ইঙ্গিত ছোট মানেটা বড়
গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয়ে বসের সঙ্গে আপনার কথা হচ্ছে। বস আপনার কথা মনোযোগ দিয়েই শুনছেন। আপনার কী একটা কথা শুনে তিনি হঠাৎ হেসে ফেললেন। এই হাসির মানে কী? দুই রকম মানে হতে পারে। তবে আপনাকে খেয়াল করতে হবে, বসের মুখের হাসি কতক্ষণে ঠোঁট থেকে উবে গেল। যদি হাসিটা ‘সত্য হাসি’ হয়, তাহলে সেটা স্বাভাবিকভাবে মিলিয়ে যাবে। কিন্তু যদি দেখেন বসের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল, বুঝতে হবে বস আপনার কথায় একমত হতে পারেননি। তাঁর হাসিটা ছিল মেকি। বসের এ রকম ছোট একটা ইঙ্গিতও পরিবেশভেদে অনেক বড় মানে তৈরি করতে পারে। তাই পেশাজীবনে এগিয়ে যেতে বা টিকে থাকতে হলে সেই মানেটা সঠিকভাবে বুঝতে পারা জরুরি। টিকতে হলে বুঝতে হবেযোগ্যতমই টিকে থাকে—ডারউইনের এই বাক্য শুধু বিবর্তনের বেলায় নয়, স্কুল-কলেজ, অফিস-আদালত সব ক্ষেত্রেই বাস্তব। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে চাকরি পাওয়াই শেষ কথা নয়, চাকরি টিকিয়ে রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য উত্তরোত্তর কাজের দক্ষতা বজায় রাখা ও বাড়ানো দরকার। এর পাশাপাশি বুঝতে হয় বসের ছোটখাটো ইশারা-ইঙ্গিতের অর্থও। ধরুন, বস আপনাকে দেখে মুখটা পাশ ফেরালেন। কী তার মানে? অথবা ধরুন, আপনার প্রশ্নের উত্তরে হ্যাঁ-না কিছুই না বলে ঠোঁটটা বাঁকালেন। এরই বা কী অর্থ? তাই চাকরিতে টিকতে হলে বসের শরীরী ভাষা (বডি ল্যাঙ্গুয়েজ), ইশারা-ইঙ্গিতের সঠিক মানে বুঝতে হবে। বসের ইশারা-বাক্যঅনেক কথা থাকে, যেগুলো মুখে প্রকাশ করা যায় না। কিন্তু তথ্য বা বার্তাটি ওই সময়েই প্রকাশ করা দরকার। তখন আমরা ইশারা-ইঙ্গিতের আশ্রয় নিই। অফিসেও এটা লক্ষণীয়। বিশেষ করে অফিসের বসকে এ রকম করতে দেখা যায়। ছোটখাটো ইঙ্গিত দিয়ে বস কর্মীর কাজে তাঁর ভালো লাগা না-লাগা, ক্ষোভ-রাগ বা আশা-প্রত্যাশা প্রকাশ করে থাকেন। সেসব ইশারা যেসব কর্মী যত দ্রুত আবেগিক বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারেন, কাজে টিকে থাকা তাঁদের জন্য ততটাই সহজ হয়। শুধু দ্রুত বুঝলেই হবে না, ইঙ্গিতের অর্থ সঠিকভাবে ধরতে হবে। তা না হলে হিতে বিপরীত ঘটতে পারে। কীভাবে বুঝবেন বসের ইঙ্গিতের আসল অর্থ?চাই আপনার আবেগিক বুদ্ধিমত্তাটিকে থাকার লক্ষ্যেই মানুষে মানুষে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক শক্ত ও মজবুত রাখতে দরকার বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা বলতে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, তড়িঘড়ি সমস্যার কারণ কিংবা সমাধান বের করা, আগে অর্জিত জ্ঞানের সঠিক প্রয়োগে পারদর্শিতা ইত্যাদি। তবে মানুষে-মানুষে আন্তঃসম্পর্কে এ রকম বুদ্ধিমত্তার প্রভাব মাত্র ২০ শতাংশ। ৮০ শতাংশই নির্ভর করে ব্যক্তির আবেগিক বুদ্ধিমত্তার ওপর। আবেগিক বুদ্ধিমত্তা হলো পরিবর্তিত ও প্রতিকূল পরিবেশেও অন্যের আবেগ-অনুভূতি-আচরণ ও ইশারা-ইঙ্গিতের অর্থ বোঝা ও পরিস্থিতি মানিয়ে চলা এবং যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করার আত্মবিশ্বাস থাকা। আবার নিজের ওপর আস্থা রাখা, নিজের অনুভূতি, চিন্তা ও বিশ্বাস প্রকাশ করতে পারাও আবেগিক বুদ্ধিমত্তার মধ্যে পড়ে। এই আবেগিক বুদ্ধিমত্তা যার যত বেশি, কর্মক্ষেত্রে টিকে থাকার সম্ভাবনা তাঁর তত বেশি। কোন ইঙ্গিতের কী মানেকণ্ঠস্বরের বদল: স্বাভাবিক অবস্থায় মানুষ যখন কথা বলে তখন তাঁর কণ্ঠে কোনো ধরনের জড়তা থাকে না। বরং খুব সাবলীল ভাষায় কথা বলে। কিন্তু হঠাৎ লক্ষ করলেন, বসের কণ্ঠ কিছুটা ধীর বা জড়িয়ে গেল। হয়তো সন্দেহজনক বা নতুন কিছুু একটা কাণ্ড ঘটেছে বা ঘটতে যাচ্ছে। সে ক্ষেত্রে কী করবেন? প্রথমত, পরিবর্তিত পরিস্থিতি সামলানোর জন্য সতর্ক হওয়ায় ভালো।মনে হচ্ছে আনমনা: অফিসে বসের দরজা হয়ে হেঁটে যাচ্ছিলেন। দেখলেন বস চেয়ারে হেলান দিয়ে বসে আছেন, দুই হাত মাথার পেছনে, টেবিলে এক পা তোলা।বসের এই ভঙ্গির মানে কী? বস বিশ্রাম নিচ্ছেন? কিংবা তিনি আনমনা বা অমনোযোগী? আসলে ‘আমি সবার চেয়ে আলাদা আর শ্রেষ্ঠ’ তিনি এমনটাই বোঝাতে চাইছেন। ডেস্কের ওপর পা রেখে ‘আমি বস, আমি ক্ষমতাধর’ তাই বোঝাতে চাইছেন। বসের এ রকম অনেক আচরণ আপাতদৃষ্টিতে স্বাভাবিক, সহজ, আনমনা মনে হতে পারে। আসলে কিন্তু ওই সব ভঙ্গির আড়ালে ওই বসের শ্রেষ্ঠত্ব, ক্ষমতা, আগ্রাসন ইত্যাদি লুকিয়ে থাকতে পারে। কথায় ও ইশারায় গরমিল: অনেক সময় এমনও হতে পারে, বস যা বলছেন ঠিক তার উল্টোটাই দেহভাষা দিয়ে ইঙ্গিত দিচ্ছেন। যেমন ধরুন, বস বলছেন, ‘হ্যাঁ, আপনার কাজটা ভালোই হয়েছে।’ না, এটাকে একেবারে সাদাসিধে বাক্য ভাবলে চলবে না। যদি বস কথাটা স্বাভাবিক স্বরে বলেন তাহলে ঠিক আছে। কিন্তু কথাটা বলতে গিয়ে যদি তুলনামূলক একটু বেশিই সময় নেন, তাহলে বুঝতে হবে হয়তো বস আপনার কাজে সম্পূর্ণ খুশি হতে পারেননি। সে ক্ষেত্রে নিজের ওপরই বিশ্বাস রাখা ভালো। ইশারায়ও তিনি বস: বসের দরজায় গিয়ে বললেন, ‘স্যার, আসতে পারি?’ হ্যাঁ-না, কোনো জবাবই পেলেন না। বস আপনার দিকে তাকালেনও না। কয়েকবার প্রশ্ন করেও কোনো কথা শুনতে পেলেন না। বসের এই না শোনার ভানের কী মানে? এমন হতে পারে, আপনার বসের ক্ষমতা আপনার চেয়ে অবশ্যই বেশি—এ কথা আপনি ভুলে গেছেন, আপনার কোনো আচরণে বস হয়তো এমনটা ভাবছেন। কিন্তু মুখে বলতে পারছেন না, ‘আমি আপনার বস।’ অথচ কথাটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া জরুরি। তাই ওভাবে আপনার কথায় কান দিচ্ছেন না।হঠাৎ বদলে গেলবসের আচরণঅফিসের যিনি বস, তাঁর জীবনটা অনেক সহজ—এমন মনে করার কোনো কারণ নেই। তাঁর চ্যালেঞ্জ অনেক বেশি। তাঁর ওপর অনেক চাপ। জীবনটা অনেক সময় তাঁর ভালো কাটে না। নানান কারণে তাঁর মনমেজাজের পরিবর্তন হতে পারে। মনে রাগ থাকতে পারে। কখনো কখনো সে রাগ প্রকাশও হয়ে যায়। আবার এমনও হতে পারে, আপনার মুখের সামনেই তিনি রাগী আচরণটা করলেন। তখন সে অফিসের কর্মী হিসেবে আপনার করণীয় কী? বসকে বোঝার বিষয়টি নিয়ে বলেছেন মানবসম্পদ ব্যবস্থাপনা ও পরামর্শক প্রতিষ্ঠান গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী ও মুখ্য পরামর্শক এম জুলফিকার হোসেন। তাঁর মতে— বসের আচরণ হঠাৎ করে বদল হতেই পারে। সবকিছু ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়। প্রথমত, ‘এটা আমার জন্যই ঘটেছে’ এমনটি না ভাবা। এমন সময় আরও বিনয়ী হতে হবে। ভেঙে পড়ার কিছু নেই, নিজের কাজ সময়মতো সুসম্পন্ন করায় মনোযোগী হতে হবে। তার পরও এমনও হতে পারে, সহকর্মীরা বলাবলি করছে যে বসের রাগের কারণ আপনিই। তাহলে বিচলিত না হয়ে বসের কাছে গিয়ে তাঁর কাছ থেকে সব কথা শুনতে হবে। কথোপকথনকালে তাঁর কথার পিঠে কথা না বলে সমস্যা বা ভুলটা ভালোভাবে বুঝতে হবে। যদি সত্যিই আপনার ভুল হয়ে থাকে, তাহলে সাহস হারাবেন না। দোষটা স্বীকার করুন। তারপর আত্মবিশ্বাসের সঙ্গে বসকে গিয়ে বলুন যে আপনি ভুল বুঝতে পেরেছেন এবং আপনি পরবর্তীকালে সফলভাবে কাজটা সমাধান করতে পারবেন। তবে অনেক সময় চাকরি ছেড়ে দিতে ইচ্ছে হতে পারে। সেক্ষেত্রে তাৎক্ষণিক নয়, সুস্থ মাথায় পরিকল্পনা করে তবেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেয়া উচিত। পড়তে পারেন বইকীভাবে বসের ইশারা বুঝবেন, এর ওপর অনেক লেখকই বই লিখেছেন। বাসায় বা অফিসে আপনার ডেস্কে সেসব বই থেকে কিছু কিনে সংগ্রহে রাখতে পারেন। সময় পেলেই বইগুলো পড়লে দেখবেন অনেক কিছুই জানতে পারছেন। এ রকম একটি বই দ্য ডেফিনেটিভ বুক অব বডি ল্যাঙ্গুয়েজ। বইটি লিখেছেন অ্যালান পিজ ও বারবারা পিজ। পড়তে পারেন জিরার্ড আই নিরেনবার্গ ও হেনরি এইচ ক্যালেরোর লেখা হাউ টু রিড এ পার্সন লাইক এ বুক বইটিও।তথ্যসূত্র: ক্যারিয়ার জার্নাল ডট কম