার রশ্মি দিয়ে আঘাত করা হয়, তাহলে কী হবে? ইতালির বারি বিশ্ববিদ্যালয়ের তিন গবেষক প্রমাণ করেছেন, নিচু দরের চিত্রকর্মটি দেখে আপনি তুলনামূলক বেশি ব্যথা পাবেন! শিল্পকর্মের নান্দনিকতা দেখলে মানুষের ব্যথা কম অনুভূত হয়। অতএব, ব্যথার জন্য আর বাম নয়, উঁচু দরের চিত্রকর্ম দেখুন!
তথ্যসূত্র: ইগ নোবেল ও সায়েন্টিফিক আমেরিকান ওয়েবসাইট