ইঙ্গ-ফরাসি সহায়তার নতুন যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২ নভেম্বর ৫০ বছর মেয়াদি একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সামরিক দিক থেকে অন্যতম দুই বিশ্বশক্তি যুক্তরাজ্য ও ফ্রান্স। আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মোট সামরিক ব্যয়ের প্রায় অর্ধেকই করে শুধু যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশ দুটির মোট সেনাসংখ্যা তাবৎ ইইউভুক্ত দেশগুলোর অর্ধেক। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সামরিক বাজেট যুক্তরাজ্যের আর চতুর্থ সর্বোচ্চ ফ্রান্সের। দুই দেশের এই চুক্তি তাই নানা মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি নিজ নিজ পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় পরমাণু অস্ত্রের জন্য যৌথ পরীক্ষা ও উন্নয়নকেন্দ্র স্থাপন এবং যৌথ অভিযানের জন্য সামরিক বাহিনী গঠন করা হবে। বিশেষ করে প্রথম বিষয়টি খুবই ব্যয়বহুল। সামরিক সরঞ্জাম ও উপকরণ ভাগাভাগির আরও বেশ ব্যবস্থা রাখা হচ্ছে। এ জন্য বলা হচ্ছে, ইঙ্গ-ফরাসি চুক্তি দুই দেশের প্রতিরক্ষা বাজেট কমিয়ে আনতে বিশেষভাবে সহায়ক হবে। যৌথ সংবাদ সম্মেলনে ডেভিড ক্যামেরন বলেছেন, এই চুক্তির ফলে বেশ কিছু সামরিক ব্যয় বাদ দিয়েও যুক্তরাজ্যের সার্বভৌমত্ব শক্তিশালী হবে। এটি যুক্তরাজ্যের স্বাধীন ভূমিকা পালনে বাধা হয়ে দাঁড়াবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যুক্তরাজ্য ও ফ্রান্স স্বাধীনভাবে নিজের স্বার্থে যেকোনো সময় সেনাবাহিনী মোতায়েন করতে পারবে। এই দুটি দেশ একসঙ্গে কাজ করলে আমাদের শুধু যৌথ সামরিক সামর্থ্য বাড়বে তা নয়, পৃথকভাবেও এই সামর্থ্য অনেক বেড়ে যাবে। এর ফলে আমরা যৌথ বা একক—দুভাবেই অনেক কিছু করতে পারব।’চুক্তির প্রশংসা করে নিকোলা সারকোজি বলেন, এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত। এই চুক্তি দুই দেশের মধ্যে সহযোগিতা ও আস্থার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।সব সময় প্যারিস ও লন্ডনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে ছিলেন মন্তব্য করে সারকোজি বলেন, ‘রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে এটা আমার অঙ্গীকার ছিল।...সার্বভৌমত্ব মানে নিঃসঙ্গ থাকা নয়। বরং নিঃসঙ্গ থাকলেই কোনো দেশের পক্ষে সার্বভৌমত্ব ধরে রাখা কঠিন হয়ে পড়ে।’নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য ও ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে বিমানবাহী রণতরী ভাগাভাগি করে ব্যবহার করবে। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, যৌথভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষার লক্ষ্যে উত্তর ফ্রান্সের ভালডুক এলাকায় একটি কেন্দ্র স্থাপন করা হবে। ২০১৪ সালে ওই কেন্দ্র চালু করা হবে। এর মাধ্যমে দুই দেশের বিজ্ঞানীরা নিজেদের পরমাণু অস্ত্রের সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ গবেষণাকেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রের সঙ্গে মিলে কাজ করবে ফ্রান্সের ভালডুক কেন্দ্র। দুই গবেষণাকেন্দ্র মিলে উভয় দেশের কয়েক ডজন বিশেষজ্ঞ কাজ করবেন। দেশ দুটি আগামী ১০ বছর চালকবিহীন বিমান ও সাবমেরিন প্রযুক্তি নিয়েও একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে।এদিকে যৌথ সামরিক বাহিনীতে যুক্তরাজ্য ও ফ্রান্সের মোট ১০ হাজার সেনাসদস্য থাকবে। ২০১১ সালে এই বাহিনী একসঙ্গে অনুশীলন শুরু করবে।যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা চুক্তি অবশ্য নতুন নয়। ১৯৯৮ সালে সেন্ট ম্যালো ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট। পরে বিভিন্ন কারণে বিশেষ করে ইরাক যুদ্ধের ব্যাপারে দুই দেশের ভিন্ন অবস্থানের কারণে ওই ঘোষণার বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হয়।‘ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস’-এর এতিয়েঁ দ ডুরান্ড যুক্তরাজ্য ও ফ্রান্সের পারস্পরিক অবিশ্বাসকে ‘সুয়েজ প্যারাডাইম’ বলে অভিহিত করেন। ১৯৫৬ সালের পর ফ্রান্স স্বতন্ত্র কৌশল অবলম্বন করতে থাকলে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতি অবাধ আনুগত্য থেকে যুক্তরাজ্য কতটা লাভবান হবে, সে বিষয়ে ডেভিড ক্যামেরনের সরকার অনেক বেশি বাস্তববাদী। এদিকে নিকোলা সারকোজির নেতৃত্বে ফ্রান্স ২০০৯ সালে সামরিক জোট ন্যাটোর নির্বাহী ভূমিকায় ফিরে আসে। এর মধ্য দিয়ে ফ্রান্স-যুক্তরাজ্য পারস্পরিক সহযোগিতার পথ সুগম হয়। এর আগে ২০০৮ সালে দেশ দুটি তাদের জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করে। সেখানে নিরাপত্তার ক্ষেত্রে তাদের একই ধরনের ভাবনা লক্ষ করা যায়, যা উভয়কে কাছাকাছি নিয়ে আসে। সূত্র: বিবিসি, গার্ডিয়ান।